বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:০৩ এম
জড় ও জীবসহ সকল কিছু মহান আল্লাহর সৃষ্টি। পবিত্র কুরআনে তিনি ঘোষণা করেছেন যে, ভূপৃষ্ঠে বিচরণকারী সকল প্রাণীর রিজিক বা জীবিকার দায়িত্ব তাঁর ওপর। ইসলামি আকিদা অনুযায়ী, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তবে শরিয়ত বাস্তবসম্মত ও চিকিৎসাগত প্রয়োজনকে সম্পূর্ণ উপেক্ষা করে না। পরিস্থিতি ও প্রয়োজনীয়তার তারতম্য অনুযায়ী জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতির ক্ষেত্রে শরিয়তের বিধান ভিন্ন হয়ে থাকে।
১. জন্মনিয়ন্ত্রণের তিন পদ্ধতি ও শরিয়তসম্মত বিধান
মৌলিকভাবে জন্মনিয়ন্ত্রণ বা প্রজনন নিয়ন্ত্রণের তিনটি পদ্ধতি রয়েছে। ক্ষেত্রবিশেষে এগুলোর বিধানও ভিন্ন হয়—
ক. স্থায়ী পদ্ধতি (চিরতরে প্রজনন ক্ষমতা নষ্ট করা)
পুরুষের ভ্যাসেকটমি (Vasectomy) বা নারীর লাইগেশনের (Tubal ligation) মতো স্থায়ী পদ্ধতির মাধ্যমে বংশবিস্তারের ক্ষমতা চিরতরে নষ্ট করা সাধারণ অবস্থায় সম্পূর্ণ নিষিদ্ধ ও হারাম। কারণ এর মাধ্যমে আল্লাহর স্বাভাবিক সৃষ্টির পরিবর্তন ঘটানো হয়।
ব্যতিক্রমী বিধান: তবে নির্ভরযোগ্য ও দ্বীনদার চিকিৎসকদের সুনির্দিষ্ট পরামর্শ অনুযায়ী যদি গর্ভধারণের কারণে মায়ের জীবননাশের চরম ঝুঁকি বা দুরারোগ্য ব্যাধির আশঙ্কা থাকে, কেবল তবেই জীবন রক্ষার্থে এটি গ্রহণের অবকাশ রয়েছে।
খ. অস্থায়ী পদ্ধতি (সাময়িক বিরতি)
কনডম ব্যবহার, পিল সেবন কিংবা প্রাকৃতিক নিয়মের মতো যেসব পদ্ধতিতে প্রজনন ক্ষমতা চিরতরে নষ্ট হয় না, সেগুলোর ব্যবহার সুনির্দিষ্ট কিছু শর্তে বৈধ। রাসুলুল্লাহ (সা.) ও সাহাবিগণের যুগে ব্যবহৃত ‘আজল’ (যৌন মিলনের সময় বীর্য বাইরে ফেলা)-এর হাদিসকে ভিত্তি করে আলেমগণ এর বৈধতার কথা বলেছেন। শর্তগুলো হলো—
তবে মনে রাখতে হবে, দরিদ্রতা বা ভবিষ্যৎ রিজিকের ভয়ে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ, কারণ রিজিকদাতা আল্লাহ। এছাড়া এ ধরনের সিদ্ধান্ত এককভাবে নেওয়া যায় না; স্বামী ও স্ত্রী উভয়ের পারস্পরিক সম্মতি অপরিহার্য।
গ. গর্ভপাত ঘটানোর বিধান
গর্ভধারণের পর তা নষ্ট করা বা গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে সময়ের পরিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ—
চার মাসের কম সময়: গর্ভধারণের ফলে মায়ের জীবন বা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে এবং ভ্রূণে প্রাণ সঞ্চার হওয়ার আগে (সাধারণত প্রথম ৪ মাসের মধ্যে) শরয়ি প্রয়োজনে গর্ভপাত করার অবকাশ রয়েছে।
চার মাস বা তদূর্ধ্ব সময়: ভ্রূণে প্রাণ সঞ্চারিত হওয়ার পর (৪ মাস অতিক্রান্ত হলে) কোনো অবস্থাতেই গর্ভপাত করা জায়েজ নয়; এটি সম্পূর্ণ হারাম।
২. কুরআন ও হাদিসের আলোকে রিজিক ও প্রাসঙ্গিক নির্দেশনা
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মানুষের রিজিকের নিশ্চয়তা দিয়ে ইরশাদ করেন—
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا
‘পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর ওপরই ন্যস্ত।’ (সুরা হুদ: আয়াত ৬)
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার অফুরন্ত ভাণ্ডারের এক চমৎকার রূপক তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ.
‘হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত মানুষ এবং সমস্ত জিন একত্রে একটি ময়দানে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করে আর আমি প্রত্যেককে তার প্রার্থনা অনুযায়ী দান করি, তবে আমার কাছে যা আছে তা কেবল এতটুকুই হ্রাস পাবে, যেমন সুঁই সমুদ্রে ডুবিয়ে তুলে নিলে সমুদ্রের পানি হ্রাস পায়।’ (মুসলিম ২৫৭৭)
৩. রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ও প্রচারণার দৃষ্টিভঙ্গি
ইসলামে ব্যক্তিগত বা চিকিৎসাগত প্রয়োজনে অস্থায়ী পদ্ধতি গ্রহণের অবকাশ থাকলেও, কোনো রাষ্ট্রের পক্ষ থেকে মানুষের সন্তান জন্মদানের স্বাধীনতায় সাধারণ হস্তক্ষেপ বা বাধ্যতামূলক আইন প্রণয়ন করা এবং এর ব্যাপক প্রচার-প্রচারণা চালানো ইসলামসম্মত নয়। ব্যক্তিবিশেষের একান্ত বাধ্যবাধকতা ও পারিবারিক প্রয়োজনের পরিধি এর বাইরে থাকবে।
সংক্ষেপে বলা যায়, ইসলামে জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা কোনো উৎসাহিত বিষয় নয়, বরং এটি বিশেষ কিছু পরিস্থিতিতে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য একটি অবকাশ মাত্র। স্থায়ীভাবে প্রজনন ক্ষমতা নষ্ট করা বা বিনা কারণে জন্মনিয়ন্ত্রণ করা নিষিদ্ধ হলেও মা বা সন্তানের স্বাস্থ্য সুরক্ষা এবং সন্তানদের সঠিক লালন-পালনের স্বার্থে পারস্পরিক সম্মতিতে অস্থায়ী পদ্ধতি অবলম্বনের অনুমোদন রয়েছে। ইসলাম সর্বদা ভারসাম্য, মধ্যমপন্থা এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার শিক্ষা দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে টাঙ্গন নদী থেকে প্রতিদিন লাখ লাখ টাকার বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। জেলা সদরের বরুনাগাঁও এলাকায় নদীতে ড্রেজার মেশিন বসিয়ে যত্রতত্র বালু তুলে বিক্রি করা হচ্ছে।
নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হচ্ছে। পরে ভেকু মেশিনের মাধ্যমে ট্রাকে ভর্তি করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। বছরের পর বছর ধরে এভাবে বালু উত্তোলনের অভিযোগ থাকলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেয়ায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি নদী ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে বরুনাগাঁও এলাকায় গিয়ে দেখা গেছে, টাঙ্গন নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাশেই স্তূপ করে রাখা হয়েছে। পরে ভেকু মেশিন দিয়ে ট্রাকে বালু ভর্তি করে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বরুনাগাঁও এলাকাতেই কয়েকটি স্থানে এভাবে বালু উত্তোলন চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরুনাগাঁও এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সাইফুল ইসলাম সবুজ নামে একজন। তিনি জেলা শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া একই এলাকায় সেলিম, জালাল ও রাব্বিসহ আরও কয়েকজন স্থানীয় প্রভাব বিস্তার করে নদী থেকে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাদের বিরুদ্ধে নদীর বালু উত্তোলন ও বিক্রির মাধ্যমে অবৈধভাবে লাখ লাখ টাকা আয়ের অভিযোগ তুলেছেন।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা এভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছেন। প্রশাসনের সামনে এমন কার্যক্রম চললেও কেন কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না, তা তাদের বোধগম্য নয়। তাদের দাবি, অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ও তলদেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা চাই নিয়ম মেনে সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করা হোক। কিন্তু প্রভাবশালীরা নিজেদের মতো করে নদী থেকে বালু তুলে বিক্রি করছেন। বছরের পর বছর এমন কার্যক্রম চললেও কার্যকর কোনো প্রশাসনিক ব্যবস্থা দেখা যাচ্ছে না।’
এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘নদীর পাশের জমির মালিকের সঙ্গে চুক্তি করে বালু উত্তোলন করছি।’ তবে তিনি ইজারার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া অন্যদের বালু উত্তোলনের বিষয়টি অস্বীকার করে দায় অন্যদের ওপর চাপান তিনি।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলা সদরের নারগুণ এলাকায় একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি বা ইজারা দেয়া হয়েছে। এ ছাড়া অন্য কোথাও বালু উত্তোলনের অনুমতি দেয়া হয়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, অনুমতি ছাড়া কেউ বালু উত্তোলন করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, নির্দিষ্ট একটি স্থানে বালু উত্তোলনের অনুমতি থাকলেও বরুনাগাঁওসহ বিভিন্ন স্থানে কীভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও বিক্রি চলছে, তা খতিয়ে দেখতে হবে। জড়িতদের চিহ্নিত করে অবৈধ বালু উত্তোলন বন্ধ, সরকারি রাজস্ব রক্ষা এবং টাঙ্গন নদীকে ক্ষতির হাত থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনার সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম মঞ্জু এসব মন্তব্য করেন।
খুলনার মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপট যথাযথভাবে তুলে না ধরে অপ্রাসঙ্গিক সংবাদ প্রকাশ করায় অসন্তোষ প্রকাশ করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিমের ভূমিকা নিয়ে তার বক্তব্যের যে ব্যাখ্যা একটি সংবাদে তুলে ধরা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন মঞ্জু। তিনি একই সঙ্গে ডিআইজির কাজের অভিজ্ঞতা ও অতীত কর্মদক্ষতার প্রশংসা করেন।
মঞ্জু বলেন, তিনি খুলনা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। খুলনা রেঞ্জের ডিআইজি এবং খুলনা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্ব ও কর্মপরিধি পুরোপুরি আলাদা। মেট্রোপলিটন এলাকার অপরাধ নিয়ন্ত্রণে রেঞ্জ ডিআইজি কি করবেন? বিষয়টি না বুঝেই ডিআইজিকে সংবাদে টেনে আনা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, খুলনায় মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্যে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, হাসপাতাল, ক্লিনিক ও সেবা কেন্দ্রের মতো প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হচ্ছে। রেস্টুরেন্টে হামলা চালানো হচ্ছে। কোচিং সেন্টারগুলোতে চাঁদাবাজি চলছে। চিকিৎসক ও ব্যবসায়ীরা আতঙ্কে ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজির অভিযোগও করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফলে সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও মাসে প্রায় ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। এই উৎপাদনের সংখ্যা যুদ্ধের পূর্ববর্তী সক্ষমতার তুলনায় প্রায় অর্ধেক।
বুধবার (১১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের একটি প্রতিবেদনে পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেলেও তেহরান ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে ঘাটতি তৈরি হলেও দেশটির কাছে এখনো বিপুল পরিমাণ নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে এসব অস্ত্র ব্যবহারের ফলে বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মজুত কমে গেছে।
মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অন্তত ১ হাজার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। এর মধ্যে প্রায় ৬৫০টি ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৪০ লাখ ডলার। বছরে এ ধরনের ক্ষেপণাস্ত্র মাত্র ৬৫০টি উৎপাদন করা হয়।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ৪ হাজার ৯০০টির বেশি শাহেদ ড্রোন এবং অন্তত ২ হাজার ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে এখনো ১ হাজার ৭০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করা এবং দেশের জনগণের জন্য সরকার পরিবর্তনের পরিস্থিতি তৈরি করাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য ছিল।
তবে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটিয়েছে তেহরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক দিক থেকে ইরান যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে ২৭ অক্টোবরের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে ইরানে নতুন করে হামলা চালানোর পক্ষে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) হাঙ্গেরির হাঙ্গারিকুম লিগেট হোটেলে ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়সমূহের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এইউএপি) ৩৮তম বার্ষিক সম্মেলনের সহ-আয়োজক হিসেবে অংশগ্রহণ করছে। সম্মেলনে ১৬টি দেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
‘রিইমাজিনিং হায়ার এডুকেশন ইন দ্য এজ অব এআই: ইনোভেশন, ইনক্লুশন অ্যান্ড ইমপ্যাক্ট ফর আ সাসটেইনেবল ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বৈশ্বিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ, উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি সম্মেলনের অন্যতম আকর্ষণ হিসেবে ‘বিল্ডিং হিউম্যান-সেন্টারড, এন্ট্রাপ্রেনিউরিয়াল অ্যান্ড সাসটেইনেবল ইউনিভার্সিটিজ ইন দ্য এজ অব এআই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল বক্তব্যে ড. মো. সবুর খান কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়, উচ্চশিক্ষায় উদ্যোক্তা মানসিকতার বিকাশ এবং টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রচলিত শিক্ষাপদ্ধতির সীমাবদ্ধতা অতিক্রম করে সবার জন্য উন্মুক্ত ও উদ্ভাবননির্ভর শিক্ষার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে সমস্যা সমাধানকারী, উদ্যোক্তা এবং দায়িত্বশীল বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
আন্তর্জাতিক এ সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অংশগ্রহণ বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদার এবং উচ্চশিক্ষায় উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই রূপান্তরবিষয়ক আন্তর্জাতিক আলোচনায় অবদান রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে তুলে ধরছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ