ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় নিহত ২৪, আহত ৯৪


হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে গুলির ঘটনায় নিহত ২৪, আহত ৯৪

হ্যালোইন উৎসবের রাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া সহিংসতার ফলে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত বিভিন্ন স্থানে নাইট ক্লাব, পোশাকের দোকান, স্টেডিয়ামের বাইরে এবং কলেজ ক্যাম্পাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে নিহতের সংখ্যা ৬ জন বলে জানানো হয়েছিল।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজন নিহত হয়েছেন। রবিবার ভোর ১টা ৪০ মিনিটের দিকে হ্যালোইন পার্টিতে যোগ দিতে লাইনে অপেক্ষারত ১৭ বছর বয়সী এক কিশোরী লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত হন।

জ্যাকসনভিলের আরেকটি স্থানে ভোর ৩টা ৪৫ মিনিটে শতাধিক মানুষের একটি ঘরোয়া পার্টি থেকে লোকজন রাস্তায় বের হওয়ার সময় গোলাগুলি শুরু হয়। এতে ১০ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত ১৫ বছর বয়সী এক কিশোরীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে অন্য একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: দিল্লির ২ স্থানে আগুনে প্রাণ গেল ৪ জনের

এদিকে, মিসিসিপির জ্যাকসনের একটি নাইট ক্লাবে গোলাগুলিতে দুজন নিহত এবং চারজন আহত হয়েছেন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে বন্দুকধারীর গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুই কিশোর-কিশোরীর অবস্থা আশঙ্কাজনক ছিল।

অন্যদিকে, ওকলাহোমা সিটিতে হ্যালোইন পার্টি চলাকালে গোলযোগের খবর পেয়ে পুলিশ একটি ট্রেলার পার্কে যায়। সেখানে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এ ছাড়া গাড়ির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং অনুষ্ঠানস্থলের আশপাশে গোলাগুলিতে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

আলাবামার বার্মিংহামে ‘লিজিয়ন ফিল্ড’ স্টেডিয়ামের বাইরে গোলাগুলিতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ওই দিন স্টেডিয়ামে আলাবামা এ অ্যান্ড এম ও আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ নামে পরিচিত একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে গোলাগুলিতে আটজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: তুরস্কের পার্লামেন্ট সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল

একই সময়ে ইলিনয় থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছেও গোলাগুলির ঘটনা ঘটে। হ্যালোইন ও ‘হোমকামিং’ উৎসব উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। ব্লুমিংটন পুলিশ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে গোলাগুলিতে ওই ব্যক্তি অস্ত্রটি ব্যবহার করেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, হ্যালোইনের সময় সহিংসতার ঝুঁকি থাকলেও এ ধরনের ঘটনা প্রতিরোধ করা বেশ কঠিন।

টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবারের সংবাদ সম্মেলনে ডালাসের পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো বলেন, ‘আমরা জানতাম, শনিবার রাতে হ্যালোইন উৎসব হবে। তাই পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।’

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, গোলাগুলির সময় ডিপ এলামের রাস্তায় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন। এলাকাটিতে বেশ কয়েকটি বার, রেস্তোরাঁ ও কনসার্টের আয়োজনস্থল রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ায় সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

চলতি বছর ডিপ এলামে অন্তত সাতটি বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা কয়েকটি প্রতিষ্ঠানও রয়েছে। রবিবার সকাল নাগাদ পুলিশ এলাকাটির কিছু অংশ ঘিরে ফেললে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে ছিল আবর্জনা। পুলিশ প্রধান কোমো বলেন, ‘এটি একেবারেই অগ্রহণযোগ্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বায়েজিদ রায়হান (২৭) এবং অন্যজন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন (৪৯)।

পুলিশ ও প্রবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফুজাইরাহ-খোরফাক্কান সড়কের আল ফৌজ এলাকায় পণ্য সরবরাহের কাজে নিয়োজিত ছিলেন বায়েজিদ রায়হান। ডেলিভারি মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। উল্লেখ্য, বায়েজিদ ৫ বছর আগে আরব আমিরাতে আসেন।

এর ঠিক আগের দিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে শারজার আল খোয়াজামিয়া শিল্প এলাকায় আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারান বোয়ালখালীর মহসিন। কর্মস্থলে যাওয়ার সময় পিকআপ ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে আল কাসিমি হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহসিনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন তার বড় ভাই রেজাউল করিম সিকদার। মহসিন মাত্র ২ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে গিয়েছিলেন। তার বাড়ি বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নে অবস্থিত।

দুই প্রবাসীর মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি এবং আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে দুজনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পুলিশি আনুষ্ঠানিকতা ও দূতাবাসের প্রক্রিয়া শেষে মরদেহ দুটি দেশে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারিসে আন্তর্জাতিক বইমেলায় লেখক-পাঠকের মিলন ঘটল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


প্যারিসে আন্তর্জাতিক বইমেলায় লেখক-পাঠকের মিলন ঘটল

ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। এতে অংশগ্রহণ করে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে আসা প্রায় ৩০ জন লেখক এবং ২৫টি স্টল। লেখক, কবি, প্রকাশক ও পাঠকদের উপস্থিতিতে মেলাটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক মিলনমেলায় পরিণত হয়।

প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এই বইমেলায় লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক, আবৃত্তিকার ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন। ফ্রান্স ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে লেখকেরা এতে যোগদান করেন।

এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব শুরু হয়। পরে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ বইমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।

সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে আটজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন হাসানুজ্জামান রিপন, এনামুল হক, রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল। বইমেলায় অংশ নেওয়া স্টলগুলোর প্রতিনিধিদেরও প্রশংসাপত্র প্রদান করা হয়।

বইমেলার কর্মসূচিতে কবিতা পাঠ, লেখকদের স্বরচিত লেখা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত ছিল। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি নিজেদের লেখা কবিতা পাঠ করেন।

রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ।

শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকেরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, ব্যবসায়ী সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জাহান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা মন্তব্য করেন যে, প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকেরা জানান, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এই বইমেলার মূল উদ্দেশ্য।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমাপনী ঘোষণা করেন প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে পাকিস্তানি ট্যাংকারে হামলা, ইরানের অনুমতি ছিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


হরমুজে পাকিস্তানি ট্যাংকারে হামলা, ইরানের অনুমতি ছিল

ইরান কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদ চলাচলের সুনির্দিষ্ট অনুমতি পাওয়ার পরও হরমুজ প্রণালির কাছে পাকিস্তানগামী একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহী ট্যাংকার হামলার শিকার হয়েছে। মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পারস্য উপসাগরীয় অঞ্চলে এ ঘটনা ঘটে। এই হামলার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যার ফলে পাকিস্তানে অত্যন্ত প্রয়োজনীয় এই গ্যাস চালান পৌঁছানো নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘আল মায়েদা’ নামের জাহাজটি কাতার থেকে এলএনজি বোঝাই করে পাকিস্তানে আসছিল। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজটির নিরাপদ পথ নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষ আগে থেকেই কূটনৈতিক চ্যানেলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরান জাহাজটিকে অতিক্রম করার সবুজ সংকেত দেয় এবং অনুমতি নিশ্চিত করে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তবে সুনির্দিষ্ট অনুমতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সমুদ্রপথে জাহাজটি হামলার শিকার হয়। এই হামলার নেপথ্যে কারা রয়েছে কিংবা ঠিক কী পরিস্থিতিতে এটি পরিচালিত হয়েছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো স্পষ্টতা পাওয়া যায়নি।

কাতারের গ্যাস পরিবহনকারী সরকারি প্রতিষ্ঠান ‘নাকিলাত’ এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের পরিচালনাধীন ‘আল মায়েদা’ এলএনজি বাহক জাহাজটি ৩০ অক্টোবর সন্ধ্যায় উপসাগরীয় পানিসীমায় একটি ‘অজ্ঞাত বস্তু’ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে তারা নিশ্চিত করেছে যে, এ ঘটনায় জাহাজের কোনো ক্রু বা নাবিক হতাহত হননি এবং কোনো সামুদ্রিক বা পরিবেশগত ক্ষতির ঘটনাও ঘটেনি। নাকিলাত জানিয়েছে, আঘাত পাওয়ার পরও জাহাজটি সম্পূর্ণ নিরাপদে এবং পরিচালনাগতভাবে সক্ষম অবস্থায় রয়েছে। ক্ষতির মাত্রা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে তারা নাবিকদের সার্বিক নিরাপত্তা তদারকি করে যাচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ইসলামাবাদ তেহরানের কাছ থেকে নিরাপদ ট্রানজিটের নিশ্চয়তা পাওয়ার পরেই এই ঘটনা ঘটে। তবে কেবল এই তথ্যের ওপর ভিত্তি করে এখনই সরাসরি ইরানকে দায়ী করার সুযোগ নেই। বিশেষ করে কাতারভিত্তিক নাকিলাত তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে সুনির্দিষ্ট কোনো দেশ বা গোষ্ঠীর নাম উল্লেখ করা থেকে বিরত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে যাচ্ছেন জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে। তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশগ্রহণ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

এই সফরের মাধ্যমে সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু তহবিলের ঋণের পরিবর্তে অনুদান দেওয়ার দাবি জানাবে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের নির্দিষ্ট তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও তা করা হবে।"

প্রধানমন্ত্রী তুরস্ক সফর করবেন খুবই স্বল্প সময়ের জন্য। তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশগ্রহণ করবেন।

শামা ওবায়েদ জানান, সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এই অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা তুলে ধরা হবে।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%