০৮:২৪ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই-এর একজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাবের অভিযোগ করেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ নারী। টেক্সাসের একটি আটক কেন্দ্রের নির্জন কক্ষে মার্কেল ওয়ালেস নামের আইসিই কর্মকর্তা তার ইচ্ছার বিরুদ্ধে যৌন উদ্দেশ্যে তাকে স্পর্শ করেছেন বলে অভিযোগ করেন এই নারী।
শনিবার মার্কিন গণমাধ্যম নিউজউইকে প্রকাশিত প্রতিবেদনে এ অভিযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
রাহাফ আলি আলমেরহিজ নামের ওই নারী, যিনি লুসি ওয়াইজ নামে পরিচিত এবং নিজের পরিচয় প্রকাশে সম্মতি দিয়েছেন, দাবি করেছেন যে আইসিই-র ডিপোর্টেশন কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে রেমন্ডভিলের এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটির একটি নির্জন, স্বয়ংক্রিয়ভাবে তালাবদ্ধ কক্ষে নিয়ে গিয়ে তার সম্মতি ছাড়াই যৌন উদ্দেশ্যে স্পর্শ করেন।
আরও পড়ুন: পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে কী কারণ?
নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে আলমেরহিজ আরো অভিযোগ করেন যে, তিনি ওই কর্মকর্তার প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাদণ্ড দেওয়ার এবং দেশ থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি বলেন, “সে আমাকে বলেছিল-আমি তোমাকে গ্রিন কার্ড দেব।” তিনি জানান, ওই কর্মকর্তা তাকে আরও বলেছিলেন যে তার স্বামী একজন বৃদ্ধ মানুষ এবং তার জন্য কিছুই করতে পারবে না। আলমেরহিজ জানান, ওয়ালেস তাকে বলেছিলেন, “আমিই একমাত্র ব্যক্তি যে তোমাকে সাহায্য করতে পারি।”
২০২৪ সালের আগস্টে মন্ট্রিল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রিও গ্র্যান্ডে ভ্যালির কাছ থেকে গ্রেপ্তার হওয়া আলমেরহিজ জানান, ২০২৬ সালের এপ্রিলে তার সাবেক আইনজীবী অভিবাসন মামলা থেকে সরে দাঁড়ানোর পর; যখন তার কোনো আইনি প্রতিনিধি ছিল না; তখনই এই নিপীড়নের ঘটনা ঘটে। তিনি জানান, অন্যান্য তদন্তকারীদের সঙ্গে একটি সাক্ষাৎকারের আগে তার মামলা নিয়ে আলোচনার কথা বলে ওয়ালেস তাকে ডেকে পাঠান এবং পরে এল ভ্যালের ভেতরে একটি ছোট, নির্জন কক্ষে নিয়ে যান।
নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) দেওয়া এক শপথনামায় আলমেরহিজ একটি ছোট টেবিলযুক্ত কক্ষের বর্ণনা দিয়েছেন, যেখানে তিনি এবং ওয়ালেস একা ছিলেন। তিনি বলেন, “ওয়ালেস আমার প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে দেন এবং আঙুল প্রবেশ করান, এরপর আমার প্যান্ট ও অন্তর্বাস টেনে নিচে নামিয়ে দেন যতক্ষণ না আমার শরীরের নিচের অংশ নগ্ন হয়ে যায়। এবং নিজের প্যান্টও নামাতে শুরু করেন।”
শপথনামায় তিনি বলেন, “এসবের কোনো কিছুতেই আমার সম্মতি ছিল না। আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং তাকে থামতে বলেছিলাম।” তিনি আরো যোগ করেন, “আমি ছিলাম একজন বন্দি, আর তিনি ছিলেন এমন একজন কর্মকর্তা যার আমার মামলা, আমার মুক্তি এবং আমার চিকিৎসার ওপর প্রভাব ছিল। তাই তার সাথে যেতে অস্বীকার করার বা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার মতো সাহস বা পরিস্থিতি আমার ছিল না।” তিনি জানান, ওয়ালেস তাকে চাপ দেওয়ার জন্য নিজের পদ এবং তার অভিবাসন পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন এবং তাকে মুক্তি পাইয়ে দেওয়া ও গ্রিন কার্ডের প্রস্তাব দিয়েছিলেন। আলমেরহিজ বলেন, ওই কর্মকর্তা তাকে নিজের ফোন নম্বরও দিয়েছিলেন। তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে।”
আরও পড়ুন: এনভিডিয়ার জেনসেনের সঙ্গে চীনা নারীর প্রেম মেনে নিয়েছেন স্বামী
আলমেরহিজের স্বামী স্যাম ওয়াইজ জানান, আইসিই হেফাজত ছাড়ার কয়েক মাস পর আগস্টের শেষের দিকে তিনি প্রথম এই নিপীড়নের কথা জানতে পারেন। আলমেরহিজ যে বন্ধুর কাছে ঘটনাটি খুলে বলেছিলেন, তার মাধ্যমেই তিনি বিষয়টি জানতে পারেন। তিনি জানান, দোষারোপ বা লজ্জার ভয়ে, অথবা তিনি তাকে ছেড়ে চলে যেতে পারেন—এমন আশঙ্কায় আলমেরহিজ তার কাছে বিষয়টি গোপন রেখেছিলেন। স্যাম ওয়াইজ নিউজউইককে বলেন, “আমি মর্মাহত এবং ক্ষুব্ধ।”
তিনি আরো বলেন, “আমি তাকে রক্ষা করতে পারিনি—এই অপরাধবোধ আমাকে কুরে কুরে খাচ্ছে। আর সে মাসের পর মাস একা ও নীরবে যে যন্ত্রণা সহ্য করেছে তা আমাকে কষ্ট দিচ্ছে। তবে লজ্জাটা ওই কর্মকর্তার, তার নয়। আমি তার সাহসের জন্য গর্বিত এবং আমি তাকে কখনোই ছেড়ে যাব না।” ওয়াইজ জানান, তার স্ত্রী টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন এবং তার ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গত ১ মে স্বেচ্ছায় দেশত্যাগের অনুমতি পাওয়া আলমেরহিজ বর্তমানে মেক্সিকোতে বসবাস করছেন, অন্যদিকে গ্রিন কার্ডধারী তার স্বামী টেক্সাসেই রয়েছেন। তবে আইসিই-র মূল সংস্থা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ডিএইচএস-এর একজন মুখপাত্র নিউজউইককে বলেন, “এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে অসদাচরণের অভিযোগগুলো মিথ্যা।”
মুখপাত্র আরো যোগ করেন, “অসদাচরণের ঘটনাগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়। প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।”
আরও পড়ুন: স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে ১৫০০ অভিবাসীর আগমন, ৬ বছরের রেকর্ড ভাঙল
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন