০৪:৪৯ পি.এম
কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারীসহ ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) রাতে টেকনাফের দক্ষিণ লম্বারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী এবং দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।
রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
তিনি উল্লেখ করেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন-২-এর অধীন সি-বিচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বারীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে অভিযান চালিয়ে পাচারের শিকার হতে যাওয়া ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধারকৃত ৯ জনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৪ বছর বয়সী মোটরসাইকেল চালক নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন