মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৫০ এম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক চরম আবহাওয়ার কারণে বিশ্ব একটি নতুন এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ বাস্তবতায় প্রবেশ করেছে। তিনি বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গুতেরেসের মতে, বর্তমান সময় চরম জলবায়ু পরিস্থিতির যুগে প্রবেশের নিদর্শন।
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্ব নেতাদের প্রতি তিনি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মতো জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এবং প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’র প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর নতুন প্রতিবেদন অনুযায়ী, বিগত ১২ বছরের মধ্যে প্রতিটি বছরই সবচেয়ে উষ্ণ বছরগুলোর অন্তর্ভুক্ত ছিল এবং এই প্রবণতা অব্যাহত রয়েছে।
ডব্লিউএমও-এর প্রধান সেলেস্তে সাওলো সতর্ক করেছেন যে, বর্তমানের এই শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছর পর্যন্ত আরো ভয়াবহ তাপপ্রবাহ ও চরম আবহাওয়া দেখা দিতে পারে। এমনকি ২০২৭ সালেও তাপমাত্রা বৃদ্ধির নতুন একটি রেকর্ড সৃষ্টি হতে পারে।
চলতি বছরের প্রথম নয় মাসে বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৪৭ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিশ্বের মিঠা পানির স্তর কমছে, দ্রুত হিমবাহ গলছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নতুন রেকর্ডে পৌঁছেছে। তবে এই চরম পরিস্থিতির মধ্যে আশার আলো হলো, বিশ্বজুড়ে ‘আগাম সতর্কীকরণ ব্যবস্থার’ প্রসার। প্রাকৃতিক দূর্যোগের আগাম বার্তা দেওয়ার মতো আধুনিক ব্যবস্থা থাকা দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৫টি থেকে বেড়ে বর্তমানে ১৩৬টিতে দাঁড়িয়েছে।
জলবায়ুর এই দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং নতুন বিপর্যয় এড়াতে কার্যকর আগাম সতর্কীকরণ প্রযুক্তি ও তথ্য সংগ্রহের কাজে বিশ্ব নেতাদের আরো বেশি অর্থ বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, সময় পার হয়ে যাওয়ার আগেই বিশ্বব্যাপী যৌথ পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ