ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবনের সাবেক জলদস্যুদের অপরাধীর তকমা পিছু ছাড়ছে না, স্বাভাবিক জীবনে ফেরার লড়াই


সুন্দরবনের সাবেক জলদস্যুদের অপরাধীর তকমা পিছু ছাড়ছে না, স্বাভাবিক জীবনে ফেরার লড়াই

একসময় অস্ত্র হাতে থাকা জলদস্যুরা, যাদের ভয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়ার সাহস পেতেন না জেলেরা, তাদের অনেকেই এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। তবে সুন্দরবন এখনও পুরোপুরি দস্যুমুক্ত হয়নি। সম্প্রতি সুন্দরবন রিজিয়ন-৬-এর (এসআরবি-৬) কাছে ৭৪ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তারা অস্ত্র ছেড়ে মাছ ধরার জাল হাতে নিয়েছেন। জীবিকার তাগিদে নদী ও বনের কঠিন জীবন বেছে নিয়েছেন। কিন্তু অপরাধের অতীত পেছনে ফেলে নতুন করে বেঁচে থাকা কতটা সহজ? পরিবার, সমাজ ও জীবিকার সঙ্গে প্রতিদিনের লড়াইয়ে সাবেক জলদস্যুরা কেমন আছেন?

সুন্দরবনের অন্যতম জলদস্যু বাহিনী দুলাভাই বাহিনীর প্রধান আফজাল হোসেন ২০১৮ সালে দস্যুতা ছেড়ে আত্মসমর্পণ করেছিলেন। তবে কিছুদিন পর তিনি আবারও অপরাধজগতে ফিরে যান। আফজাল জানান, স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও সমাজ তাকে গ্রহণ করেনি। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি আবারও দস্যুতায় জড়িয়ে পড়েন। তবে সম্প্রতি তিনি নতুন করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।

আফজাল হোসেন বলেন, "কেউ একবার খারাপ পথে গেলে সেখান থেকে ফিরে আসার পর যদি কেউ তাকে বুকে টেনে নিয়ে বলতেন, ‘ভাই, ফিরে এসেছিস, খুব ভালো কাজ করেছিস। আয়, আমার বুকে আয়।’ তাহলে হয়তো নতুন করে বাঁচার সাহস মেলে; কিন্তু কেউ এমন কথা বলেন না। বরং সবাই আবারও অপরাধের অন্ধকারে ঠেলে দেন।"

আরও পড়ুন: সুশৃঙ্খল উন্নয়ন পরিকল্পনায় সিলেট ক্রিকেটের হারানো ঐতিহ্য ফিরে পেতে চায়

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সুন্দরবনের নদী-খালে মাছ ধরতে যাওয়া মানেই ছিল অনিশ্চয়তা। জলদস্যুদের কবলে পড়ার ভয়, মুক্তিপণের জন্য অপহরণ এবং সর্বস্ব হারানোর আতঙ্ক ছিল সাধারণ ঘটনা। পুরো সুন্দরবনজুড়ে জলদস্যুদের দাপট ছিল।

সুন্দরবনের নদীগুলো একসময় তাদের অপরাধজগতের অংশ ছিল। ২০১৮ সালে সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয়। সেই সময় বহু জলদস্যু আত্মসমর্পণ করেন। কিন্তু কিছুদিন পর তাদের অনেকেই আবারও দস্যুতায় ফিরে যান।

এখন আবার অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে। তবে অতীত থেকে মুক্ত হয়ে নতুন করে বাঁচার লড়াই এখনও শেষ হয়নি। তাদের এই প্রত্যাবর্তন কতটা স্থায়ী হবে, তা নির্ভর করছে ব্যক্তিগত সিদ্ধান্ত, জীবিকার সুযোগ, সামাজিক গ্রহণযোগ্যতা ও কার্যকর পুনর্বাসনের ওপর।

সম্প্রতি আত্মসমর্পণ করা সাবেক কয়েকজন জলদস্যুর সঙ্গে কথা হয় সময় সংবাদের। তাদের প্রত্যেকের গল্প প্রায় একই। অস্ত্রের জীবন ছেড়ে মাছ ধরার জালে ফিরেছেন তারা। পরিবার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। কিন্তু এলাকায় ফিরেও কাটছে না অপরাধীর তকমা। মানুষের অবিশ্বাস, সামাজিক দূরত্ব ও জীবিকার অনিশ্চয়তায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তাদের।

আরও পড়ুন: ৪৫ বছর পর বাংলাদেশে ফিরে এসে মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ

এক সাবেক জলদস্যু বলেন, "আগে প্রশাসনকে ঘৃণা করতাম। কিন্তু গত দুই মাসে প্রশাসনের সদস্যদের আচরণে আমার ধারণা বদলেছে। এ সময়ে তারা আমার খোঁজখবর নিয়েছেন, কেউ বিরক্ত করেননি। ফলে এখন শান্তিতে খাওয়া-ঘুমাতে পারছি।"

আরেক সাবেক জলদস্যু বলেন, "আগে সব সময় ভয় কাজ করত; কখন অন্য কোনো বাহিনী এসে গুলি করে, কখন প্রশাসন, কোস্টগার্ড, র‍্যাব বা পুলিশের মুখোমুখি হতে হয়। পানিতে নামলে কুমিরের ভয়, বাঘের ভয়-সব মিলিয়ে এক ধরনের আতঙ্কের মধ্যে থাকতে হতো। তবে এখন নতুন জীবন পেয়ে ভালো আছি।"

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সুন্দরবন আবারও অশান্ত হয়ে ওঠে। তবে গত দুই মাসে এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের কয়েকটি বাহিনীর ৭৪ জন জলদস্যু। এবারের আত্মসমর্পণ যেন আগের মতো ব্যর্থ না হয়, সে জন্য তাদের সামাজিক সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সুন্দরবনের প্রায় ছয়টি জলদস্যু বাহিনীর ৭৪ জন সদস্য এসআরবি-৬ খুলনার কাছে আত্মসমর্পণ করেছেন। এসময় ৭৩টি অস্ত্র, ৮৫২ রাউন্ড গুলি এবং দস্যুতায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আত্মসমর্পণকারীরা ঠিক আছেন কি না, স্বাভাবিক পেশায় ফিরেছেন কি না, কোনো ধরনের অসুবিধা বা আইনি সমস্যায় পড়ছেন কি না-এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকা সহ দুইজন গ্রেফতার

তবে সুন্দরবনে এখনও সক্রিয় রয়েছে বেশ কয়েকটি জলদস্যু বাহিনী। তাদেরও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে যোগাযোগ অব্যাহত রেখেছে এসআরবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ৩৩ নিহতের দাবি রিয়াদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ৩৩ নিহতের দাবি রিয়াদের

ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের দ্বারা সৌদির পূর্বাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে যে, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ দাম্মাম শহর এবং আল-আহসা ও আবকাইক গভর্নরেটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্কবার্তা জারি করার পর এই বিবৃতিটি প্রকাশিত হয়।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানার নিকটবর্তী একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে। এই ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছে।

হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিএসজির টানা ১১তম জয়, ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


পিএসজির টানা ১১তম জয়, ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করল

পিএসজি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নেমে আক্রমণে বেশ সমস্যার সম্মুখীন হয়। তবে ইলিয়া জাবারনির গোলে কষ্টার্জিত জয় পেয়ে লুইস এনরিকের দল লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

শনিবার লিগ আঁ ত্রোয়াকে ১-০ গোলে পরাজিত করেছে পিএসজি। সব প্রতিযোগিতার হিসাব মিলিয়ে প্যারিসের ক্লাবটির এটি টানা ১১তম জয়।

পার্ক দে প্রাঁসে অনুষ্ঠিত ম্যাচের ৩৯তম মিনিটে সেনি মায়ুলুর ক্রস থেকে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইউক্রেনীয় ডিফেন্ডার জাবারনি। শেষ পর্যন্ত সেই গোলই ব্যবধান গড়ে দেয়। নবাগত ত্রোয়া বর্তমানে অবনমন অঞ্চলে থাকা দলের মধ্যে রয়েছে।

চোটের কারণে খভিচা কভারাৎসখেলিয়া, উসমান দেম্বেলে, নুনো মেন্দেস, ম্যাগনেস আকলিওশ এবং অধিনায়ক মার্কিনিওস খেলতে পারেননি। এছাড়া আশরাফ হাকিমিকে বিশ্রাম দেওয়া হয় এবং জোয়াও নেভেসকে বদলি হিসেবে নামানো হয়।

তবে এসব অনুপস্থিতি সত্ত্বেও পিএসজির জয় পেতে কোনো সমস্যা হয়নি। সিটি ফুটবল গ্রুপের সমর্থন থাকলেও ত্রোয়ার জন্য লিগ ওয়ানে টিকে থাকা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।

সপ্তাহের মাঝামাঝি চ্যাম্পিয়ন্স লিগে ভিয়ারিয়ালকে ৬-০ গোলে পরাজিত করার পর এবারও জয় ধরে রাখল পিএসজি। লিগ ওয়ানে তারা টানা সপ্তম জয় অর্জন করেছে এবং শীর্ষে থাকা দলটি এখন প্যারিস এফসির চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে।

সব প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচের এই জয়রথ ২০২৩ সালে দায়িত্ব নেওয়া লুইস এনরিকের অধীনে পিএসজির সবচেয়ে দীর্ঘ জয়ধারা।

এনরিকে বলেন, "এটা অর্জন করা খুবই কঠিন এবং বিরল ব্যাপার।"

তিনি আরও বলেন, "ফুটবল এমন একটি খেলা যেটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সবসময়ই কঠিন। তবে আমি সামগ্রিকভাবে ১১ ম্যাচের জয়ধারার চেয়ে আন্তর্জাতিক বিরতির পরের আটটি জয় নিয়ে বেশি খুশি।"

"খেলোয়াড়রা জাতীয় দলের দায়িত্ব শেষে ফিরে এলে আমরা একই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।"

দেজিরে দুয়ের দ্রুত নেওয়া কর্নার থেকে আসা আক্রমণে জাবারনির গোলটি চলতি মৌসুমে তার দ্বিতীয় গোল ছিল। এরপর ধারণা করা হচ্ছিল পিএসজি বড় ব্যবধানে জয়লাভ করবে।

কিন্তু স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেস একাধিক ভালো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। পিএসজির হয়ে প্রথম ছয় ম্যাচে সাত গোল করা এই তারকা এখন টানা আট ম্যাচ ধরে গোলের দেখা পাচ্ছেন না।

তবে এনরিকে তার নিয়ে উদ্বিগ্ন নন। পিএসজি কোচ বলেন, "তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা স্বাভাবিক বিষয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আক্রমণভাগের খেলোয়াড়রা সুযোগ তৈরি করছে। আর আজ তাদের গোলরক্ষকও দারুণ খেলেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্টিন ওডেগারের গোলে আর্সেনালের স্বস্তির ১-০ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


মার্টিন ওডেগারের গোলে আর্সেনালের স্বস্তির ১-০ জয়

গোলের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল। একের পর এক আক্রমণ করেও হালের রক্ষণ ভাঙা যাচ্ছিল না। অবশেষে অধিনায়ক মার্টিন ওডেগারের গোলে আর্সেনাল হালের বিরুদ্ধে ১–০ ব্যবধানে জয় লাভ করেছে। এই জয়ের ফলে মিকেল আর্তেতার দল প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের। তবে প্রথমার্ধে তারা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। কাই হাভার্টজ একবার গোলরক্ষকের মুখোমুখি হয়ে গোল করতে পারেননি। অন্যদিকে, হালও কয়েকটি আক্রমণে স্বাগতিকদের সতর্ক করে দেয়, যার ফলে ডেভিড রায়াকে একটি গুরুত্বপূর্ণ সেভ করতে হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। ৭২ মিনিটে ননি মাদুয়েকের শট ঠেকিয়ে দেন হালের গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস। ফিরতি বল পেয়ে জালে পাঠান ওডেগার। তাঁর গোলেই শেষ পর্যন্ত গানারদের জয় নিশ্চিত হয়।

শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আর্সেনাল। তবে আর গোল না হওয়ায় ম্যাচটি ১–০ ব্যবধানে শেষ হয়। এই জয়ের মাধ্যমে আর্সেনাল ম্যানচেস্টার সিটির চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়ছে

উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে। গত কয়েক দিনের তুলনায় রোববার (৮ নভেম্বর) আবারও তাপমাত্রা হ্রাস পেয়েছে।

দিনের বেলা গরম আবহাওয়া বিরাজমান থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়ছে। সেইসঙ্গে কুয়াশা নামতে শুরু করেছে। ভোরে হালকা কুয়াশা থাকলেও, অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে জেলার চারপাশ।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে আজ রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় রোববার ভোর সকাল থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার পরিমাণ কম লক্ষ্য করা গেছে। তবে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হীম বাতাসের তীব্রতা ছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা অনুভূত হওয়ায় প্রয়োজনের সময় গরম কাপড় পড়ে বের হতে হচ্ছে।

পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম সময় সংবাদকে জানান, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আস্তে আস্তে শীতের অনুভূতি বাড়ে। রাতে কম্বল কাথা ছাড়া ঘুমানো সম্ভব হচ্ছে না। একই সাথে সকালে গরম কাপড় ছাড়া বের হওয়া কঠিন হয়ে পড়ছে।

মেহেদী হাসান নামে একজন সময় সংবাদকে বলেন, পঞ্চগড় জেলায় শীত নেমে এসেছে। কিছুদিন ঘন কুয়াশায় ঢাকা থাকে, আবার কিছুদিন হালকা থাকে। তবে দিনে খানিকটা গরম আবহাওয়া থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে।

এ সময় মইনুদ্দিন নামে এক রিকশা চালক ও ফজলুল নামে এক মোটরসাইকেল আরোহীর সাথে কথা হয়। তারা সময় সংবাদকে জানান, রাতেও সকালে শীতের কাপড় ছাড়া গাড়ি চালানো সম্ভব হয় না। গাড়ি চালানোর সময় প্রচন্ড ঠাণ্ডা বাতাস শরীরে লাগে। এ সময় জ্যাকেট পরে কাজের উদ্দেশ্যে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ছয়টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, একই তাপমাত্রা সকাল নটায়ও রেকর্ড হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে গতকাল শনিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আগামীতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%