ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৪৭


ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৪৭

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টার মধ্যে মিরপুর বিভাগের বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চালিয়ে এই গ্রেফতারগুলো করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন এবং ভাষানটেক থানায় ৪ জন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে এসএসসি’র ফলাফল বিপর্যয় ও উত্তরণের উপায় শীর্ষক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


সুনামগঞ্জে এসএসসি’র ফলাফল বিপর্যয় ও উত্তরণের উপায় শীর্ষক সভা

সুনামগঞ্জ, ৩১ আগস্ট, ২০২৬ : "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে জেলার এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও উত্তরণের উপায় নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ৩টায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে এই সভার আয়োজন করা হয়, যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল এবং জেলা শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির, উপ-পরিচালক (অ: দা:) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক এবং সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন প্রমুখ।

সভায় এসএসসি পরীক্ষায় শতকরা ৫০ ভাগের নিচে ফলাফল পাওয়া প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল উদ্দিন।

বক্তারা এ সময় বলেন যে, ফলাফল বিপর্যয় ঠেকাতে শিক্ষকদের রুটিন ওয়ার্ক করতে হবে। তারা উল্লেখ করেন যে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত করার জন্য অভিভাবকদের সঙ্গে সভা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে গ্রামীণফোন ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পার্টনারশিপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে গ্রামীণফোন ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পার্টনারশিপ

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ করেছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল গ্রুপের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান ফুড চেইন প্রোপ্রাইটরশিপ অ্যান্ড ভেঞ্চার।

সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এসবিজি হেডকোয়ার্টারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই পার্টনারশিপের আওতায় ফুড চেইন প্রোপ্রাইটরশিপ অ্যান্ড ভেঞ্চারের অধীনে থাকা ক্যাফে লিও, সানফ্লাওয়ার, উইং স্টপ বিডি, লোলা ক্যাটারিং, টগি টয়জ এবং আসন্ন সিগনেচার ভেন্যু কোর্ট অ্যান্ড ক্যাভাস ও ফুড ডিস্ট্রিক্টে খাবারের মূল্যের ওপর ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকরা। পাশাপাশি সিগনেচার স্টার গ্রাহকরা পাবেন কমপ্লিমেন্টারি কোমল পানীয়।

এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান, ডিজিটাল সুবিধার বিস্তার এবং উদ্ভাবনী গ্রাহক-অভিজ্ঞতা নিশ্চিত করা। দুই প্রতিষ্ঠানের এই কৌশলগত অংশীদারিত্ব বাংলাদেশের খাদ্য ও সেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ফুড চেইন প্রোপ্রাইটরশিপ অ্যান্ড ভেঞ্চারের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোনের মতো একটি বিশ্বস্ত ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও মূল্যসংযোজিত সেবা, বিশেষ সুবিধা এবং আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করতে পারব বলে বিশ্বাস করি।

গ্রামীণফোন লিমিটেডের পক্ষে হেড অফ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান বলেন, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সাথে এই পার্টনারশিপ আমাদের জিপি স্টার গ্রাহকদের জীবনে নতুন ভ্যালু অ্যাড করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের দৈনন্দিন জীবনে আরও বেশি মূল্য সংযোজনের সুযোগ তৈরি করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ফুড চেইন প্রোপ্রাইটরশিপ অ্যান্ড ভেঞ্চারের সঙ্গে এই পার্টনারশিপের মাধ্যমে আমাদের জিপি স্টার গ্রাহকদের জন্য আরও কিছু বিশেষ লাইফস্টাইল সুবিধা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে নতুন-নতুন ও আকর্ষণীয় সুবিধা নিয়ে আসবে গ্রামীণফোন।

উভয় প্রতিষ্ঠান বিশ্বাস করে, এই অংশীদারিত্ব গ্রাহকসেবা, ডিজিটাল উদ্ভাবন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করবে।

গ্রামীণফোন লিমিটেডের পক্ষে হেড অফ পার্টনারশিপ মুনিয়া গনি, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে চিফ অপারেটিং অফিসার মির্জা মুজাহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোন লিমিটেডের হেড অফ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের সিনিয়র ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


গোপালপুরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে একটি উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদের সভাপতিত্বে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মী এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নজরুলের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, কাজী নজরুল ইসলাম শুধুমাত্র বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি। তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য সাহিত্যকর্ম ও জীবনাদর্শ নিয়ে আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: চান মিয়া, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: জোবায়েরুল হক আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস লেলিন, হাজ্বী বোরহান উদ্দিন প্রমুখ।

সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন আলমগীর হোসেন, ফারুক হোসেন, সাদিকুল ইসলাম আনসারি, সান্তনা পাল সিঁথি, অর্পিতা পাল, রমা রায়, পূজা রাণী সূত্রধর, সায়ন্তী সরকার, আরবি ইসলাম ও মোঘল সাইফা সারা।

নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন সায়ন্তী সরকার, অমৃতা। কবিতা পাঠে অংশগ্রহণ করেন সাংবাদিক, কবি ও বাচিকশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, অর্পিতা পাল, শ্রুতি দেবনাথ, খুশি, নাজিফা আমিন, থারইয়ান মাশিন, ইউসা মুস্তারি সারা ও মোহন সীন।

একপর্যায়ে অনুষ্ঠানের আয়োজকবৃন্দ জানায়, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে গোপালপুরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এই আয়োজনের মাধ্যমে জাতীয় কবির জীবন, দর্শন ও সৃষ্টিকর্মের সঙ্গে নতুন প্রজন্মকে আরও ব্যাপকভাবে পরিচিত করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন জাসাস গোপালপুরের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহানুর আহম্মেদ সোহাগ। সহ-সঞ্চালক হিসেবে ছিলেন মো: নুরুন নবী কাঞ্চন, মো: রোকনুজ্জামান ও জাহাঙ্গীর আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


গফরগাঁওয়ে গাছ কাটতে গিয়ে কাঠুরিয়ার মৃত্যু

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ কাটার সময় একটি ডাল পড়ে মোহাম্মদ মোস্তাফা (৪৫) নামে এক কাঠুরিয়া প্রাণ হারিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে গফরগাঁও থানায় নিয়ে যায়। নিহত মোহাম্মদ মোস্তাফা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের মৃত শামছুল আলমের পুত্র। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ মোস্তাফা সহ ৪-৫ জন কাঠুরিয়া সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের মোঃ শাহজাহানের বাড়িতে শ্রমিক হিসেবে গাছ কাটতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে একজন শ্রমিক লম্বরি গাছের একটি বড় ডাল কাটছিলেন এবং মোহাম্মদ মোস্তাফা সহ তিনজন নিচ থেকে দড়ি টানছিলেন। হঠাৎ ডালটি নিচে পড়ার সময় অন্য দুই শ্রমিক দৌড়ে সরে যেতে সক্ষম হলেও মোহাম্মদ মোস্তাফা ডালের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ জানান, গাছ কাটার সময় অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%