প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের সময় ঢাকার মিরপুর-১০ এলাকায় মো. সিফাত হোসেন (২৬) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। এ কারণে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত নতুন তারিখ নির্ধারণ করেন, যা প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলামের মাধ্যমে জানানো হয়।
২০২৪ সালের ১৫ আগস্ট সিফাতের বাবা কামাল হাওলাদার ঢাকার একটি আদালতে শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় আসামি হিসেবে আরো রয়েছেন— সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, মাইনুল হোসেন খান নিখিল, সালাউদ্দিন মাহমুদ (এস এম) জাহিদ, পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জিয়াউল হক জিয়া, মেহেদী হাসানসহ অন্যান্যরা।
গত ২৮ মে মামলাটির তদন্ত শেষে শেখ হাসিনাসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান। তবে জিয়াউল হক জিয়া এবং মেহেদী হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় সিফাতের বাবা কামাল হাওলাদার অসন্তুষ্টি প্রকাশ করেন।
গত ১ সেপ্টেম্বর পুলিশের দেওয়া প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা দেন তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্ত কর্মকর্তা মামলার বিষয়বস্তু আমলে না নিয়ে এবং ঘটনাস্থল পরিদর্শন না করে আসামিদের পক্ষাশ্রিত হয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত শুনানির জন্য ৫ অক্টোবরের দিন নির্ধারণ করে। ওই দিন শুনানি শেষে আদালত পিবিআইকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ সেনপাড়া এম. এস পাওয়ার এর সম্মুখে হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলন করছিলেন। সেই আন্দোলনের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। ঠিক সেই সময় সিফাত হোসেন রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন গুলিবিদ্ধ হয়ে মারা যান। বুলেট তার মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর সিফাতের বাবা কামাল হাওলাদার মামলাটি দায়ের করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন