ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বাগেরহাট আইনজীবী ফোরামের বিক্ষোভ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ


বাগেরহাট আইনজীবী ফোরামের বিক্ষোভ, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এর বিরুদ্ধে বাগেরহাট আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি খুলনা-বাগেরহাট মহাসড়ক ধরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে ঘুরে আবার আইনজীবী সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দিপু।

আরও পড়ুন: সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানাকে গ্রেফতার

এছাড়া বক্তব্য রাখেন পিপি মাহবুব মোর্শেদ লালন, নারী ও শিশু আদালতের কৌঁসুলি আব্দুল মান্নান হাওলাদার, ওয়াদুদ মুক্ত, দুদকের আইনজীবী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মনিরুজ্জামান এবং ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইনসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ওয়াহিদুজ্জামান দিপু উল্লেখ করেন, গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীরা মোল্লাহাটে ঢোকার চেষ্টা করলে নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে তাদের প্রতিহত করেন। একপর্যায়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার হরণ করে আসছে। শেখ হাসিনার আমলে মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য—কোনো পর্যায়েই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এমনকি আইনজীবী সমিতিতেও ভোট হয়নি।

দিপু অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে লুটপাট করা হয়েছে। তার দাবি, তিন টাকার কাজ তিন কোটি টাকা দেখিয়ে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে দিপু বলেন, ‘তিনি দেশে ফিরবেন কি না, সেটা তার ব্যাপার। তবে দেশে ফিরলে প্রচলিত আইনে তার ফাঁসিতে ঝুলতেই হবে।’

দিপু আরও বলেন, দেশে জ্বালাও-পোড়াও করে কোনো লাভ হবে না। যেকোনো মূল্যে নৈরাজ্য প্রতিহত করতে তারা রাজপথে আছেন এবং থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


আজ আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস পালিত

আজ ২৯ নভেম্বর, আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস। এ বছরের প্রতিপাদ্য হলো ‘ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করা’। প্রতিবছর এই দিনটি পালন করা হয় ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সমর্থন জোরদার এবং ন্যায়সংগত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৯৪৭ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে বিভক্ত করার পরিকল্পনা বা ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ অনুমোদন করেছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে প্রতিবছর সংহতি দিবসটি উদযাপন করা হয়।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা প্রদান করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রতিশ্রুতি সত্ত্বেও ফিলিস্তিনিরা এখনো দখলদারিত্বের মধ্যে বসবাস করছেন এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২৬ সালের এই দিবসটি এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গাজায় ইসরায়েলের যুদ্ধের ভয়াবহ পরিণতি এখনও ফিলিস্তিনিদের ওপর প্রভাব ফেলছে। যুদ্ধবিরতি চুক্তির পরও সেখানে বেসামরিক মানুষ সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছেন।

অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ ইসরায়েলি বসতি সম্প্রসারণ, বাড়িঘর উচ্ছেদ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে। এসব কর্মকাণ্ড ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও অস্তিত্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ন্যায়সংগত শান্তির দাবিতে সংগ্রাম করে আসছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক ফোরামে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য সমর্থন জোরদার করাই এই দিবস পালনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম শিহাব (২৬), তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের আব্বাস বাজার এলাকার মকুল আলীর ছেলে পিয়াস (২৭) এবং খাসপাড়া মানু মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথে শিহাবের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পাওয়ার ট্রলির চালক পালিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে কানসাট পল্লী বিদ্যুতের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে তিন নতুন এমডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে তিন নতুন এমডি

পেট্রোবাংলা রাষ্ট্রায়ত্ত তিনটি কোম্পানি, তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর শীর্ষ পদে পরিবর্তন এনেছে। তিন এমডিকে পেট্রোবাংলায় বদলি করে তাদের স্থানে তিনজন মহাব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।

বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার জায়গায় বাপেক্সের দায়িত্ব পেয়েছেন উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।

আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবদলের কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


চট্টগ্রামে যুবদলের কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৪

নগরীর পাহাড়তলীতে যুবদলের একটি ফুটবল টুর্নামেন্ট ও কনসার্টের সমাপ্তির পর গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়েছে। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগান নিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার পাহাড়তলী শাহজাহান মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষ হওয়ার পর লোকজন বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। মিছিলটি কোন দিক দিয়ে গেছে কিংবা পরে তাঁরা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, কনসার্ট শেষে একটি ছোট মিছিল নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কয়েকজনকে ধরে থানায় সোপর্দ করেছি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%