০৬:১৩ পি.এম
ভোলার চরফ্যাশন উপজেলার ৩নং চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদে জেলেদের চালের স্লিপ ও তালিকা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. অহিদুর রহমানকে হেনস্তা ও মারধরের চেষ্টার অভিযোগও উঠেছে। গত শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। একপক্ষ মারধরের চেষ্টা, মোবাইল ফোন ছুড়ে ফেলা ও হুমকির অভিযোগ তুলেছে, অন্যদিকে অভিযুক্তরা প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসহযোগিতার পাল্টা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান দাবি করেছেন, সরকারি বিশেষ কার্যক্রম ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের সুবিধার্থে জন্মনিবন্ধন ও জেলেদের তালিকা সংক্রান্ত কাজের জন্য ছুটির দিনেও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ার অনুরোধে তিনি কার্যালয়ে যান। কাজ চলাকালে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী এবং আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন শিকদারের ভাই মো. আল আমিনসহ ১০-১৫ জন কার্যালয়ে প্রবেশ করে জেলেদের চালের স্লিপ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানান।
অহিদুর রহমান বলেন, "জেলেদের চালের তালিকা ও স্লিপ বিতরণসংক্রান্ত বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে সম্পন্ন হয়েছে—এ বিষয়ে আমি কিছু জানেন না এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলি।"
আরও পড়ুন: আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
তার অভিযোগ, এই কথার পর তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদারের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল হাতে নিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে যান এবং আল আমিন সিকদারও মারধরের চেষ্টা করেন। এ সময় জাকির মিয়াজি নামে এক ব্যক্তি তার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। পাশাপাশি দাবি অনুযায়ী স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় ফাঁসিয়ে দেওয়া এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়লে উপস্থিত কয়েকজন তাকে সান্ত্বনা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানোর পরামর্শ দেন।
তবে মারধর, মোবাইল ফোন ছুড়ে ফেলা ও হুমকির অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী। তিনি বলেন, "তাকে ফোন দিলে ফোন ধরে না এবং বিভিন্ন পোলাপান নিয়ে ইউনিয়ন পরিষদে সে আড্ডা দেয়। এর আগের বার তিনবারের ভিতরে দুইবার চাল বিতরণ করেছে, আরেকবার এটা কী করছে—আমরা কিছুই জানি না। সে প্রতিনিয়ত অনিয়ম করে চলছে, কতজনের চাল এসেছে একেক রকম তথ্য দিচ্ছে। এজন্য তার সাথে আমার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। আমি সেখান থেকে চলে আসি।"
অভিযোগের বিষয়ে ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আল আমিন সিকদার বলেন, "ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, নির্দিষ্ট সময়ও অফিস করে না; এতে জনগণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়। জেলেদের কার্ড বিতরণের ব্যাপারে আমরা তার সাথে আলোচনা করতে গেলে আমাদের সাথে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে, আর কিছু নয়।"
সার্বিক বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, "মাদ্রাজ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান বিষয়টি আমাকে জানিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চাল তো ওই এলাকার জেলেরাই পাবে, সচিব তো নিজের বাড়িতে নেবে না।"
আরও পড়ুন: পীরগঞ্জে কাঁচা রাস্তায় বৃষ্টিতে কাদার সৃষ্টি, জনদুর্ভোগ চরম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন