ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে রাব্বি ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার


মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে রাব্বি ও যুবলীগ নেতা নিক্সন গ্রেপ্তার

মৌলভীবাজারে পৃথক দুটি ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান এবং জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরের একটি এলাকা থেকে ফজলে রাব্বি সাদমানকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া রাব্বি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ পুত্র। অপরদিকে, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশের সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা রয়েছে। তার পিতা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন।

আরও পড়ুন: স্বল্পমূল্যে চিকিৎসাসেবায় মানুষের আস্থা অর্জন ডা. আমীর হামজার, রেনু বেগমের মৃত্যু ঘিরে সামনে আসলো প্রকৃত ঘটনা

এছাড়াও, পুলিশ সূত্রে জানা গেছে, নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। উভয় ব্যক্তির গ্রেপ্তারের ঘটনা পৃথক।

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা মৌলভীবাজার শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ির কারণে হোটেলে দিন কাটাচ্ছেন হলিউড তারকা নিকোলাস কেজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ির কারণে হোটেলে দিন কাটাচ্ছেন হলিউড তারকা নিকোলাস কেজ

লস অ্যাঞ্জেলেসের মালিবুতে প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহীন হয়ে হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন প্রখ্যাত হলিউড অভিনেতা নিকোলাস কেজ। ভারী বৃষ্টিপাত ও উপকূলীয় ভাঙনের ফলে ২০২৬ সালের সেপ্টেম্বরে তার বিলাসবহুল সমুদ্রতীরবর্তী সম্পত্তির সংলগ্ন এলাকায় একটি বিশাল ভূমিধস ঘটে।

এই বিপত্তির কারণে কেজের সম্পত্তির কাছে সৃষ্টি হওয়া ভূমিধসটির আনুমানিক প্রস্থ ৬০ ফুট এবং গভীরতা ২৫ ফুট ছিল। এই ঘটনায় অভিনেতার ড্রাইভওয়ে ও ডেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকাটিতে সাময়িকভাবে গ্যাস লিক হওয়ার ঘটনাও ঘটে। সুরক্ষার স্বার্থে স্থানীয় কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে এবং আশপাশের ৩০টিরও বেশি ঘরবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কমিক কনের একটি প্যানেলে উপস্থিত হয়ে নিকোলাস কেজ জানান, এই দুর্যোগের পর থেকে নিজস্ব বাসস্থানে ফেরার সুনির্দিষ্ট তারিখ না থাকায় তিনি আপাতত হোটেলে অবস্থান করছেন। উল্লেখ্য, অভিনেতা ২০২৪ সালে ৪,০০০ বর্গফুটের এই চমৎকার বিচফ্রন্ট প্রপার্টিটি ১০.৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি এক থেকে দুই বছরের মধ্যে সক্রিয়ভাবে বিবেচনা করছে। যদি এ উদ্যোগ বাস্তবায়িত হয়, তাহলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে ঢাকায় ও চট্টগ্রামে দুটি আধুনিক থ্রি-এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) সেন্টার স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে। চলতি বছরের নভেম্বর মাসে কেন্দ্র দুটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ সূত্রে জানা গেছে, এই কেন্দ্রগুলিতে গাড়ি বিক্রি, রক্ষণাবেক্ষণ, মেরামত ও আসল যন্ত্রাংশ সরবরাহের সমন্বিত সেবা পাওয়া যাবে। কেন্দ্র দুটি চালু হলে বাংলাদেশে টয়োটার সরাসরি কার্যক্রম শুরু হবে। সরকারের প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সহযোগিতা পেলে আগামী এক থেকে দুই বছরের মধ্যে হাইব্রিড গাড়ি সংযোজনের পরিকল্পনাও এগিয়ে নিতে পারে প্রতিষ্ঠানটি। ইনভেস্ট বাংলাদেশ এ ক্ষেত্রে প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতিগত সহায়তা প্রদান করবে।

গাড়ির ক্রেতা ও ব্যবসায়ীরা টয়োটার সম্ভাব্য বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, দেশে হাইব্রিড গাড়ি সংযোজন শুরু হলে আমদানিসংশ্লিষ্ট ব্যয় কমে যাবে এবং গাড়ির দাম ক্রেতাদের নাগালে আসতে পারে। পাশাপাশি আসল যন্ত্রাংশ ও উন্নত বিক্রয়োত্তর সেবা পাওয়া সহজ হবে।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ও টয়োটা গাড়ির ব্যবহারকারী মো. আবু ইউসুফ বলেন, "স্থানীয়ভাবে হাইব্রিড গাড়ি সংযোজন করা হলে আমদানিসংশ্লিষ্ট ব্যয় কমতে পারে। এতে গাড়ি আরও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আসল যন্ত্রাংশ ও পেশাদার বিক্রয়োত্তর সেবা সহজলভ্য হবে।" ঢাকা ও চট্টগ্রামে প্রস্তাবিত দুটি থ্রি-এস সেন্টার চালু হলে ক্রেতাদের আস্থাও বাড়বে।

এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও এসএমএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, "টয়োটার সম্ভাব্য বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তা, গাড়ি ব্যবসায়ী, যন্ত্রাংশ সরবরাহকারী ও দক্ষ জনশক্তির জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।" প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশে আধুনিক গাড়ি শিল্প গড়ে তুলতেও এ উদ্যোগ সহায়ক হতে পারে। একই সঙ্গে অন্য আন্তর্জাতিক গাড়ি নির্মাতাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করবে।

তিনি আরো বলেন, "বাংলাদেশে সংযোজিত টয়োটার গাড়ি আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হলে দেশটি আঞ্চলিক গাড়ি উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাবে।" এ জন্য প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ, অব্যাহত সরকারি নীতিসহায়তা, আকর্ষণীয় কর ও শুল্কসুবিধা, দক্ষ জনশক্তি এবং সহযোগী শিল্পের বিকাশ নিশ্চিত করতে হবে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আরও বলেন, "বাংলাদেশ থেকে টয়োটার গাড়ি রপ্তানি শুরু হলে বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান ও স্থানীয় শিল্পের বিকাশের পাশাপাশি বৈশ্বিক গাড়ি সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনয় ও সংগীতে দ্যুতি ছড়াচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী এলা হান্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


অভিনয় ও সংগীতে দ্যুতি ছড়াচ্ছেন ব্রিটিশ অভিনেত্রী এলা হান্ট

ব্রিটিশ অভিনেত্রী ও সংগীতশিল্পী এলা হান্ট অভিনয়ের মাধ্যমে পরিচিতি অর্জনের পর এবার সংগীতের জগতে নিজের অবস্থান প্রতিষ্ঠা করছেন। তিনি অ্যাপল টিভি প্লাসের জনপ্রিয় সিরিজ ‘ডিকিনসন’-এ সু পারকিন্স চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন। তবে অভিনয়ের বাইরেও তাঁর সংগীতের প্রতি গভীর অনুরাগ রয়েছে। সম্প্রতি তিনি তাঁর প্রথম অ্যালবাম প্রকাশের মাধ্যমে সেই পরিচয়কে আরও বিস্তৃত করেছেন।

এলা হান্ট ১৯৯৮ সালের ২৯ এপ্রিল লন্ডনের ওয়েস্টমিনস্টারে জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১২ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী মিউজিক্যাল চলচ্চিত্র ‘লে মিজেরাবল’-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর যাত্রা শুরু হয়। এরপর ২০১৭ সালে হরর-কমেডি মিউজিক্যাল চলচ্চিত্র ‘আনা অ্যান্ড দ্য অ্যাপোক্যালিপ্স’-এ অভিনয় করে প্রশংসা অর্জন করেন। ছবিটির জন্য তিনি স্কটিশ বাফটা পুরস্কারের মনোনয়নও পান।

এলা হান্টের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে ‘ডিকিনসন’ সিরিজের মাধ্যমে। মার্কিন কবি এমিলি ডিকিনসনের জীবন ও সময়কে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে তিনি সু পারকিন্স চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এরপর তিনি চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিভিন্ন কাজে দেখা দেন। সম্প্রতি মিন্ডি কালিংয়ের হুলু সিরিজ ‘নট সুইটেবল ফর ওয়ার্ক’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সংগীতেও নিজস্ব স্বর খুঁজছেন এলা। চলতি বছরের জুনে তাঁর প্রথম অ্যালবাম ‘ব্লাইন্ডস্পট’ প্রকাশিত হয়েছে। ১৩টি গান নিয়ে সাজানো এই অ্যালবামটিতে তিনি ব্যক্তিগত অনুভূতি ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন। অ্যালবাম প্রকাশের পর লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে একক সংগীত পরিবেশনও করেছেন। মঞ্চে তাঁর উপস্থিতি ও কণ্ঠ সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

এদিকে বড় পর্দায়ও নতুন কাজ নিয়ে আলোচনায় রয়েছেন এলা হান্ট। আসন্ন হরর-থ্রিলার চলচ্চিত্র ‘বেলা’য় তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। ‘দ্য কনজুরিং’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত লেখকদের প্রযোজনায় নির্মিত হচ্ছে ছবিটি। হরর ঘরানার এই সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অভিনয় ও সংগীত, দুই ক্ষেত্রেই নিজের দক্ষতা তুলে ধরছেন এলা হান্ট। একটি পরিচিতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে ভিন্ন মাধ্যমে কাজ করার এই প্রচেষ্টা তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিজিবির অভিযানে নতুন নামের ৪১৬ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


দিনাজপুরে বিজিবির অভিযানে নতুন নামের ৪১৬ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুর, ৩ নভেম্বর ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে জেলার সীমান্ত এলাকায় ভারতীয় নতুন নামে তৈরি ৪১৬ পিস ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করেছে।

এ তথ্য জানানো হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এমএম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

তিনি জানান, আজ মঙ্গলবার ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন কারিগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হরিপুর উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সীমান্তের কারিগাঁও এলাকায় মাদক কারবারিরা ভারত থেকে পোটলা নিয়ে বাংলাদেশ সীমানায় প্রবেশ করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। ধাওয়ার মুখে মাদক কারবারিরা তাদের পোটলা ফেলে রেখে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবির অভিযানিক দল তাদের ফেলে যাওয়া পোটলাগুলো থেকে ৪১৬ পিস ভারতীয় নেশা জাতীয় নতুন নামের ইজিকাপ ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, মাদক কারবারিরা এই নতুন নামে ট্যাবলেট যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

সূত্র জানায়, উদ্ধারকৃত মাদক দ্রব্যের মূল্য ৮৩ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ঘটনায় উদ্ধারকৃত নতুন নামে মাদক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একইসাথে, মাদক কারবারে জড়িতদের শনাক্তে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘মাদক দ্রব্যের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে সীমান্তে বিজিবির নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%