ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সোয়াল


বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: রণধীর জয়সোয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে চায় না, এমনটা জানিয়েছেন রণধীর জয়সোয়াল, যিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে যা ঘটছে, তা সম্পূর্ণরূপে দেশের অভ্যন্তরীণ বিষয়। "আমরা তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাই না," বলেন তিনি। গত শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা পলাতক হাসিনাসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রভুদের ইশারাকে দায়ী করেন। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকরা এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল সাংবাদিকদের জানান, "বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল।" তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নতুন কোনো খবর আছে কি না জানতে চাইলে জয়সোয়াল বলেন, "তেমন কিছু তাঁর জানা নেই।"

আরও পড়ুন: শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক

গঙ্গার পানিচুক্তির ভবিষ্যৎ নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর ওই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এক সাংবাদিক জানতে চান, "এই চুক্তি যাতে নবায়ন না হয়, সে জন্য অনেক মহল থেকে অনেক ধরনের দাবি তোলা হয়েছে। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে কি?" অন্য এক সাংবাদিক জানতে চান, "এই মুহূর্তে দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে যোগ দিতে ভারতের একটি প্রতিনিধিদল ঢাকায় গেছে। তারা সেখানে যে আলোচনা করবে, তা টেকনিক্যাল পর্যায়ের নাকি সেই বৈঠকে কাজের কিছু হবে?" আরেক সাংবাদিক জানতে চান, "যে চুক্তিতে দুই দেশের প্রধানমন্ত্রী সই করেছিলেন, তা নিচুপর্যায়ের কর্মকর্তাদের সম্মতিতে নবায়ন হতে পারে কি না। অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গঙ্গা পানিচুক্তি নবায়ন করা যায় কি না।"

জয়সোয়াল এসব প্রশ্নেরও কোনো বিশদ জবাব দেননি। তিনি বলেন, "গঙ্গাসহ দুই দেশের মধ্যে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিসম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের অধিকারী জেআরসি। ওটাই প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থা।" এ কথা বলার সঙ্গে সঙ্গে ভারতের আগ্রহ ও চাহিদার কথা তুলে ধরে জয়সোয়াল বলেন, "বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করে এসেছে।" তিনি জানান, ঢাকায় জেআরসির বৈঠকটির চরিত্র কী, তা তাঁর জানা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্নের মন্তব্যে ক্ষুব্ধ ফুটবলারদের সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ এম


মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্নের মন্তব্যে ক্ষুব্ধ ফুটবলারদের সংগঠন

পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো জামাল মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের ওপর চাপ তৈরির কৌশল গ্রহণ করেছে জার্মান ক্লাবটি। ফিফপ্রোর মতে, বায়ার্নের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।

গত প্রাক-মৌসুমে মাত্র চার দিনের ব্যবধানে দুবার মাঠে লুটিয়ে পড়েছিলেন মুসিয়ালা। পরে ২৩ বছর বয়সী এই জার্মান ফুটবলার জানান, তাঁর শরীরে ‘অ্যাবসেন্স সিজার’ ধরা পড়েছে। এটি স্নায়বিক কার্যকারিতার সমস্যাজনিত একটি অবস্থা, যা চিকিৎসাযোগ্য বলে তিনি উল্লেখ করেছেন।

এ পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস মন্তব্য করেন, মুসিয়ালা হয়তো আর কখনোই আগের পারফরম্যান্সের পর্যায়ে ফিরতে পারবেন না। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেনও তাঁর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালে করা চুক্তিটির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। মুসিয়ালা যদি আগের সেরা ফর্মে ফিরতে ব্যর্থ হন, তবে এই চুক্তি নিয়ে আলোচনা প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ড্রেসেন। তাঁর পূর্বসূরি কার্ল-হাইঞ্জ রুমেনিগেও চুক্তিটি নতুন করে আলোচনার পরামর্শ দিয়েছেন।

ফিফপ্রো এক বিবৃতিতে জানিয়েছে, বায়ার্নের সম্মানসূচক সভাপতি, বর্তমান প্রধান নির্বাহী এবং সাবেক প্রধান নির্বাহী—তিনজনই অল্প সময়ের মধ্যে প্রকাশ্যে মুসিয়ালার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। সংগঠনটির মতে, যেকোনো আলোচনার আগে মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের ওপর চাপ তৈরির একটি সমন্বিত কৌশল এটি।

ফিফপ্রো আরও মনে করিয়ে দিয়েছে, বায়ার্নের মুসিয়ালার প্রতি দায়িত্ব রয়েছে। চোট থেকে সেরে ওঠার সময় একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এমন সময়ে তাঁর স্বাস্থ্য ও ভবিষ্যৎকে প্রকাশ্য বিতর্কের বিষয় করে তোলা বাড়তি চাপ তৈরি করে।

সংগঠনটির বক্তব্য, চুক্তি নিয়ে কোনো উদ্বেগ থাকলে তা মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা উচিত। চুক্তি সম্মান করার বিষয়টি উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। চোট কিংবা ফর্মের অবনতি হলে ক্লাবের একতরফাভাবে চুক্তির শর্ত পুনর্বিবেচনার অধিকার তৈরি হয় না। একইভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেই কোনো খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে বেতন বাড়ানোর অধিকার পান না।

২০১৯ সালে চেলসির একাডেমি ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন মুসিয়ালা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। গত ১৮ সেপ্টেম্বর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলের জয়ী ম্যাচে গোল করার পর শুক্রবার কোলনের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ৭০ মিনিটে মাঠে নেমে দীর্ঘ বিরতির পর বায়ার্নের হয়ে খেলায় ফেরেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।

মুসিয়ালার মাঠে ফেরার ম্যাচেই চোটে পড়েছেন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গোড়ালির চোটের কারণে আগামী কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যালারিতে বিশৃঙ্খলা, ১৫ মিনিটে বন্ধ উট্রেখট-কামবুরের ডাচ লিগ ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ এম


গ্যালারিতে বিশৃঙ্খলা, ১৫ মিনিটে বন্ধ উট্রেখট-কামবুরের ডাচ লিগ ম্যাচ

নেদারল্যান্ডসের লিগে উট্রেখট ও কামবুরের মধ্যকার ম্যাচটি সমর্থকদের বিশৃঙ্খল আচরণের কারণে স্থগিত করা হয়েছে। উট্রেখটের সমর্থকেরা গ্যালারিতে আতশবাজি ও পটকা ফোটানোর পাশাপাশি মাঠে পাইরোটেকনিকস ছুড়ে মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় রেফারি খেলা বন্ধ করতে বাধ্য হন।

এই ঘটনা ম্যাচ শুরুর প্রথম ১৫ মিনিটের মধ্যেই ঘটে। রেফারি আলার্ড লিন্ডহাউট খেলাটি থামিয়ে দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার নির্দেশ দেন। কর্মকর্তারা দায়ীদের শনাক্ত করতে কাজ শুরু করায়, ম্যাচটি পুনরায় শুরু হতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডাচ সাংবাদিক জেরোয়েন কাপটেইন্স সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উট্রেখটের একাংশ সমর্থকের এমন আচরণে ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই খেলা বন্ধ হয়ে যায়। এই ঘটনার ফলে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া দলটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ম্যাচটি উট্রেখটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দলটি সাম্প্রতিক সময়ে ভালো সময় পার করছে না। এর মধ্যে কোচ অ্যান্থনি কোরেইয়া ও টেকনিক্যাল ডিরেক্টর ইয়র্দির ওপরও চাপ সৃষ্টি হয়েছে।

তবে ঘটনার সঙ্গে জড়িত সমর্থকদের পরিচয়, ম্যাচটি পুনরায় কখন শুরু হবে কিংবা শেষ পর্যন্ত কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে—এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইডেনে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ এম


ইডেনে শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে নীলাচল পরিবহনের দশটি বাস আটক করেছে কলেজের একদল শিক্ষার্থী। গতকাল শনিবার, ইডেন মহিলা কলেজের মূল ফটকের সামনে এই বাসগুলো আটক করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, যখন ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বাসে হাফ ভাড়া দিতে চাইছিলেন, তখন নীলাচল পরিবহনের এক হেলপার ভাড়া নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাকে বাস থেকে নামিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেন।

হেলপারের হেনস্তার শিকার ওই শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, শুক্রবার ফাল্গুনীর সঙ্গে এক বাসের হেলপারের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, যখন ওই শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চান, তখন বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বাগ্বিত-ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে হেলপার ওই শিক্ষার্থীকে বলেন, ‘এখন আপনি বাস থেকে নেমে যান।’ এছাড়া ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলেও হুমকিসূচক মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েদের সঙ্গে প্রায়ই এ ধরনের আচরণ করা হয়। অনেক শিক্ষার্থী লজ্জা ও ভয়ের কারণে প্রতিবাদ করতে পারেন না। সেই সুযোগে বাসের কর্মীরা এমন আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদস্বরূপ এবং ভবিষ্যতে যাতে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ না করা হয়, তা নিশ্চিত করতে বাসগুলো আটকানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা শিক্ষার্থীদের পাশে রয়েছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে শিক্ষার্থীরা বাস মালিকদের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরবেন। এ সময় আনুমানিক ১০টি বাস আটক করা হয়েছে বলেও জানান ওই শিক্ষার্থী।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে জেনেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৯ এম


চাঁদপুরে নাশকতা প্রতিরোধে সর্বদলীয় ঐক্যের আহ্বান

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের লক্ষ্যে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে চাঁদপুর জেলা বিএনপি সর্বদলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করেছে।

সভায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আহ্বান জানিয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডের মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভাপতির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক উল্লেখ করেন, "ফ্যাসিবাদের বিষয়ে আমাদের কারও কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকব।"

তিনি আরও বলেন, "দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে সবাইকে সজাগ থাকতে হবে। জাতির প্রয়োজনে তারা এক জায়গায় হতে সময় লাগে না। দেশের স্বার্থে তাদের ঐক্যের কোনো বিকল্প নেই।"

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, জেলা গণফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল ও সাবেক যুগ্ম সদস্য সচিব সামিউর প্রধান।

বক্তারা বলেন, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা উল্লেখ করেন, "কে ছোট দল আর কে বড় দল, এমন পার্থক্য না করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সবাইকে এক ও অভিন্ন অবস্থানে থাকতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে কোনো ধরনের আপস না করে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান তারা।"

সভায় চাঁদপুর জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%