নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
০২:৫৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র সরকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রুশ বংশোদ্ভূত বিজ্ঞানী কসেনিয়া পেত্রোভার বিরুদ্ধে ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বোস্টনের রাষ্ট্রপক্ষের কেন্দ্রীয় আইনজীবী আদালতে এ-সংক্রান্ত আবেদন দাখিল করেন। পেত্রোভা এর আগে অভিযোগ করেন যে, ট্রাম্প প্রশাসন তাকে রাজনৈতিক উদ্দেশ্যে বেছে নিয়ে হয়রানিমূলক মামলা করেছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্স সফর শেষে বোস্টন বিমানবন্দরে পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তাকে আটক করেন। এই সময় তার ভিসা বাতিল করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগে ব্যাঙের ভ্রূণের নমুনা পাওয়ার পর শুল্ক বিভাগকে তা ঘোষণা না করার অভিযোগে মামলা করা হয়।
পেত্রোভা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তা গবেষণার কাজে ব্যবহারের জন্য তাকে নমুনাগুলো নিয়ে আসতে বলেছিলেন। ২০২৫ সালের জুনে জামিনে মুক্তি পাওয়ার আগে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
এদিকে, গত এপ্রিলে ভারমন্টের একটি কেন্দ্রীয় আদালত তার ভিসা বাতিলের সিদ্ধান্তকে বেআইনি বলে রায় দেন। পরে বোস্টনের আরেকটি আদালত সরকারি নথি পাওয়ার বিষয়ে তার আবেদনের পক্ষে সিদ্ধান্ত দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পেত্রোভার হয়রানিমূলকভাবে বিচারের মুখোমুখি হওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তবে আদালতের নির্দেশের পর মামলাটি চালিয়ে গেলে গুরুত্বপূর্ণ সরকারি কাজে ব্যাঘাত ঘটতে পারে বলে তারা উল্লেখ করেন।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার অধিবাসীদের জন্য পাইপলাইনের মাধ্যমে আবাসিক বা বাণিজ্যিক গ্যাস সংযোগ পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে প্রবল প্রত্যাশা বিদ্যমান।
সেনবাগ ও কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন কূপ থেকে গ্যাস উৎপাদন শুরু হলেও কবিরহাটবাসীরা এখনও জানেন না, কবে তাদের বাসাবাড়িতে গ্যাস সরবরাহ শুরু হবে, কারণ সরকারি পর্যায়ে এ বিষয়ে সাম্প্রতিক কোনো চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়নি।
জেলার প্রধান পাইপলাইন নেটওয়ার্ক মাইজদী পর্যন্ত বিস্তৃত থাকলেও কবিরহাটে স্থানীয় নেটওয়ার্ক সম্প্রসারণ না হওয়ার কারণে এখানকার বাসিন্দাদের বছরের পর বছর সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদ ও বাপেক্সের উদ্যোগে সেনবাগ উপজেলার 'সুন্দলপুর-৪' কূপে প্রতিদিন ৫০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া কোম্পানীগঞ্জের 'সুন্দলপুর সাউথ-১' কূপে নতুন করে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
যদিও এসব গ্যাস সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, কবিরহাটের মতো এলাকায় নতুন আবাসিক সংযোগ প্রদানের বিষয়ে পেট্রোবাংলা বা স্থানীয় গ্যাস কর্তৃপক্ষের কাছ থেকে স্পষ্ট কোনো দিকনির্দেশনা এখনও পাওয়া যায়নি।
কবিরহাটবাসীরা দাবি করেছেন, "পার্শ্ববর্তী উপজেলার গ্যাস জাতীয় গ্রীডে যুক্ত হয়, কিন্তু আমরা পাই না। সরকারের কাছে আমাদের আবেদন, অতিদ্রুত যেন গ্যাস সংযোগ কবিরহাটে দেয়া হয়।"
কবিরহাটে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এ বিষয়ে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল মন্তব্য করেছেন, "পার্শ্ববর্তী উপজেলায় নতুন করে গ্যাসের কূপের সন্ধান পাওয়া গেছে, আমরা আমাদের এমপি মহোদয়ের সাথে আলোচনা করবো যাতে করে কবিরহাটে দ্রুত গ্যাস সংযোগ দেয়া হয়।"
অন্যদিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেছেন, "ব্যারিস্টার মওদুদ আহমদ বেঁচে থাকলে এতদিনে কবিরহাটে গ্যাস সংযোগ হয়ে যেত। আমাদের উপজেলা বিএনপির নেতাদের সাথে কয়েকবার বৈঠক হয়েছে।"
তিনি আরও বলেন, "কিন্তু একটি মহল এটার বিরোধিতা করে, আজও আমরা গ্যাস সংযোগ পায়নি। তবে আমরা আবারো এমপি মহোদয়ের সাথে কথা বলবো যেন অতিদ্রুত কবিরহাটে গ্যাস সংযোগ দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মন্তব্য করেছেন, তার দলের ব্যাপক বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমেরিকানরা পরিবর্তন চায়।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে ওবামা উল্লেখ করেছেন, "আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে।" তিনি বলেন, জনগণ এমন রাজনীতি প্রত্যাশা করে যা মানুষকে বিভক্ত করার পরিবর্তে একত্রিত করে, এবং এমন নেতাদের প্রয়োজন যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।
মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন।
তিনি আরও বলেন, "এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।"
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে পেছনে ফেলে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এর ফলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর কঠিন হয়ে উঠতে যাচ্ছে ডেমোক্র্যাটদের এই জয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রয় কুপার রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) সাবেক চেয়ারম্যান মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন।
মঙ্গলবারের এই বিজয়ের ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে কুপার তার দলের জন্য একটি গুরুত্বপূর্ণ আসন নিশ্চিত করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানায়।
দক্ষিণাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের বিদায়ী গভর্নর কুপার এখন রিপাবলিকান সিনেটর থম টিলিসের স্থলাভিষিক্ত হবেন।
অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া টিলিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কড়া সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন।
এনবিসি নিউজ ও এবিসি নিউজ নির্বাচনে কুপারকে বিজয়ী ঘোষণা করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ