বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং
০৭:০৯ পি.এম
ভারতের কাছ থেকে আরও বেশি ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান যে, বৃহস্পতিবার বিকেল থেকেই যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) গ্যাস সরবরাহ শুরু করবে। মন্ত্রী বলেন, "বিকেল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে। সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেসারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উৎরে যেতে পারবো।"
গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, "স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।"
গ্যাস সংকটের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় প্রচুর লোডশেডিং হচ্ছে; এ বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, "স্বাভাবিকভাবে গ্যাস না থাকলে মানুষও পাবে না, আমার পাওয়ার স্টেশনও পাবে না। এখন আমার যে পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার চালু করবো।"
এ সময় বিদ্যুতের ভূতুড়ে বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বিদ্যুতের ভূতুড়ে বিলের অভিযোগ এলে যখন আমরা বলি, বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে।" তিনি জানান, "এক, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছি আমরা। দুই, মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছিল না। এখন কিছুদিন আগে আপনাদেরই এক সাংবাদিক ফেসবুকে দিয়েছিলেন যে তার বিল ছিল সাড়ে ৩ হাজার টাকা, ৭ হাজার টাকা আসছে। আমার লোক যে, পরীক্ষা করে দেখে আসছে, উনি দুটি এসি চালান। উনার ফ্রিজ আছে। ব্লেন্ডার চালান উনি। এত কিছু চালানোর পরেও ৭ হাজার টাকা যদি বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এরকম এত কিছু চালানো যায়।"
ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না?— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন মিটিং হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।" ভারত থেকে ডিজেল আমদানি প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের সঙ্গে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে; তাদের বলেছি আরও বেশি দেওয়ার জন্য।"
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, "আমি শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন। দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন উনি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলায় বাসের ধাক্কায় সাইদুল ইসলাম (৩২) নামের একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাইদুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, বারইয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাচ্ছিল। অটোরিকশাটি যখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজকুঞ্জরা ইউটার্ন এলাকায় পৌঁছায়, তখন পেছন থেকে একটি স্টার লাইন পরিবহনের বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাচালক সাইদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রীও আহত হয়েছেন, যাকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাকে মহাসড়ক থেকে সরিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে শ্রেণিকক্ষ থেকে ৫টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায় যে, গতকাল ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বেলা ২টার দিকে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং দপ্তরি প্রতিদিনের মতো প্রতিটি শ্রেণিকক্ষে তালা লাগিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।
আজ ৬ আগস্ট সকাল ৮:৩০ মিনিটে শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে গেট ও দরজার তালা ভাঙা এবং দরজা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে শ্রেণিকক্ষ থেকে ৫টি ফ্যান গায়েব থাকার বিষয়টি নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। ঘটনার খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশের একাধিক টিম বিদ্যালয়টি পরিদর্শনে যায়। পুলিশ পরিদর্শনের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। চুরির বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদুর রহমান প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, "বানারীপাড়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান চুরির খবর পেয়ে আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্রকে সনাক্ত করতে ইতিমধ্যেই বেশ কয়েকজন চৌকস কর্মকর্তা তদন্ত শুরু করেছেন।"
উল্লেখ্য, বিদ্যালয়টিতে বিগত কয়েক বছর ধরে কোনো সীমানা প্রাচীর নেই। উত্তর ও পূর্ব দিক খোলা থাকায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত প্রাঙ্গণটিতে মাদকসেবীদের আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও শিক্ষকদের মতে, পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী না থাকায় বিদ্যালয়টি চোর চক্র ও অসামাজিক কার্যকলাপের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক।
তিনি উল্লেখ করেন, শত বছরের পুরনো এই হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হলেও এর চিকিৎসক, জনবল, যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অপ্রতুল। হাসপাতাল আধুনিকায়ন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
আবু সুফিয়ান আরও বলেন, ইনডোর ও আউটডোরে রোগীরা যেন কাঙ্খিত সেবা পেতে পারেন সে বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। হাসপাতালের কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসূতি সেবা উন্নত করার প্রস্তাব করে আবু সুফিয়ান বলেন, হাসপাতালের অবকাঠামোগুলো শত বছরের পুরনো হওয়ায় মেরামত করলেও কাজ টেকসই হচ্ছেনা। নতুন ভবন নির্মাণ এবং মেরামত কাজের প্রস্তাব পেয়েছি। অচিরেই অর্থমন্ত্রী মহোদয় হাসপাতাল পরিদর্শন করবেন। নতুন ভবন নির্মাণসহ যাবতীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি ও সংসদ সদস্য ব্যরিস্টার শাকিলা ফারজানা বলেন, হাসপাতালের সমস্যা আছে বলেই আমরা আছি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সকল সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক ভবন নির্মাণ необходимо। যাতে এক ভবনেই সকল চিকিৎসা সেবা পাওয়া যায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ একরাম হোসেনের সঞ্চালনায় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. সাইফুদ্দিন মো. তারেক, সাংবাদিক মিঞা মো. আরিফ, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, মো. আনামুল হক ইকবাল, আলহাজ্ব আব্দুল মান্নান, ডা. হোসনা আরা বেগম, মিজ মঞ্জু রানী দাশ উপস্থিত ছিলেন।
সভায় জনবল বৃদ্ধি, নতুন ভবন নির্মাণ, এনআইসিউ স্থাপন, প্রসূতি সেবা বৃদ্ধি, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য আলাদা চিকিৎসা সেবা কর্ণার চালু করা এবং গরীব অসহায়দের জন্য এনআইসিইউ ওয়ার্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে কাউকে অব্যাহতি দেওয়া যাবে না।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএসসি) প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা বিষয়ক দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও সমন্বয়কারী সংস্থা এনসিএসসির ১৩তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা নিরীক্ষার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ নিরীক্ষার ফলাফলের সঙ্গে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিবিড়ভাবে সম্পৃক্ত। যেসব ক্ষেত্রে পর্যবেক্ষণ আসতে পারে, সেসব বিষয়ে আইসিএও’র মানদণ্ড শতভাগ অনুসরণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেন।
আফরোজা খানম আরও বলেন, যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যাত্রীদের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন প্রতিরোধে সরকার অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপন করবে।
তিনি বলেন, প্রায় তিন বছর পর এনসিএসসির সভা হয়েছে। তাই এর সিদ্ধান্তগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক হতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরবচ্ছিন্ন নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করতে ন্যূনতম প্রয়োজনীয়তার চেয়ে বেশি সংখ্যায় স্ক্যানারসহ নিরাপত্তা সরঞ্জাম সংরক্ষণ করতে হবে। পাশাপাশি বিমান চলাচল নিরাপত্তা আইন লঙ্ঘনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন সংস্থার মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার করা, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির কার্যকর বাস্তবায়ন, আইসিএওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত পরিকল্পনা গ্রহণ।
কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে নিরাপত্তা আরও জোরদার করা, আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেম (ইউভিএসএস)-এর কার্যকারিতা বৃদ্ধি এবং দেশের সব বেসামরিক বিমানবন্দরে জরুরি পরিস্থিতি মোকাবিলা ও সংকট ব্যবস্থাপনা জোরদারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করে।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অননুমোদিত জনসমাগম, ভিক্ষাবৃত্তি এবং অবৈধ লাগেজ মোড়ানোর কার্যক্রম প্রতিরোধে ক্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বাংলাদেশ পুলিশ, আনসার, বিমানবন্দর ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ করা হয়।
যাত্রীসেবা উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে কমিটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ