ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আজ তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


আজ তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করবেন। এই উদ্বোধনটি সকাল ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে করবেন প্রধানমন্ত্রী।

এই তিনটি গ্রাম হলো—রাঙামাটি কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনা দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। বর্তমান সরকার দেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের অধীনে এ প্রকল্পটি গ্রহণ করেছে।

এসডিজির ১৭টি লক্ষ্যের আলোকে গ্রামে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা থাকবে এই প্রকল্পে। এ ধরনের সুযোগ পাওয়ার জন্য রাঙামাটির মিতিঙ্গাছড়ির গ্রামবাসী উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

এসডিজি গ্রাম সম্পর্কে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, ‘এটি একটি আদর্শ গ্রামীণ সমাজব্যবস্থা, যেখানে জাতিসংঘের নির্ধারিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা বৈশ্বিক লক্ষ্যগুলো স্থানীয় পর্যায়ে পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে গ্রামীণ জীবনের মানোন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং সর্বাঙ্গীণ উন্নয়নের একটি স্থায়ী মডেল দাঁড় করানো হবে।’

তিনি আরো জানান, পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মাতৃ ও শিশু মৃত্যু হ্রাস এবং মানসম্মত শিক্ষা বিস্তার, নতুন কর্মসংস্থান তৈরি, কুটিরশিল্প ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি খাতের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বনায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা তৈরি, গ্রামের প্রতিটি মানুষের দোরগোড়ায় ডিজিটাল সেবা ও তথ্য-প্রযুক্তির সুযোগ পৌঁছে দেওয়া হবে।

এসবের মাধ্যমে একটি গ্রামের সব নাগরিক আধুনিক প্রযুক্তিসম্পন্ন দক্ষ, স্বাস্থ্যসম্মত এবং সুনাগরিক মানুষ হিসেবে গড়ে উঠবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, ‘এটি সমগ্র কাপ্তাইবাসীর জন্য গৌরবের বিষয়। ১০ আগস্ট কাপ্তাইয়ের জাতীয় জীবনে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। প্রান্তিক জনসংখ্যার উন্নয়ন এবং গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এসডিজি প্রকল্পের আওতায় মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত করায় আমরা আনন্দিত।’

প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে পরিকল্পনা কমিশনের প্রকল্প সমন্বয়ক মো. মঞ্জুরুল হক জানান, স্থানীয় প্রতিটি সমস্যা চিহ্নিত করে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।

সরকারের সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত করে এটিকে একটি আদর্শ এসডিজি ভিলেজ হিসেবে গড়ে তোলা হবে, যা পরবর্তী সময়ে সারা দেশের গ্রামগুলোর জন্য টেকসই উন্নয়নের অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে।

গ্রামবাসী জানান, রাস্তাঘাট তাড়াতাড়ি পরিবর্তন হলে তো আমাদের জন্য ভালো হবে। রাস্তাঘাট হয়ে গেলে, যদি ছোটখাটো একটি স্কুল হয় এলাকায়, তাহলে আরো উন্নয়ন হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয় জনপ্রতিনিধি।

সাধারণ অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ পরিকল্পনা বিভাগের এই পাইলট প্রকল্পটি সফল হলে সারা দেশসহ বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেবে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ এম


ইরান নিয়ে ‘নিম্নমাত্রার’ কৌশলে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার স্থানীয় সময় ইরানের বিষয়ে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র এখন ‘নিম্নমাত্রার’ কৌশল অবলম্বন করেছে। এ ব্যাপারে অ্যাক্সিওস জানাচ্ছে যে, আপাতত নতুন করে সামরিক অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই।

অ্যাক্সিওস ট্রাম্পকে উদ্ধৃত করে বলেছে, 'আমরা বিষয়টি এখন খুব নিচু মাত্রায় রাখছি।' ট্রাম্প আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শুধু 'আংশিকভাবে আলোচনা' করছে। একই সঙ্গে তিনি ইরানের খারাপ হতে থাকা অর্থনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। তিনি বলেন, 'আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। ইরানে মূল্যস্ফীতি অনেক বেশি। তাদের কাছে কোনো টাকা নেই। আমরা শুধু সেটাই দেখছি।'

ট্রাম্প বলেন, অর্থনৈতিক দিক থেকে ইরান 'খুব খারাপ অবস্থায়' রয়েছে। তিনি দাবি করেছেন যে, পারস্য উপসাগরীয় দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তিনি আরো উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানি সরকারের অর্থনৈতিক সংকটকে আরো তীব্র করেছে। তবে ট্রাম্প বলেন, তেলের দাম কমে যাওয়ায় আমেরিকার সাধারণ মানুষের ওপর এই সংঘাতের কল্যাণে প্রভাব কমেছে। প্রতি ব্যারেল তেলের দাম এখন ৭৫ মার্কিন ডলারের কিছু বেশি।

ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, 'সব ঠিক হয়ে যাবে। সব সময়ই ঠিক হয়ে যায়। এটা দাবা খেলার মতো।' অ্যাক্সিওস এরকম তথ্য দিয়েছে। হরমুজ প্রণালি বিভিন্ন ঘটনার কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনও বজায় রয়েছে। হরমুজ প্রণালি বিশ্বে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর একটি। ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরান, ওমান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা থেমে আছে। এই আলোচনার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিকে আবার খুলে দেওয়া।

ইরান নতুন কিছু শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের কাছে থাকা মার্কিন সেনাদের পেছনে সরিয়ে নেওয়া। এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে জরুরি ভিত্তিতে অস্ত্র উৎপাদন বাড়াতে এবং সরবরাহ দ্রুত করতে নির্দেশ দিয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে গুরুতর গোলাবারুদ তৈরি নিয়ে ঘাটতি দেখা দিতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষাপটে এই নির্দেশনা দেয়া হয়েছে। একটি স্মারকের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।

প্রতিরক্ষা উপমন্ত্রী স্টিভ ফেইনবার্গ বুধবার শিল্প খাতের নেতাদের বলেছিলেন, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময়সূচি উল্লেখযোগ্যভাবে দ্রুত ও আরো জোরালো করার পরিকল্পনা জমা দিতে তাদের সর্বোচ্চ ২১ দিন সময় দেওয়া হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনও আলোচনা করছে না। তিনি জানান যে, শুধুমাত্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে। আরাগচি বলেন, 'আলোচনার পথ তৈরি করার জন্য চেষ্টা চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে শিগগিরই আরও এক গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি মেটা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


যুক্তরাষ্ট্রে শিগগিরই আরও এক গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি মেটা

মেটা ইতোমধ্যে দুইটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝা মাথায় নিয়ে এবার শিশুদের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যের করা আরেকটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হতে যাচ্ছে। খবরটি আমরা পেয়েছি বার্তা সংস্থা এএফপি’র কাছ থেকে। যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে চলমান অসংখ্য আইনি মামলার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ফেডারেল মামলা। এই মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে চলতি সপ্তাহে। আগামী বুধবার সান ফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডের একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে। আগামী ১৮ আগস্ট থেকে শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা বিচার কার্যক্রমের শেষে অক্টোবরের শুরুতে এ মামলার রায় হতে পারে। ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা অভিযোগ করেছেন যে, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুককে আসক্তিকর করে তুলেছে। তারা অপ্রাপ্তবয়স্কদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক পরিচালনার ক্ষেত্রে ব্যাপক বিধিনিষেধ আরোপের পাশাপাশি মেটার কাছ থেকে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানা দাবি করছেন। এই জরিমানার পরিমাণ মেটার প্রায় পুরো বাজারমূল্যের সমান। শুক্রবার মেটার বাজারমূল্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি ছিল। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রসিকিউশনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন। ছয় মাস আগে লস অ্যাঞ্জেলেসের একটি পৃথক মামলায় তিনি সাক্ষ্য দিয়েছিলেন। সম্প্রতি জানা গেছে, জাকারবার্গ হাওয়াইয়ে নিজের বাড়িতে আগের তুলনায় বেশি সময় কাটাচ্ছেন। যদিও, মেটার প্রধান কার্যালয় মেনলো পার্কে অবস্থিত, যা আদালত ভবন থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনের আল-মাখা বন্দরে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২২ এম


ইয়েমেনের আল-মাখা বন্দরে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী আল-মাখায় হুথি বিদ্রোহীরা ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

এর আগে ২৪ ঘণ্টারও কম সময় আগে একই এলাকায় এক হামলায় অন্তত ১১ জন নিহত ও ৩২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। সর্বশেষ হামলায়, ইয়েমেনের সরকারি বাহিনী ছয়টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

সরকারি বাহিনী জানায়, যখন নতুন হামলা চালানো হয়, তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছয়টি ড্রোনকে ভূপাতিত করে। এ ছাড়া, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়ে সাগরে পড়ে যায়।

হুথিদের সমর্থক টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার দৃশ্য। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, উক্ত এলাকায় সৌদি সেনাদের অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

রোববারের আগে আল-মাখায় একটি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক ছিলেন। এছাড়াও আরও ৩২ জন আহত হয়েছেন বলে বার্তাসংস্থা এএফপির সর্বশেষ হিসাবে জানা গেছে।

এ হামলার ফলে আল-মাখা বন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকটি ভবন এবং বাণিজ্যিক স্থাপনায় আঘাত লেগেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানা যায়, বন্দরের অবকাঠামো, বাণিজ্যিক পণ্য এবং খাদ্যসামগ্রীরও ক্ষতি হয়েছে।

সরকারি বাহিনী আরও জানিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন নৌযান বাণিজ্যিক বন্দরের দিকে এগিয়ে আসছিল, সেটিও তারা শনাক্ত করে ধ্বংস করেছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসি ২০২৬: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ এম


এসএসসি ২০২৬: জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবারে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনটি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩১২টি।

ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন। রাজশাহী বোর্ডের পাসের হার ৬৩.৬৭ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। যশোর বোর্ডে পাসের হার ৬৬.২৭ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৮১৪ জন। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫৯.৪৮ শতাংশ, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৬০.৩৫ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।

সিলেট বোর্ডে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। দিনাজপুর বোর্ডের পাসের হার ৫৮.০৫ শতাংশ, এবং জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি বোর্ডের গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবারের পাসের হার গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কমেছে।

এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, সেখানে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। আর কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%