০৬:৪৬ পি.এম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরের হাট-বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, ব্রেডসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে।
জেলা বিএসটিআই সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-কে উপেক্ষা করে এক শ্রেণির বেকারি মালিক দাউদনগর বাজার রেলগেট, দাউদনগর বাজার, রেলওয়ে পার্কিং এলাকা, ড্রাইভার বাজার, পুরানবাজারসহ বিভিন্ন স্থানে দোকান বসিয়ে অবাধে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অনেক বেকারি মালিক দোকানের ভেতরেই মেকিং মেশিন বসিয়ে পণ্য উৎপাদন করছেন। আবার কেউ কেউ পৌরসভার বিভিন্ন মহল্লা ও পৌরসভার নিকটবর্তী এলাকায় কারখানা বসিয়ে উৎপাদিত পণ্য ভ্যান গাড়িতে করে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, হাট-বাজার, চায়ের দোকান, স্টেশনারি ও মুদি দোকান এবং পাড়া-মহল্লায় বিক্রি করছেন।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে গণশৌচাগারের কমোডে নবজাতক, হ-ত্যা-চেষ্টার অভিযোগ
সরেজমিনে দেখা যায়, এসব কারখানায় বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আটা, ময়দা, চিনি, ডিম, ডালডা, সোডা, তেল, রং ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছে। উৎপাদিত খাবার ট্রেতে সাজিয়ে রাখার সময় ঝাঁকে ঝাঁকে মাছি ভনভন করতে দেখা গেছে।
মান নিয়ন্ত্রণহীন এসব পণ্য খেয়ে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। মেয়াদোত্তীর্ণ, পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগও রয়েছে। বেকারি পণ্য খেয়ে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে কোমলমতি শিশুরা পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
খাদ্য নীতিমালা অনুযায়ী, বিএসটিআই ও জেলা স্বাস্থ্য বিভাগের অনুমোদন নিয়ে বেকারি চালু করার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। প্যাকেটের গায়ে বাধ্যতামূলকভাবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। মাঝে মধ্যে হাট-বাজারে লোক দেখানো ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হলেও সঠিকভাবে তদারকি নেই বলে অভিযোগ স্থানীয়দের।
এ ব্যাপারে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করে অনুমোদনহীন বেকারি বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল
আরও পড়ুন: শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করা হয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন