ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শুটিংয়ে আহত রাম চরণ, হয়েছে অস্ত্রোপচার


শুটিংয়ে আহত রাম চরণ, হয়েছে অস্ত্রোপচার

শুটিং চলাকালে গুরুতর চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হবে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। কব্জিতে আঘাত পাওয়ার পরও কাজ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচারই ছিল একমাত্র উপায়।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার কোয়েম্বাটুরের একটি হাসপাতালে রাম চরণের অস্ত্রোপচার সম্পন্ন হয়। শুটিংয়ের সময় তিনি আহত হলেও ব্যস্ততার কারণে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক প্রদর্শনী

হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। রবিবারই হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দেন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন বাবা ও অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি।

জানা গেছে, কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে।

চিকিৎসক সূত্রে জানা যায়, চোটটি জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কব্জি বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল অস্ত্রোপচার সম্পন্ন করেন।

বর্তমানে রাম চরণকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি শুটিংয়ে ফিরতে পারবেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির নিচে, সেপ্টেম্বরের মূল্যস্ফীতি ৮.৩৪%

উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও রাম চরণের কব্জির চোট অনেকের নজরে এসেছিল। তবে তখনও তিনি প্রচার কার্যক্রম চালিয়ে যান।

এদিকে রাম চরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’-এর প্রস্তুতি চলছে। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সুকুমার। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। রাম চরণ পুরোপুরি সুস্থ হয়ে উঠলেই শুরু হবে সিনেমাটির শুটিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

বাংলাদেশের হয়ে সুযোগ না পেলেও, সাকিব আল হাসান ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন। তিনি বর্তমানে জাফনা কিংসের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন।

শ্রীলঙ্কায় খেলা চলাকালীন সাকিব নতুন সুসংবাদ পেয়েছেন। প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন ৩৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার। পোখারা অ্যাভেঞ্জার্স তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পোখারা তাদের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে জানিয়েছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখরা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’

সাকিব, যিনি ক্যারিয়ারে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, পোখরা সামাজিক মাধ্যমে তাকে দারুণভাবে উপস্থাপন করেছে। পাহাড়ের ওপরে সিংহাসন তৈরি করে সাকিবকে বসানো হয়েছে সেই আসনে। সিংহাসনের পেছনে শকুনের মূর্তি রয়েছে। সিংহাসনের চারপাশে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার ডান দিকে অবস্থান নিয়েছে।

২০২৪ সালে প্রথমবার নেপাল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সর্বশেষবার শিরোপা জিতে নিয়েছিল লুম্বিনি লায়নস। প্রথমবারের মতো নেপালের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে, সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। তবে ব্যাট হাতে তার সময়টা ভালো যাচ্ছে না। দুই ইনিংসে ১০ রান করেছেন বাঁহাতি ব্যাটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


খাল খননের সঙ্গে নদী দখল-দূষণমুক্ত করাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার কার্যকরভাবে খাল খননের সাথে নদী দখল ও দূষণ মুক্ত করতে কাজ করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি যদি অব্যাহত থাকতো, তাহলে নদী ও খাল দখল ও দূষণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হতো।

আজ সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ বছরের কথা বলেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন দিয়েছে। তিস্তার সাথে দেশের উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য জড়িত।

তিনি উল্লেখ করেন, তিস্তা থেকে জনগণ যাতে সর্বোচ্চ সুবিধা পেতে পারে, সেজন্য দেশে কার্যকরী পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দিতে বলেছেন।

তিনি আরও বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করার আগে একাধিক আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং দখল ও দূষণের হাত থেকে রক্ষা পেতে পানি সম্পদ মন্ত্রণালয়কে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

মন্ত্রীদ্বয় বাপা নেতৃবৃন্দকে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় সরকারের পাশে থাকার আহ্বান জানান।

এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিনও উপস্থিত ছিলেন।

বাপা নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহ-সভাপতি খুশী কবির, ড. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী 'মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট-চেকিং' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

এই প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। জেলা, স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের উদ্দেশ্যে ২৫ জুলাই শুরু হওয়া এই প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্ব হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিহার করে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছানো। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী সাংবাদিকরা অপতথ্য ও গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া সাংবাদিকতাকে একটি 'মহান পেশা' হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বর্তমানে সাংবাদিকতার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট-চেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী প্রযুক্তি। সুতরাং সাংবাদিকদের এসব বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের শুধু জাতীয় পর্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না, ইংরেজি ভাষায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে লেখালেখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের আয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ফিলিস্তিনের সেই কিশোরীকে আবেগঘন বার্তা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

গাজায় ইসরায়েলের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের দেয়ালে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ম্যুরাল এঁকেছেন ফিলিস্তিনের এক কিশোরী।

সেই ম্যুরাল নিয়ে তৈরি কিশোরীর ভিডিওবার্তা পৌঁছে যায় স্প্যানিশ প্রধানমন্ত্রী সানচেজের কাছে। ভিডিও দেখে লিয়ান এবং ফিলিস্তিনের জন্য বিশেষ বার্তা দিয়েছেন সানচেজ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গাজার লিয়ান আল-কাওকা নামের কিশোরী সানচেজের ম্যুরালের পাশে দাঁড়িয়ে একটি ভিডিও প্রকাশ করে। আরবি ও স্প্যানিশ- উভয় ভাষায় দর্শকদের উদ্দেশ্যে লিয়ান জানায়, শিল্পকর্মটি কেবল একটি সাধারণ ছবি নয়।

তার ভাষায়, “এটি কেবল একটি সাধারণ দেয়ালচিত্র নয়। আমরা সবাই এতে অনেক কঠোর পরিশ্রম করেছি। কারণ আমরা চেয়েছিলাম আমাদের বার্তা যেন স্পেনের জনগণের কাছে পৌঁছায়।”

লিয়ান আরও বলেছে, “স্পেন এবং দেশটির প্রধানমন্ত্রীকে ‘তাদের মানবিক অবস্থানের জন্য’ ধন্যবাদ জানাতে এই ম্যুরালটি ‘ভালোবাসা’ দিয়ে আঁকা হয়েছে।”

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের জয় উদযাপন করে লিয়ান জানায়, “গাজাবাসী স্প্যানিশ জনগণকে ‘গাজার হৃদয়ে থাকা আকুলতা’ থেকে অভিনন্দন জানাতে চায়। ‘আমরা আশা করি, এই ম্যুরালটি স্পেনের প্রতিটি ঘরে পৌঁছাবে। কারণ এটি ভালোবাসা, আশা এবং কৃতজ্ঞতা নিয়ে আঁকা হয়েছে।”

ফিলিস্তিনি কিশোরীর ভিডিওবার্তা প্রকাশিত হওয়ার পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সানচেজ এর জবাব দিয়েছেন। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে স্পেনের প্রধানমন্ত্রী লিয়ানকে সম্বোধন করে বলেন, “ধন্যবাদ লিয়ান। এই সুন্দর ভালোবাসার জন্য শিল্পীদেরও ধন্যবাদ।”

পাশাপাশি তিনি সেই ফিলিস্তিনিদেরও ধন্যবাদ জানান, ‘যারা এত কষ্টের মধ্যে আমাদের জন্য কিছুটা ভালোবাসা পাঠানোর সময় পেয়েছেন’।

গাজার শিশু ও পরিবারগুলোর উদ্দেশে সানচেজ আরও বলেন, “পুরো স্প্যানিশ সমাজ আপনাদের কথা শুনছে, আপনাদের দেখছে এবং আপনাদের কথা ভাবছে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই এমন একদিন আসবে যখন গাজার শিশুরা কোনও ভয় ছাড়াই আবার তাদের স্কুলে ছবি আঁকতে পারবে এবং শান্তিতে বড় হতে পারবে।

ভিডিওর শেষে সানচেজ বলেন, “স্পেনের পক্ষ থেকে (ফিলিস্তিনকে) অনেক ভালোবাসা ও উষ্ণ আলিঙ্গন।”

সানচেজের বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে কিশোরী লিয়ান। পরবর্তীতে সে আরেকটি ভিডিও রেকর্ড করে। লিয়ান সেই ভিডিওতে বলে, “প্রথমবারের মতো কোনও country's প্রধানমন্ত্রী গাজার কোনও শিশুর কথার উত্তর দিলেন। যখন আপনার মুখে আমার নাম ‘লিয়ান’ শুনলাম, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।”

স্পেন, দেশটির জনগণ এবং সানচেজকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে সে আরও যোগ করে, “যদিও আমরা একই ভাষায় কথা বলি না, তবুও আমাদের হৃদয় একই সমবেদনায় স্পন্দিত হয়।”

ছোট্ট এই ফিলিস্তিনি কন্যা গাজাকে সমর্থনকারী প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বলে, “আপনাদের সকলের জন্য আমাদের ভালোবাসা।”

বেশিরভাগ পশ্চিমা দেশের নেতারা যখন ফিলিস্তিন ইস্যুতে ‘কূটনৈতিক ভাষায়’ বার্তা প্রদান করেন, তখন স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ একেবারেই ব্যতিক্রম। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি। গাজা গণহত্যা ইস্যুতে ইউরোপীয় নেতাদের নীরবতার সমালোচনা করে সানচেজ বলেছেন, “এটি একটি ব্যর্থতা। সম্পূর্ণ ব্যর্থতা। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এমন কিছু দেশ রয়েছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ইস্যুতে বিভক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%