মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১৩ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, যদি কেউ প্রমাণ দিতে পারে যে তিনি বিদেশে এক টাকাও বিনিয়োগ করেছেন, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠানে এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, "শুধু প্রমাণ করুন যে আসিফ মাহমুদ বিদেশে এক টাকাও বিনিয়োগ করেছেন বা দেশের বাইরে সামান্য এক চিমটি ধুলাও কিনেছেন। বিদেশে কোথাও এক টাকাও পাওয়া গেলে সেদিনই আমি রাজনীতি ছেড়ে দেবো।"
তিনি নিজের বিরুদ্ধে ওঠা সর্বশেষ অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। তার বক্তব্য, এসব অভিযোগের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় নিয়োগ, বদলি ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত প্রসঙ্গে আসিফ বলেন, "এসব অভিযোগের ভিত্তিতে দুদক চার সদস্যের একটি তদন্ত দল গঠন করে সংশ্লিষ্ট নথিপত্র চেয়েছে।"
বিদেশে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে আসিফ মন্তব্য করেন যে, তার বিরুদ্ধে দুবাইয়ে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের যে অভিযোগ করা হয়েছে, সেসব অঙ্ক "আজকের কণ্ঠ" নামের একটি ফেসবুক পেজের ১১ ফেব্রুয়ারির পোস্টের তথ্যের সঙ্গে মিলে যায়।
তিনি পেজটিকে আওয়ামী লীগের ‘প্রচারপেজ’ হিসেবে উল্লেখ করে বলেন, "আমরা জানি না আজকের কণ্ঠ দুদক চালায়, নাকি দুদক আজকের কণ্ঠ চালায়। বিষয়টি খুবই বিভ্রান্তিকর।"
একটি মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা বাড়ানোর অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন।
আসিফ বলেন, "শুরুতে প্রকল্পটির আওতায় প্রায় ১৫০টি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল। পরে তা প্রায় সব উপজেলায় সম্প্রসারণ করা হয়। পাশাপাশি জমি অধিগ্রহণ, প্যাভিলিয়ন ও দর্শকদের বসার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত হওয়ায় প্রকল্পের ব্যয় বেড়েছে।"
তিনি আরও বলেন, "সংশোধিত প্রকল্পটি অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয় এবং এটি এখনো বাস্তবায়নাধীন। দুর্নীতি হয়ে থাকলে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ারও আহ্বান জানান তিনি।"
সরকারের দায়িত্বে থাকাকালে তার কিছু কর্মকাণ্ডে কয়েকজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা অসন্তুষ্ট ছিলেন বলেও দাবি করেন আসিফ। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বর্তমান তদন্ত করা হচ্ছে। তবে তিনি ওই নেতাদের নাম বা দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।
দুদকের তদন্ত শেষ হওয়ার আগেই অভিযোগগুলোকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপনের জন্য গণমাধ্যমের কিছু অংশের সমালোচনা করেন তিনি। আসিফ বলেন, "এই মিডিয়া ট্রায়ালের কারণে আমি ভুক্তভোগী হয়েছি।"
তিনি বলেন, "হয়তো কয়েক মাস বা এমনকি কয়েক বছর পর দুদকের তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হব। কিন্তু ততদিনে যে ক্ষতি হওয়ার, তা হয়ে যাবে।"
এ সময় তার দুই বোনজামাই ও এক ভাগ্নে অর্থ পাচারের সঙ্গে জড়িত এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন আসিফ। তিনি দাবি করেন, "তার মাত্র একজন বোনজামাই রয়েছেন এবং তার ভাগ্নের বয়স প্রায় আড়াই থেকে তিন বছর।"
তিনি বলেন, "আপনারা অর্থ পাচারের অভিযোগে এমনকি একটি শিশুকেও টেনে আনছেন। এটি অত্যন্ত দুঃখজনক।"
সবশেষে আসিফ মাহমুদ বলেন, "দয়া করে উভয় পক্ষের বক্তব্য শুনে বিচার করুন। শুধু ক্লিকবেইট শিরোনামের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল ১৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় প্রকাশিত হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ রবিবার শেষ হয়েছে। এখন নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের অপেক্ষা রয়েছে।
বোর্ডের সূত্র জানায়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন ১৩ সেপ্টেম্বর রবিবার রাত ৮টায় শেষ হয়েছে। এবারে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যেসব শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় ২ সেপ্টেম্বর। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারছেন।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করলে তাদের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। ছাত্র-ছাত্রীদের ভর্তি কার্যক্রম আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা জানিয়েছেন, কেডিএ শুধুমাত্র কংক্রিটের ভবন বা ভৌত অবকাঠামো নির্মাণের কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অবহেলিত খুলনাবাসীর সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষামূলক পদক্ষেপ এবং সামাজিক কল্যাণ সাধনে তাদের প্রতিশ্রুতি রয়েছে।
তিনি উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেডিএ সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করে তাদের স্বাবলম্বী হতে এবং ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।
গতকাল কেডিএ মিলনায়তনে আর্থিক অনুদান প্রদানকালে সম্মানিত গ্রহীতা, কর্মকর্তা, সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের সামনে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্দেশ্যে নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে উন্নয়নমূলক ও মানবিক কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (উন্নয়ন) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, উপপরিচালক (প্রশাসন) সাধন কুমার বিশ্বাস ও মো. সাইফুল ইসলাম, কেডিএ রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম নুরুল আলম দীপু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে, যা গণভোটের রায় বাস্তবায়নসহ ৮ দফা দাবির সাথে সম্পর্কিত। সিরাজগঞ্জে এ লংমার্চ সফল করার উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে অবস্থিত একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, "গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে।" তিনি আরও বলেন, "এ কারণে জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।"
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সাথে প্রতারণা করেছে। তিনি বলেন, "আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি, কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না।"
সংবাদ সম্মেলনে জামায়াতের এই নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। তিনি জানান, "বারবার প্রতিবাদ করার পরও তারা কর্ণপাত করছে না, এ কারণেই আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।" তিনি আশা প্রকাশ করেন, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে তা বাস্তবায়ন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান (এমপি), কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি জননেতা মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ অন্যান্য দলীয় ও জোটের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা প্রায় ৬ মাস ধরে একযোগে আত্মগোপনে রয়েছেন। প্রশাসনিক শূন্যতা ও প্যানেল চেয়ারম্যান নির্বাচন নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ফলে নাগরিক সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
প্যানেল চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্ব ও পরিষদে তালাদের অনুপস্থিতিতে আইন ও বিধিবিধান উপেক্ষা করে প্যানেল চেয়ারম্যান মনোনীত করা এবং ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ ও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এরই জেরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ সদস্যরা। বর্তমানে সেখানে তালা দেয়া ও ভাঙার মতো ঘটনা ঘটছে, যা প্রশাসনিক জটিলতাকে আরও ঘনীভূত করেছে।
আত্মগোপনে থাকা ৫ চেয়ারম্যান
অনুসন্ধানে জানা গেছে, কর্মস্থলে অনুপস্থিত থাকা ৫ চেয়ারম্যানের সবাই বিগত ক্ষমতাসীন সরকারের দলীয় পদধারী বা অনুসারী। তারা হলেন,
উপজেলার ১নং রঘুনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান স্বতন্ত্র আবু সাঈদ
২ নং আমরাজুড়ি ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর মুন্সী
৩ নং কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান
৪ নং চিড়াপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইফুজ্জামান মিন্টু ও
৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী সিদ্দিকুর রহমান।
নাগরিক ভোগান্তি ও স্থবির উন্নয়ন
স্থানীয় বাসিন্দারা জানান, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও ট্রেড লাইসেন্সের মতো জরুরি সেবা পাওয়ার উদ্দেশ্যে এসে তারা পরিষদে কাউকে খুঁজে পাচ্ছেন না। এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সংস্কার কাজ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ভাতা বিতরণ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হচ্ছে।
কাউখালী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল জানান, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় দাপ্তরিক নথি স্বাক্ষর ও সাধারণ সেবা নিশ্চিতে তাদের চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা দুলাল হোসেন এই দীর্ঘ প্রশাসনিক স্থবিরতায় ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে সরকারি বিধি অনুযায়ী সব পরিষদে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রশাসনের পদক্ষেপ ও বর্তমান অবস্থা
ইউনিয়ন পরিষদগুলোর প্রশাসনিক অচলাবস্থা নিরসনে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইতিপূর্বে পাঁচটি ইউনিয়নেই প্রশাসক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
ইতিমধ্যে আমরাজুড়ি ইউনিয়নে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা আইটি কর্মকর্তা মেহেদী হাসানকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা যায় তারা এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি না। তবে তাদের মধ্যে কেউ কেউ বলেন ,রাজনৈতিক চাপ আছে।
এ ব্যাপারে অবশিষ্ট ৪টি ইউনিয়নে পিরোজপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন জানান, উপজেলার বাকি ৪টি ইউনিয়নের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। উক্ত ইউনিয়ন পরিষদগুলোতে দ্রুত নতুন প্রশাসক নিয়োগের জন্য সম্পর্কিত মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। অনুমতি পেলেই সেখানে নতুন প্রশাসক নিয়োগ দিয়ে অচলাবস্থা কাটানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ