ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন


পাবনায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

রবিবার (৫ জুলাই) দুপুরে বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শত শত সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের শিকার হচ্ছে আমাদের সন্তানরা। বক্তারা বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যদি তা না ঘটে, তবে সমাজে এই ধরনের অপরাধ জ্যামিতিক হারে বেড়ে যাবে। বক্তরা দাবি করেন, অবিলম্বে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের ফাঁসি দিতে হবে। মানববন্ধনের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিলকুলা গ্রামের জুয়েল ও মামুন নামের দুই যুবক ঐ স্কুলছাত্রীটির বাড়িতে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে, বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে তারা মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, মামলার পর থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জুয়েল ও মামুন পলাতক রয়েছে। তবে, তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, অপরাধীদের খুব দ্রুত আইন কারিগরি আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইওএম মিশন প্রধানের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বৈঠকটি আজ রবিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজন করা হয়। বৈঠকে প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। এসব লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আইওএম এর অব্যাহত সহযোগিতার প্রশংসা করে, তিনি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।

ড. লরা নিকোল টম-বন্ডে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনায় নেতৃত্বের প্রশংসা করেন এবং তিনি সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএম এর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। উভয় পক্ষ বাংলাদেশ-আইওএম অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার প্রত্যাশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব অবৈধ অবস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

এটি দেশজুড়ে অভিযান জোরদারের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হল অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমন করা। গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে এ কথা উল্লেখ করা হয়েছে যে, আরও ১৬ হাজার ৯১২ জনকে ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি, ৪ হাজার ১৭৪ জনকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে ভ্রমণের টিকিট ও রিজার্ভেশন সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী ব্যক্তিদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা অন্য যেকোনো ধরনের সহযোগিতা একটি গুরুতর অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে, এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।

গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প-নাকচ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প-নাকচ নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের তথাকথিত ‘সন্ত্রাসী টানেল’ লক্ষ্য করে হামলা না চালাতে অনুরোধ করেছিলেন বলে যে খবর প্রচারিত হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুয়া। এই তথ্যটি আলজাজিরা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকের সময় নেতানিয়াহু বলেন, গণমাধ্যমে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তাকে লেবাননের সন্ত্রাসী টানেলের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিতে বলেছেন। তিনি এটিকে সম্পূর্ণ মনগড়া এবং অবাস্তব খবর হিসাবে উড়িয়ে দেন।

ইসরাইলি সংবাদমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী, তিনি আরো এও বলেন, “তিনি আমাকে এ বিষয়ে কিছুই বলেননি, আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। আমরা আমাদের নিজস্ব বিবেচনা অনুযায়ী পদক্ষেপ নিই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


শেখ মুজিব স্বাধীনতা চাননি, পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন: বুলু

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বক্তব্য রেখে বরকত উল্লাহ বুলু বলেন, শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করে এ দেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে বরকত উল্লাহ বুলু এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত সময়ে যেসব মানুষ পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা রাখতেন না, তারাই মেয়র হয়েছিলেন। যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেননি, তারাও এমপি হয়ে গেছেন। এইসব অযোগ্য জনপ্রতিনিধিরা দলীয় পরিচয়ে নিজেদের প্রয়োজনে মাদকসেবী, মাদক বিক্রেতা, কিশোর গ্যাং এবং অস্ত্রধারীদের নিয়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এতে করে দেশ বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, জমি দখল, জবর দখল, মদ, জুয়া, ও কিশোর গ্যাংসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর মাধ্যমে পুরো দেশ এক অপরাধের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে।

বরকত উল্লাহ বুলু বলেন, যারা অস্ত্র ব্যবসা করেন, অস্ত্র দিয়ে ডাকাতি করেন এবং মানুষ খুন করেন, তাদের উদ্দেশে স্পষ্ট করতে চাই, প্রয়োজনে সামরিক বাহিনী দিয়ে ‘অপারেশন ক্লিন হার্ট’- এর মতো আরেকটি অভিযান পরিচালনা করা হবে। বেগমগঞ্জে কোনো অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রধারীর স্থান হবে না। এসব অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের সঙ্গে অনেক সময় অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীরাও ছবি তুলতে পারে, তবে আমরা তো সবাইকে চিনি না। সে যেই হোক না কেন, সকল অপরাধীকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় হবে না। তাই অস্ত্র ও মাদক নির্মূলে আমাদের সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

এই সমাবেশে বরকত উল্লাহ বুলু আলেম সমাজ, মসজিদের ইমাম, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে মাদকের সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট ঘোষণা করেছে। এই বাজেট বাস্তবায়নের জন্য আমাদের সর্বপ্রথম সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও কিশোর গ্যাং নির্মূল করতে হবে। এসব অপরাধ দমনে প্রশাসনকে আরও দ্রুত গতিশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রেখেছেন নোয়াখালী জেলা বিএনপির নেত্রী শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব মাহফুজুল হক আবেদ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্যসচিব মহসিন আলম, বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল মিয়া এবং যুবদল নেতা রুস্তম আলী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%