বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
১১:০৩ পি.এম
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) জার্নাল অব ল-এর ৭ম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন।
জার্নালটির ৭ম ভলিউমের সংখ্যায় আইন ও সংশ্লিষ্ট বিষয়ে মোট ৭টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জার্নালটির প্রধান সম্পাদক ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন এবং আইন অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় জার্নালের সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্য এবং আইন অনুষদভুক্ত বিভাগগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর দূষণ বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ বৃহস্পতিবার, রাজধানীর আগারগাঁওতে অনুষ্ঠিত পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকার চারপাশের বুড়িগঙ্গা ও তুরাগ নদী এবং নদী-সংযুক্ত খালসমূহে পতিত শিল্প, পয়ঃ ও অন্যান্য বর্জ্যজনিত দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা, শিল্পপ্রতিষ্ঠান ও অংশীজনদের সমন্বয়ে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী উল্লেখ করেন, ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করতে শিল্প মালিকদের সহযোগিতা অপরিহার্য। কারখানার দূষিত পানি খাল বা নদীতে পতিত না হতে দেয়ার জন্য ইটিপি স্থাপন করা প্রয়োজন। দেশে সম্পদ সৃষ্টি করা ব্যবসায়ীদের দায়িত্ব, পাশাপাশি পরিবেশ দূষণের বিষয়টিও গুরুত্বসহকারে নিতে হবে। তিনি আরো বলেন, সমন্বিতভাবে কোনো কাজ করা না হলে তা টেকসই হয় না।
দেশের শীর্ষ শিল্প মালিক সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও এফবিসিসিআই-র প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জবাবে উল্লেখ করেন, কেন্দ্রীয়ভাবে ইটিপি করার বিষয়টি বিবেচনা করা হবে এবং অন্যায়ভাবে ব্যবসায়ীদের হয়রানি হলে সেটি মেনে নেওয়া হবে না। ইটিপিতে ব্যবহৃত কেমিক্যাল আমদানিতে শুল্ক কমানোর বিষয়েও তারা পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো বুড়িগঙ্গাকে টেমস নদীতে রূপান্তর করা। যদি সবাই একসাথে মিলিত হয়ে কাজ করেন, তবে বুড়িগঙ্গা, তুরাগ বা শীতলক্ষ্যাকে লন্ডনের টেমস নদীর মতো গড়ে তোলার লক্ষ্যে সফল হওয়া সম্ভব। সেজন্য বুড়িগঙ্গার পানি দূষণমুক্ত করার পাশাপাশি তুরাগের উজানের নদী দূষণ রোধে কাজ করা হবে।
তিনি আরও জানান, গাবতলী ও আশুলিয়ায় নদীর ওপর ঝুলন্ত ব্রিজ তৈরি করা হবে এবং পর্যটকদের বিনোদনের জন্য জাহাজ পরিচালনা করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী সভায় ‘বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন রূপরেখা’ উপস্থাপন করে। এতে জানানো হয়, বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী মুখ্য সচিবের নেতৃত্বে একটি কেন্দ্রীয় সেল গঠনের নির্দেশনা প্রদান করেছেন।
সভায় উল্লেখ করা হয়, বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে মোট ২২৪টি বর্জ্য নিঃসরণের উৎসমুখ চিহ্নিত হয়েছে। এর মধ্যে বুড়িগঙ্গায় ১৬৬টি এবং তুরাগে ৫৮টি উৎসমুখ রয়েছে, যা বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, ঢাকা ওয়াসা, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট।
সভায় শিল্পবর্জ্যের উৎসভিত্তিক তালিকা তৈরি, শিল্পপ্রতিষ্ঠানে কার্যকর ইটিপি স্থাপন ও পরিচালনা নিশ্চিত করা, অনুমোদনহীন ড্রেন শনাক্ত ও বন্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তাই খাল ও ড্রেন থেকে বর্জ্য অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার ওপরও বেশি গুরুত্ব দেওয়া হয়। খাল ও ড্রেনেজের পাশে প্রয়োজনীয় অনুযায়ী এসটিপি, ইটিপি ও ওয়েস্ট টু এনার্জি প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণের বিষয়টিও কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্পবর্জ্যসহ সকল বর্জ্যের উৎসমুখ বন্ধ, খাল ও ড্রেনের বর্জ্য অপসারণ, পানির প্রবাহ নিশ্চিতকরণ এবং নদীর তলদেশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, রাজউকের চেয়ারম্যান (সচিব) ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন অনুবিভাগের অতিরিক্ত সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (রুটিন দায়িত্ব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, শিল্পমালিকদের সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ-এর নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, বিভিন্ন দপ্তর-সংস্থার প্রতিনিধি, পরিবেশ সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা ও লুটপাটের সুযোগে পালিয়ে যাওয়া দুই সাজাপ্রাপ্ত আসামিকে প্রায় দুই বছর পর গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুইজন আসামিকে শ্যামনগর উপজেলার দুটি পৃথক এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে শ্যামনগর থানা-পুলিশের দুটি পৃথক দল বিশেষ অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ৯টার সময় শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে গ্রেফতার করা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দুজনেই সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে এসে নিজ নিজ এলাকায় নাম পরিচয় গোপন করে আত্মগোপনে ছিলেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, গ্রেফতারকৃত আসামিরা দুজনই চেক ডিজঅনার মামলার আসামি। পালানোর সময় আদালত তাঁদের সাজা ঘোষণা করেন। এর মধ্যে মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের কারাদণ্ড পেয়েছেন এবং রফিকুল ইসলাম গাজী অন্য একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বৃহস্পতিবার বিচারিক আদালতে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ মিয়া (৪০)কে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় র্যাব একটি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নাহিদ মিয়া সদরের মাজারপাড়া এলাকার মৃত দুলাল মিয়ার পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১-এর একটি আভিযানিক দল শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের সময় সদর মডেল থানার ২০১৭ সালের একটি মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, সদর মডেল থানার মামলা নম্বর-৪৭, তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ এবং জিআর (সাজাপ্রাপ্ত) মামলা নম্বর-৬৪৫/১৭-এর আসামী নাহিদ। উল্লেখ্য, মামলাটি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ৯(খ)-এর অধীনে দায়ের করা হয়েছিল।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাহিদ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এ বিষয়ে আরও জানান যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের যমজ বোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তারা পৃথক দুটি বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করেছে।
যমজ দুই বোনের একজনের নাম নাহিয়ান এবং অপর বোনের নাম তাসনুবা। তাদের এই ফলাফলে পরিবারের সবাই খুশি। তাদের বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী ব্যবসায়ী এবং মা নিগার পিংকি গৃহিণী। নাহিয়ান তাসনিম চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এবং তাসনুবা নুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
নাহিয়ান তাসনিম বলেন, "আমরা দুই বোন সবসময় মা-বাবার কথা মেনে চলেছি। পড়ালেখার প্রয়োজন ছাড়া তেমন একটা বাইরে যেতাম না।"
অপরদিকে এ সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের অবদানের বিষয়টি উল্লেখ করে তাসনুবা নুর বলেন, "বাবা-মা যেভাবে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে, জন্যই ভালো ফল করতে পেরেছি। বিশেষ করে মা এখনো আমাদের মোবাইল কিনে দেননি। ফুফু একটি ট্যাব দিয়েছিলেন, সেটিও আম্মু আলমারিতে রেখে দিয়েছেন। এতে পড়াশোনায় মনোযোগ দিতে পেরেছি।"
দুই বোনের ইচ্ছা ভবিষ্যতে প্রকৌশলী হওয়া। তাদের মা নিগার পিংকি জানান, তিনি সব সময় মেয়েদের পাশে থেকে সাহস ও উৎসাহ জুগিয়েছেন। দুজনকে নিয়ে সব সময় চিন্তায় থাকতেন, যেন দুজনই ভালো ফল করে। এ কারণে তাদের হাতে কখনো মোবাইল ফোন দেননি।
দুই মেয়ের সাফল্যের পেছনে প্রথমত শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকা বলে মন্তব্য করেন তাদের বাবা আবুল বারাকাত। এরপর তাদের মায়ের অবদান। দুজনকে পৃথক স্কুলে আনা-নেওয়া ও পড়াশোনায় কিছুটা কষ্ট হয়েছে। তবে ভালো ফলাফলে সেই কষ্ট সার্থক হয়েছে। তারা শহরের খ্যাতনামা রাজনীতিবিদ মরহুম লুৎফর রহমান পাটওয়ারীর নাতনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ