০৯:০৪ পি.এম
রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে। এই দিবসটি উপলক্ষে নগরীতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় মিছিল বের করতে শুরু করেন। সকাল পৌনে ১১টার দিকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশাল জশনে জুলুশ বের করা হয়। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জশনে জুলুশ চলাকালে কোরআন তিলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত পরিবেশন করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ শরিফ পাঠের পাশাপাশি বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সকাল ৯টায়ও তালাবদ্ধ চিকিৎসকের কক্ষ, রোগীরা চরম ভোগান্তিতে
নগরীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ নানা যানবাহনে করে জশনে জুলুশে যোগদান করেন। পরে বেলা ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার আলোকে নিজেদের জীবন পরিচালনার আহ্বান জানান।
সমাবেশ শেষে দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জশনে জুলুশটি হযরত শাহ মখদুম রূপোশ (র.)-এর দরগাহর দিকে চলে যায়।
এদিকে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নগরীর কারাগার, এতিমখানা, হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।
এছাড়া নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কোরআন ও সূরা পাঠ, হামদ-নাতসহ নানা ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নগরজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবলীগের মিছিলে পুলিশের ৪ সদস্যকে শাস্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন