ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ মুসলিম নারীর ইতিহাস গড়া সাফল্য


যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৫ মুসলিম নারীর ইতিহাস গড়া সাফল্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজিরবিহীন সাফল্য অর্জন করেছেন পাঁচ মুসলিম নারী, যাঁরা হিজাব পরিধান করেন। তাঁদের মধ্যে চারজন অঙ্গরাজ্যের সিনেটর এবং একজন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের নির্বাচনি ইতিহাসে একসঙ্গে পাঁচ হিজাবি মুসলিম নারীর এই বিজয়কে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সাফল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিমবিরোধী বক্তব্য, বিদ্বেষ ও হুমকি বৃদ্ধির অভিযোগের মধ্যে এই বিজয় বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক ও সামাজিক নানা প্রতিকূলতা সত্ত্বেও মুসলিম নারীদের এমন সাফল্য দেশটির নির্বাচনি রাজনীতিতে তাঁদের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে জয়ী পাঁচ নারীই ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতিক। তাঁদের মধ্যে জর্জিয়া থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন রুয়া রোমান। তিনি এর আগে জর্জিয়ার আইনসভায় প্রথম হিজাব পরিহিত মুসলিম নারী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন রুয়া রোমান। সে সময় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে ফিলিস্তিনি বংশোদ্ভূত একজন প্রতিনিধিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার দাবি উঠলেও দলীয় নেতৃত্ব তা প্রত্যাখ্যান করে। জেরুজালেমে জন্ম নেওয়া রুয়া রোমানকেই ওই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করা হয়েছিল।

আরও পড়ুন: আল-আকসায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা

নিউইয়র্ক থেকে অঙ্গরাজ্য সিনেটর নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস। যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে আসা এই রাজনীতিক আগে থেকেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর রাজনৈতিক জীবনের পেছনে রয়েছে পরিবারের সংগ্রাম ও অভিবাসনসংক্রান্ত তিক্ত অভিজ্ঞতা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর মুসলিমদের ওপর নজরদারি ও ধরপাকড় শুরু হলে অভিবাসন কর্তৃপক্ষ তাঁর অনথিভুক্ত অভিবাসী বাবাকে গ্রেপ্তার করে। প্রায় তিন বছর আটক থাকার পর তাঁকে জর্ডানে ফেরত পাঠানো হয়। বাবার আটকের সময় মায়ের সঙ্গে কারাগারের কাচের দেয়ালের ওপাশ থেকে তাঁর সঙ্গে কথা বলার স্মৃতি এখনো কাওয়াসের মনে গভীরভাবে দাগ কেটে আছে।

অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত নাবিলা সৈয়দ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ৫৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। ২০২২ সালে একটি শূন্য আসনে মনোনয়ন পেয়ে প্রথমবার অঙ্গরাজ্য আইনসভায় প্রবেশ করেন নাবিলা। স্বাস্থ্যসেবায় সবার সমান সুযোগ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম।

কানেকটিকাট অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন পাকিস্তানে জন্ম নেওয়া মেরিয়াম খান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি এ বিজয় অর্জন করেন। ২০২২ সাল থেকে অঙ্গরাজ্য আইনসভায় দায়িত্ব পালন করা মেরিয়াম বিশেষ শিক্ষা, বিচার বিভাগ ও শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে কর্মস্থলের টেবিলে পাকিস্তানের একটি ছোট পতাকা রাখাকে কেন্দ্র করে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়েন তিনি। জবাবে মেরিয়াম নিজের পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তুলে ধরে বলেন, নিজস্ব শিকড় ও ঐতিহ্য নিয়ে গর্ব করা যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্যের পরিপন্থী নয়।

পাঁচ নারীর মধ্যে সবচেয়ে আলোচিত নাম ইলহান ওমর। মিনেসোটা থেকে পঞ্চমবারের মতো মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত প্রথম চার মুসলিমের একজন ছিলেন ইলহান। একই সঙ্গে তিনি ছিলেন মার্কিন কংগ্রেসে প্রথম হিজাব পরিহিত নারী সদস্য। সোমালিয়ায় জন্ম নেওয়া ইলহান ওমর শরণার্থী হিসেবে ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে আসেন। পরবর্তী সময়ে ১৭ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তবে রাজনৈতিক জীবনের দীর্ঘ সময় ধরেই তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান নেতাদের সমালোচনা এবং আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে আসছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলিয়নিয়ারদের ওপর কর আরোপের প্রস্তাব বাতিল

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে পাঁচ হিজাবি মুসলিম নারীর এই বিজয় দেশটির রাজনীতিতে মুসলিম নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা। রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিদ্বেষ ও নানা প্রতিকূলতার মধ্যেও তাঁদের এই সাফল্য বহুজাতিক ও বহুধর্মীয় সমাজে প্রতিনিধিত্বের গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, যুবলীগের সহসভাপতিও অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, যুবলীগের সহসভাপতিও অন্তর্ভুক্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সিনিয়র সহসভাপতি রয়েছেন। এই গ্রেপ্তারির ঘটনা বিভিন্ন মামলার সাথে সম্পর্কিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রধান আসামি মো. মুকবুল হোসেন (৫৫), যিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নোয়াগাঁও ইউনিয়নের সিনিয়র সহসভাপতি।

অন্য আসামিরা হলেন- সন্ত্রাসবিরোধী মামলায় মো. মোমেন ও মো. আকাশ বিশ্বাস, বৈষম্যবিরোধী মামলায় রিফাত হাসান, মাদক মামলায় মো. জাহিদুল ইসলাম ও রুবেল, এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ওহিদ ও সানি।

ওসি আব্দুল বারিক জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের এই ধরনের বিশেষ অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ, ৪০টির বেশি বিড়াল পেল টিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


চবিতে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ, ৪০টির বেশি বিড়াল পেল টিকা

পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে প্রাণীবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিনা মূল্যে র‍্যাবিস টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ও হলের ৪০টির বেশি পোষা বিড়ালকে টিকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে স্টুডেন্ট ওয়েলফেয়ার ইনিশিয়েটিভের (এসডব্লিউআই) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক কামাল উদ্দীন বলেন, "পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ ব্যতিক্রমী। শুরুতে ধারণা ছিল না, ক্যাম্পাসে এত শিক্ষার্থী বিড়াল লালন-পালন করেন। বিড়ালও জীববৈচিত্র্যের অংশ। মানুষের অধিকারের পাশাপাশি প্রাণী ও উদ্ভিদের অধিকার নিয়েও কাজ করা প্রয়োজন।"

তিনি আরও বলেন, "শুধু বিড়ালের সুরক্ষা নয়, তাদের মালিক ও ক্যাম্পাসের অন্য বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষাও গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি এক দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব পোষা বিড়ালকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"

বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, "অল্প সময়ের মধ্যে সংগঠনটি শিক্ষার্থীবান্ধব, পরিবেশবান্ধব ও স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে। পোষা প্রাণীর টিকাদানও তেমন একটি উদ্যোগ। অনেকের কাছে পোষা প্রাণী পরিবারের সদস্যের মতো। তাদের অসুস্থতা মালিকদেরও মানসিকভাবে কষ্ট দেয়। তাই প্রাণীর শারীরিক সুরক্ষার পাশাপাশি মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।" তিনি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের সংগঠনটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংগঠনটির অ্যানিমেল ওয়েলফেয়ার প্রকল্পের প্রধান ও কর্মসূচির আয়োজক জনি সাহা জানান, "ক্যাম্পাসে বাসা ও হলে যেসব শিক্ষার্থী বিড়াল পালন করেন, তাঁদের পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টির বেশি বিড়ালকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে পুরো ক্যাম্পাসের পোষা প্রাণীকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।"

কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনমোল আমিরা বলেন, "ক্যাম্পাসে পোষা প্রাণীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পশুপাখি ভালোবাসেন এবং পোষা প্রাণীর যত্ন নেন। তবে তাদের সুরক্ষায় এ ধরনের উদ্যোগ ও সহযোগিতামূলক মনোভাব খুব বেশি দেখা যায় না।" তিনি জানান, নিজের বিড়ালকে টিকা দিতে এসে আয়োজকদের কাছ থেকে ভালো সহযোগিতা পেয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা করেন।

একই কর্মসূচিতে বিড়ালকে টিকা দিতে আসা অ্যাকাউন্টিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্যামল বড়ুয়া বলেন, "বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণীদের টিকাদানের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁর বিড়ালটি কিছুটা ভয় পেলেও আয়োজকদের সহযোগিতায় শেষ পর্যন্ত সফলভাবে টিকা দেওয়া সম্ভব হয়েছে। প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।" পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কর্মসূচি আয়োজনের প্রত্যাশা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


‎কাল ত্রিশালে ৩ দিনব্যাপী জাতীয় ইজতেমা শুরু

‎ময়মনসিংহের ত্রিশালে ৪৫ তম আহলেহাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ আহলেহাদিস তাবলীগে ইসলাম। বুধবার বিকেলেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।
‎
‎আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন বলেন, ‘বুধবার মাগরিব নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমার শুরু হয়ে শনিবার (১৩ নভেম্বর) ফজর নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে দেশের শীর্ষস্থানীয় ইসলামিস্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
‎
‎আয়োজন কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহীহ্ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশাকরা যায় এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসলি¬র পদচারণায় কানায় পূর্ণ হয়ে উঠবে।
‎
‎আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জমান নাহিদ, মুস্তফিজুর রহমান, এবি সিদ্দিক মাস্টার,
‎তফাজ্জল হোসেন, প্রমূখ।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ : ১০/১১/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


মিরপুরে সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল

জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন, যা প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলামের মাধ্যমে জানানো হয়।

২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার ঢাকার একটি আদালতে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলায় আসামি হিসেবে আরো রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ (এস এম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া, মেহেদী হাসানসহ অন্যান্যরা।

গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। তবে জিয়াউল হক জিয়া এবং মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় সিফাতের বাবা কামাল হাওলাদার অসন্তুষ্টি প্রকাশ করেন।

গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন না করে আসামিদের পক্ষাশ্রিত হয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত শুনানির জন্য ৫ অক্টোবরের দিন নির্ধারণ করে। ওই দিন শুনানি শেষে আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এম. এস পাওয়ার এর সম্মুখে হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঠিক সেই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুলেট তার মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর সিফাতের বাবা কামাল হাওলাদার মামলাটি দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%