ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগ


ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় বিনিয়োগ

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ গ্রহণ করেছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথভাবে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে এই প্রতিষ্ঠান দুটি। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেড, যা শতভাগ স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সরকারের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ কর্মকর্তা, বারাকা গ্রুপ ও পিআইডিজির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন: রিয়েল এস্টেট সেক্টর বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়ার আহ্বান শাহাদাত হোসাইনের

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে সরকারের চলমান লক্ষ্যমাত্রা অর্জন ও ৪৫ মিলিয়ন ইউএসডির বিদেশি বিনিয়োগের উদ্যোগকে খাতসংশ্লিষ্টরা একটি বিশাল মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রকল্পটি ২ বছরের মধ্যে বাস্তবায়িত হলে দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানিতে রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বৈদেশিক ও বেসরকারি বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে। প্রকল্পটির সাথে সরকারের চুক্তি ২০ বছরের বলে জানা গেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বাস্তবায়নাধীন এ প্রকল্প আন্তর্জাতিক অংশীদারত্ব ও বেসরকারি খাতের অংশগ্রহণের সম্ভাবনাকে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে এবং দেশের জ্বালানি খাতের বহুমুখীকরণে ভূমিকা রাখবে।

এ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বারাকা গ্রুপ, পিআইডিজি (PIDG) এবং অন্যান্য অংশীদারদের আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। বাংলাদেশের প্রতি তাদের আস্থা ও বিনিয়োগের আগ্রহ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন যে, এ প্রকল্প দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুপ্রেরণা জোগাবে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে তরুণ উদ্যোক্তা উন্নয়নে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি

উদ্বোধনী অনুষ্ঠানে বারাকা গ্রুপ ও বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী প্রকল্পটি বাস্তবায়নে দেশীয় প্রতিষ্ঠান বারাকা গ্রুপের ওপর আস্থা রাখার জন্য পিআইডিজি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বৈদেশিক মুদ্রায় বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন যে, আগামী দিনগুলোতে বাংলাদেশের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে পিআইডিজি তাদের বিনিয়োগের ধারা আরও প্রসারিত করবে। সরকারের ২০৩০ সালের ভিশনের সাথে তাল মিলিয়ে এ ধরনের আরও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে জোরালো অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ চৌধুরী প্রতিষ্ঠানের সার্বিক পরিচিতি, কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সৌরবিদ্যুৎ খাতে এর ভূমিকা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে বারাকা ইনফ্রাকো সোলার পাওয়ার লিমিটেডের পরিচালক নাঈম আহমদ চৌধুরী সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে পিআইডিজির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা জিলস ভাস, এশিয়া অঞ্চলের ব্যবসা উন্নয়ন প্রধান ডেনিস ফু এবং ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জুয়ান জিন।

আরও পড়ুন: হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ ও এবি ইনভেস্টমেন্টসের কৌশলগত সহযোগিতার উদ্যোগ

উল্লেখ্য, দেশের অন্যতম সফল ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান বারাকা গ্রুপ ২০০৯ সাল থেকে অত্যন্ত সুনামের সঙ্গে বিদ্যুৎ খাতে অবদান রেখে আসছে এবং অতীতে ৩১৬ মেগাওয়াট ও বর্তমানে জাতীয় গ্রিডে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুৎ ছাড়াও তৈরি পোশাক, স্বাস্থ্যসেবা, সিকিউরিটিজ ও শিক্ষা খাতে প্রতিষ্ঠানটির সফল পদচারণা রয়েছে। অন্যদিকে, ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইনফ্রাকো এশিয়া পিআইডিজির অধীনে পরিচালিত একটি স্বনামধন্য আন্তর্জাতিক অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগকারী সংস্থা। যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সুইডেন ও কানাডা-বিশ্বের এই ছয়টি উন্নত দাতা দেশের সহায়তায় সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই অবকাঠামো নির্মাণে কাজ করে যাচ্ছে।

বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টদের মতে, স্থানীয় বিদ্যুৎ খাতে বারাকা গ্রুপের দীর্ঘ দেড় দশকের অভিজ্ঞতা এবং অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগে পিআইডিজির বিশ্বমানের দক্ষতার এই সম্মিলন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের এক নতুন ও সম্ভাবনাময় দ্বার উন্মোচন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

​কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


কাউখালীতে জুমার বয়ানে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা পরিহারের আহ্বান

দেশের চলমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা পরিহার করার বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে শুক্রবার (২০ নভেম্বর) পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন জামে মসজিদে বিশেষ জুমার বয়ান অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজারস্থ কাউখালী কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজের পূর্বে এই বয়ান পেশ করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি হাফেজ ইমরান ফরহাদ উজিরপুরী।বয়ানে খতিব মুফতি ইমরান ফরহাদ উজিরপুরী পবিত্র কোরআন ও হাদিসের উদ্ধৃতি তুলে ধরে বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামে অন্যায়ভাবে কারো জানমালের ক্ষতি করা, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা বা সমাজে ফেতনা-ফাসাদ ও নাশকতা সৃষ্টি করা সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ।তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শর্ত হলো স্থিতিশীলতা ও শান্তি-শৃঙ্খলা। নাগরিক হিসেবে প্রত্যেকের উচিত নিজ নিজ অবস্থান থেকে ধৈর্য ধারণ করা, গুজবে কান না দেওয়া এবং সমাজে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার জন্য তিনি উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানান।নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং দেশের শান্তি-শৃঙ্খলা অব্যাহত থাকার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। জুমার নামাজে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে বাংলাদেশের রাজনীতি টেনে না আনার আহ্বান লেবার এমপি আথওয়ালের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


ব্রিটেনে বাংলাদেশের রাজনীতি টেনে না আনার আহ্বান লেবার এমপি আথওয়ালের

পূর্ব লন্ডনের ইলফোর্ড সাউথ এলাকায় সহিংসতার ঘটনার পর যুক্তরাজ্যে বাংলাদেশি রাজনীতির চর্চা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল।

তিনি সতর্ক করে বলেছেন, ব্রিটেনের রাজপথে বাংলাদেশের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের কোনো স্থান নেই। আথওয়াল বলেন, ‘বাংলাদেশি রাজনীতি বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। যুক্তরাজ্যে এ ধরনের রাজনীতির কোনো জায়গা নেই।’

সোমবার রাতে লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মীদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আথওয়াল এ মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাজ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আথওয়াল জানান, সোমবার দিনের শুরুতে তিনি পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের কাছে সরাসরি বিষয়টি তুলে ধরেন এবং তাকে সহিংসতার ভিডিও ফুটেজ দেখান।

আথওয়াল বলেন, পররাষ্ট্রমন্ত্রী এখন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে তা তুলে ধরার আশ্বাস দিয়েছেন। মিলিব্যান্ডের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় তিনি মর্মাহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে জানিয়েছেন।’

বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে ব্রিটেনের ভূমিকা রাখার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন লেবার পার্টির এমপি জাস আথওয়াল। যুক্তরাজ্যকে ‘সকল গণতন্ত্রের জননী’ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশি রাজনীতিকে কেন্দ্র করে ব্রিটেনে সহিংসতা ছড়িয়ে পড়া কারও জন্যই ভালো ফল বয়ে আনছে না। বরং এর ফলে ব্রিটিশ রাজনীতিবিদদের পক্ষে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ ও তাদের সম্প্রদায়ের হয়ে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

আথওয়াল বলেন, ‘ব্রিটিশ পার্লামেন্টে নিজেদের পক্ষে কথা বলার জন্য যারা রাজনীতিবিদদের সহযোগিতা চান, সহিংসতা তাদেরও কোনো উপকারে আসবে না। সহিংসতার মাধ্যমে কোনো দাবি আদায় করা যায় না। বরং এতে অন্যদের সহযোগিতা পাওয়ার পথ আরও কঠিন হয়ে যায়।’

ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মানুষকে আইন মেনে চলা ও পরিশ্রমী হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘কয়েক দশক ধরে, এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সম্প্রদায় যে সুনাম গড়ে তুলেছে, এক রাতের সহিংসতায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সুনাম এক রাতের উচ্ছৃঙ্খলতায় নষ্ট হয়ে গেছে। ওই রাতে যারা সহিংসতায় জড়িয়েছে, তারা পুরো সম্প্রদায়কে হতাশ করেছে। এটি আমাদের সবার জন্য লজ্জার বিষয়। এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’

তিনি আরো বলেন, এ ঘটনার প্রভাব শুধু সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। স্থানীয় বাসিন্দারাও নিজেদের এলাকায় আতঙ্কের মধ্যে পড়েছেন। পরিস্থিতি এমন ছিল যে, অনেকে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন।

আথওয়াল বলেন, ‘যেসব স্থানীয় মানুষকে ওই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাদের কথা ভাবুন। মানুষ ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছিলেন। একটি সম্প্রদায় হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডানপন্থী রাজনীতিবিদরা অভিবাসীদের গণহারে নিজ দেশে ফেরত পাঠানোর দাবি তুলছেন। সহিংসতার আগেও তারা এ ধরনের দাবি জানিয়েছিলেন। সাম্প্রতিক ঘটনা অভিবাসনবিরোধীদের এসব দাবির পক্ষে নতুন যুক্তি তুলে ধরার সুযোগ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদরা এই ঘটনার সমালোচনা করছেন এবং গণহারে অভিবাসীদের ফেরত পাঠানোর দাবি জানাচ্ছেন। সহিংসতার আগেও তাঁরা এমন দাবি তুলেছিলেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, যাতে তাদের এমন দাবি জানানোর কোনো অজুহাত তৈরি করে না দিই।’

তিনি আরো সতর্ক করেন, কয়েকজন ব্যক্তির সহিংস কর্মকাণ্ডের দায় পুরো ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের ওপর চাপানো উচিত নয়। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে পুরো সম্প্রদায়কে একইভাবে বিচার করা কিংবা যুক্তরাজ্যে তাদের বসবাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেওয়া যাবে না।

আথওয়াল বলেন, ‘ডানপন্থী রাজনীতিবিদদের এমন কথা বলার সুযোগ দেওয়া উচিত নয় যে, আমরা সবাই একই রকম এবং নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়া উচিত।’

আথওয়াল বলেন, ব্রিটেন বাংলাদেশি প্রজন্মের মানুষদের উন্নত জীবন গড়ার সুযোগ দিয়েছে। তাই তিনি বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি ব্রিটেনের মূল্যবোধকে সম্মান করার এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা আরও ভালো জীবন ও উন্নত জীবনযাপনের আশায় ব্রিটেনে এসেছিলাম।

ব্রিটেন আমাদের প্রতি অত্যন্ত সদয় হয়েছে। এখন আমাদের উচিত দেশটির মূল্যবোধকে সম্মান করা এবং নিজেদের দায়িত্ব পালন করা। কারণ, আমাদের সন্তান ও পূর্বপুরুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।’

সহিংসতার ঘটনায় আথওয়াল জানান, তিনি মেট্রোপলিটন পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখতে রেডব্রিজ কাউন্সিলকেও বলেছেন। এলাকায় কাউন্সিলের জননিরাপত্তা দল নিয়মিত টহল দেবে। তিনি বলেন, ‘আমি বলেছি, তদন্তে যেন কোনো কিছুই বাদ না যায়। সব দিক খতিয়ে দেখতে হবে। কারণ, এ ধরনের সহিংসতা আর ঘটতে দেওয়া যায় না।’

স্থানীয় এলাকায় শান্তি বজায় রাখাকে সবার সম্মিলিত দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এই সহিংসতা বৃহত্তর বাংলাদেশি সম্প্রদায়, রেডব্রিজ কিংবা তাঁর নির্বাচনী এলাকা ইলফোর্ড সাউথের প্রকৃত চিত্র নয়। আথওয়াল বলেন, ‘এটা আমরা নই। এটা বাংলাদেশি সম্প্রদায় নয়, রেডব্রিজ নয়, এমনকি ইলফোর্ড সাউথও নয়।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ও সেতুবন্ধন আরো শক্তিশালী করতে এখনো কাজ করার সুযোগ রয়েছে।

তাৎক্ষণিক পরিস্থিতির বাইরে গিয়ে আথওয়াল ব্রিটিশ-বাংলাদেশিদের নিজেদের ইতিহাস এবং ব্রিটেনের জন্য আগের প্রজন্মের অবদানের কথা স্মরণ করে গর্ববোধ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বাকিংহাম প্যালেসের কাছে অবস্থিত কমনওয়েলথ মেমোরিয়াল গেটস এবং ব্রিটেনের বিভিন্ন যুদ্ধে বাংলাদেশি পুরুষদের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

এ ছাড়া ব্রিটিশ-বাংলাদেশিদের বিভিন্ন অবদানের কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় (এনএইচএস) চিকিৎসক ও নার্স হিসেবে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্থানীয় সম্প্রদায়ের সেবায় নিয়োজিত মানুষদের অবদানের প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


গফরগাঁওয়ে ভোরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মো. আজিম সরকার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে গফরগাঁও-ভালুকা এশিয়ান হাইওয়ের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আজিম সরকার গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গফরগাঁও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক মো. আজমল সরকারের চাচাতো ছোট ভাই।

দুর্ঘটনায় আহত অপর দুই যুবক হলেন মো. রিফাত (২৬) ও মো. আলমগীর (২৪)। তাঁরা উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা এবং মো. নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলের আরোহীরা গুরুতর আহত হন। এই সময় প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে আহত তিন যুবককে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মো. আজিম সরকারের মৃত্যু হয় বলে চিকিৎসক নিশ্চিত করেন।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লাবিবা হক জানান, মো. আজিম সরকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আহত মো. রিফাত ও মো. আলমগীরের অবস্থা বিবেচনায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার পুলিশ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় রিজভীর নিন্দা ও শাস্তির দাবি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি একই সঙ্গে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ দাবি জানান। বিবৃতিটি বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন পাঠিয়েছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার গভীর রাতে এবি পার্টির কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়, যার ফলে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

রিজভী অভিযোগ করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ আবারও দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তিনি মন্তব্য করেন, এ ধরনের হামলা ও সন্ত্রাসের মাধ্যমে দেশের জনগণকে ভীত করা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, অগ্নিসংযোগ, হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষাংশে রুহুল কবির রিজভী মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%