০৪:৫৮ পি.এম
ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আগামী তিন মাসের জন্য বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা প্রদান করেছে। এই কর্মসূচির আওতায়, প্রতি শনিবার এডিস মশা নিধনের জন্য বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথ এবং অন্যান্য স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা সহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, মৌসুমি বৃষ্টিপাত, জমে থাকা পানি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার প্রজননক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এ পরিস্থিতিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি বলে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাস বিশেষ কর্মসূচি পালন করতে হবে। এ সময় প্রতি শনিবার এডিস মশা নিধনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণকেন্দ্র, এটিএম বুথসহ সব স্থাপনা এবং আশপাশের এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে—এমন স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সার্কুলারে পরিত্যক্ত ফুলের টব, অব্যবহৃত কৌটা, পুরোনো টায়ার এবং প্লাস্টিকের বোতলসহ যেসব পাত্রে পানি জমতে পারে, সেগুলো ধ্বংস বা অপসারণ করতে বলা হয়েছে। পাশাপাশি ভবনের ছাদ, গ্যারেজ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ফ্রিজ, পানির ট্যাংক ও রান্নাঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে।
ব্যাংকের কার্যালয়ের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক স্থাপনাগুলোতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ব্যাংকের কর্মস্থল ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত মশা নিধনের ওষুধ, স্প্রে অথবা কয়েল ব্যবহার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে গ্রাম, শহর ও নগরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান—যেমন পৌর সভা ও সিটি করপোরেশনের গৃহীত উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন