১০:৩৩ পি.এম
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে কৃষি রূপান্তর ও গ্রামীণ জনগণের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করতে যাচ্ছে। ‘কোরিয়া পার্টনারশিপ ফর ইনোভেশন অব এগ্রিকালচার’ (কোপিয়া) এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) সহযোগিতায় ‘ইনোভেটিভ এগ্রিকালচারাল কমিউনিটি প্রকল্প’ শীর্ষক একটি বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। এই উদ্যোগের আওতায় দেশের তিনটি জেলার ১১৪টি নির্বাচিত গ্রামে উন্নত প্রযুক্তি ও জলবায়ু-সহনশীল কৃষি পদ্ধতির আধুনিকীকরণ বাস্তবায়ন করা হবে।
বুধবার রাজধানীর বার্ক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় কোপিয়া বাংলাদেশ সেন্টারের পরিচালক ড. ও-ইয়ং জিয়ং মূল ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) উদ্যোগের রূপরেখা তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার আরডিএ, বার্ক ও বার্ডের মধ্যে পূর্বে স্বাক্ষরিত চুক্তি এবং আগস্টে কোপিয়া বাংলাদেশ সেন্টারের অভিযাত্রার ধারাবাহিকতায় এই আন্তর্জাতিক আয়োজনটি সম্পন্ন হয়।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় দেশের বগুড়া, কুমিল্লা ও ফেনী জেলার ১১৪টি গ্রামে স্থানীয় চাহিদাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হবে। এতে জলবায়ু-সহনশীল কৃষি (সিএসএ) কাঠামোর ওপর মোট ৫ হাজার ৬৮০ জন কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ১২০ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং ৪ হাজার ৫৬০ জন স্থানীয় কৃষক অন্তর্ভুক্ত রয়েছেন। প্রযুক্তি ও আধুনিক কৃষিপদ্ধতির টেকসই প্রসারে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে ২২৮ জন কৃষক নেতাকে চিহ্নিত করে প্রয়োজনীয় প্রণোদনা ও ক্ষমতায়ন নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: রংপুরের কৃষকরা ভূ-পৃষ্ঠের পানি ব্যবহারে অতিরিক্ত ১.৩৯ লাখ টন আমন ধান উৎপাদন করছেন
প্রকল্পটিতে দেশের শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বিত অংশীদারত্ব চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উন্নত আলু ও শাকজাতীয় সবজি উৎপাদন প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) জলবায়ু-সহনশীল সমাধান ও উন্নত ধান উৎপাদন প্রযুক্তি মাঠপর্যায়ে প্রয়োগ করবে। বার্ড ও আরডিএ (বগুড়া) মাঠপর্যায়ে পরীক্ষিত গ্রামভিত্তিক কৃষি উন্নয়ন, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি সম্প্রসারণে সার্বিক ভূমিকা রাখবে।
কর্মশালায় ড. ও-ইয়ং জিয়ং বলেন, প্রচলিত এককালীন বস্তুগত সহায়তার বাইরে গিয়ে কোপিয়ার চূড়ান্ত লক্ষ্য হলো বাংলাদেশের কৃষকদের নিজেদের সমৃদ্ধির পথ নিজেরাই তৈরি করার সক্ষমতা এনে দেওয়া। এর মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বনির্ভরতা প্রতিষ্ঠা করতে পারবেন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোয়িকা) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মি. জিহুন কিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বারি-র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রি-র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন: গেরা সুন্দরী কলা চাষে স্বাবলম্বী শাহ আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন