১০:৩২ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে তাকে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেন। মনজুর কাদের ভূঁইয়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগদান করেছিলেন।
গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনায় আলোচনায় আসেন ওসি মনজুর কাদের ভূঁইয়া।
আরও পড়ুন: জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সময় দুই স্বেচ্ছাসেবক লীগ কর্মী আটক
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে থাকা একজন ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনও জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন