০৫:৫৭ এম
পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো জামাল মুসিয়ালার চুক্তি নিয়ে বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্মকর্তাদের ধারাবাহিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরুর আগে মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের ওপর চাপ তৈরির কৌশল গ্রহণ করেছে জার্মান ক্লাবটি। ফিফপ্রোর মতে, বায়ার্নের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
গত প্রাক-মৌসুমে মাত্র চার দিনের ব্যবধানে দুবার মাঠে লুটিয়ে পড়েছিলেন মুসিয়ালা। পরে ২৩ বছর বয়সী এই জার্মান ফুটবলার জানান, তাঁর শরীরে ‘অ্যাবসেন্স সিজার’ ধরা পড়েছে। এটি স্নায়বিক কার্যকারিতার সমস্যাজনিত একটি অবস্থা, যা চিকিৎসাযোগ্য বলে তিনি উল্লেখ করেছেন।
এ পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস মন্তব্য করেন, মুসিয়ালা হয়তো আর কখনোই আগের পারফরম্যান্সের পর্যায়ে ফিরতে পারবেন না। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেনও তাঁর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০২৫ সালে করা চুক্তিটির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। মুসিয়ালা যদি আগের সেরা ফর্মে ফিরতে ব্যর্থ হন, তবে এই চুক্তি নিয়ে আলোচনা প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ড্রেসেন। তাঁর পূর্বসূরি কার্ল-হাইঞ্জ রুমেনিগেও চুক্তিটি নতুন করে আলোচনার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন: হ্যারি কেইন কয়েক মাসের জন্য মাঠের বাইরে, চিন্তায় বায়ার্ন
ফিফপ্রো এক বিবৃতিতে জানিয়েছে, বায়ার্নের সম্মানসূচক সভাপতি, বর্তমান প্রধান নির্বাহী এবং সাবেক প্রধান নির্বাহী—তিনজনই অল্প সময়ের মধ্যে প্রকাশ্যে মুসিয়ালার চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। সংগঠনটির মতে, যেকোনো আলোচনার আগে মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের ওপর চাপ তৈরির একটি সমন্বিত কৌশল এটি।
ফিফপ্রো আরও মনে করিয়ে দিয়েছে, বায়ার্নের মুসিয়ালার প্রতি দায়িত্ব রয়েছে। চোট থেকে সেরে ওঠার সময় একজন খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এমন সময়ে তাঁর স্বাস্থ্য ও ভবিষ্যৎকে প্রকাশ্য বিতর্কের বিষয় করে তোলা বাড়তি চাপ তৈরি করে।
সংগঠনটির বক্তব্য, চুক্তি নিয়ে কোনো উদ্বেগ থাকলে তা মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা উচিত। চুক্তি সম্মান করার বিষয়টি উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। চোট কিংবা ফর্মের অবনতি হলে ক্লাবের একতরফাভাবে চুক্তির শর্ত পুনর্বিবেচনার অধিকার তৈরি হয় না। একইভাবে দুর্দান্ত পারফরম্যান্স করলেই কোনো খেলোয়াড় স্বয়ংক্রিয়ভাবে বেতন বাড়ানোর অধিকার পান না।
২০১৯ সালে চেলসির একাডেমি ছেড়ে বায়ার্নে যোগ দিয়েছিলেন মুসিয়ালা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি, সতীর্থকে দিয়ে করিয়েছেন একটি। গত ১৮ সেপ্টেম্বর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৭-০ গোলের জয়ী ম্যাচে গোল করার পর শুক্রবার কোলনের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ৭০ মিনিটে মাঠে নেমে দীর্ঘ বিরতির পর বায়ার্নের হয়ে খেলায় ফেরেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
আরও পড়ুন: দূয়ের মারাত্মক ইঞ্জুরীতে চেলসির জয় ম্লান
মুসিয়ালার মাঠে ফেরার ম্যাচেই চোটে পড়েছেন বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গোড়ালির চোটের কারণে আগামী কয়েক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন