১২:৪০ পি.এম
মিসরের পুলিশ একটি ডাকাত চক্রকে চিহ্নিত করেছে, যারা চলন্ত একটি রেফ্রিজারেটেড ট্রাক থেকে ‘ফিল্মি স্টাইলে’ ১০৫ কেজির বেশি হিমায়িত মুরগি চুরি করেছে। এই ঘটনায় ছয় সদস্যের ডাকাত দলের তিন সদস্য বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কায়রোর একটি মহাসড়কে এই অদ্ভুত চুরির ঘটনা ঘটে। একটি প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে প্রায় চার টন হিমায়িত মুরগি নিয়ে ট্রাকটি গন্তব্যে যাচ্ছিল। চলন্ত অবস্থায় ডাকাত দলটি দ্রুতগতির ট্রাকটিকে লক্ষ্যবস্তু বানায়।
এক গাড়িচালকের ধারণ করা ভিডিওতে পুরো ঘটনার ভীতিকর দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ডাকাত দল একটি পিকআপ ভ্যান নিয়ে দ্রুতগতির রেফ্রিজারেটেড ট্রাকের পাশে চলে আসে। এক পর্যায়ে পিকআপের ওপর দাঁড়িয়ে ডাকাতরা মূল ট্রাকের পেছনের দরজার লকার খুলে একের পর এক মুরগির বাক্স সরাতে থাকে।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নেটিজেনরা ঘটনাটিকে বিখ্যাত হলিউড ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর দৃশ্য বলে মন্তব্য করেন।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে। ট্রাকচালক পুলিশকে জানান, তিনি গতিপথে পেছনের তাণ্ডব সম্পর্কে কিছুই টের পাননি। গন্তব্যে পৌঁছে গণনার পর তিনি জানতে পারেন প্রায় ১০৫ কেজি হিমায়িত মুরগি গায়েব হয়ে গেছে।
মন্ত্রণালয় জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পূর্বে অপরাধের রেকর্ড থাকা ছয় সদস্যের একটি সঙ্ঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। নিরাপত্তা বাহিনী পরবর্তীতে কায়রো ও কালিউবিয়া এলাকার গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানের সময় অপরাধীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে পাল্টা জবাবে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ঘটনাস্থলেই তিন সন্দেহভাজন নিহত হয় এবং বাকি তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যান, অগ্নেয়াস্ত্র এবং চুরি হওয়া মালামালের একাংশ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও পুলিশের ওপর হামলার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন