বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৮ পি.এম
মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীকে কেন ভালোবাসেন, কেন নির্বাচনে তাঁর পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং একই মাসলাকের না হয়েও তাঁকে সমর্থন করার কারণ কী—এমন নানা প্রশ্নের জবাব দিয়েছেন মুফতি মোজাম্মেল হক মাছুমি।
সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, তাহেরী সাহেবের সঙ্গে তাঁর মাসলাকি মিল না থাকলেও জাতীয় ও ধর্মীয় স্বার্থ বিবেচনায় তাঁকে সংসদে দেখতে চেয়েছিলেন।
স্ট্যাটাসে মাছুমি বলেন, নির্বাচনের সময় তিনি বারবার বোঝানোর চেষ্টা করেছেন, কেন তাহেরী সাহেবের সংসদে যাওয়া জরুরি ছিল। তাঁর বিশ্বাস, সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি উত্থাপনের ক্ষেত্রে তাহেরী সাহেব আরও জোরালো ভূমিকা রাখতে পারতেন। এ প্রসঙ্গে তিনি সংসদ সদস্য এমপি হানজালার উত্থাপিত দাবির কথাও উল্লেখ করেন।
তবে তাঁর অভিযোগ, মুসলমান পরিচয়ধারী কিছু দলকানা রাজনৈতিক নেতা, পীর ও তাঁদের অনুসারীদের বিষয়টি বোঝাতে পারেননি। বরং নির্বাচনের সময় কিছু উগ্রবাদী কর্মী ও অন্ধ সমর্থক নিজেদের খাঁটি মুসলিম ও সুন্নি দাবি করে মানুষের কাছে তাঁকে ভুলভাবে উপস্থাপন করেছেন এবং তাঁর বিরোধিতায় নেতাকর্মীদের উসকে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, তাঁকে বিরোধিতা করতে গিয়ে রমজান মাসে দারুল কিরাতে বাধা সৃষ্টি, মাহফিলে ১৪৪ ধারা জারি করানোসহ বিভিন্নভাবে তাঁকে থামানোর চেষ্টা করা হয়েছে।
স্ট্যাটাসের শেষাংশে দেশবাসী ও সুন্নি জনতার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে মুফতি মোজাম্মেল হক মাছুমি বলেন, ইসলাম, মুসলমান ও সুন্নিয়াতের স্বার্থে নিজেদের মধ্যে বিভেদ না বাড়িয়ে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, সবকিছুর ঊর্ধ্বে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ইজ্জত ও সম্মান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব।
তিনি মাসলাকগত মতপার্থক্য ও বিভেদ ভুলে মৌলিক ধর্মীয় দাবি আদায় এবং নবীজির আদর্শ বাস্তবায়নে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে এসব বক্তব্য তুলে ধরেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের দৈনিক পত্রিকার দাবিদার ‘দৈনিক সিলেট বুলেটিন’ নামক পত্রিকার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মো. ফয়ছল আহমদ এর দরখাস্তে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, গোয়াইনঘাটের জাফলংয়ের পাথর প্রমিক ও চোরাকারবারী বুঙ্গাড়ী নিজাম উদ্দিন ‘দৈনিক সিলেট বুলেটিন’ অনলাইন পোর্টালকে সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা দাবী করে প্রতারণা করে আসছেন। নিজাম উদ্দিনের কোন শিক্ষাগত যোগ্যতা নেই। অনলাইন পোর্টাল খুলে নিজেকে সাংবাদিক দাবী করে প্রশাসনের সাথে আতাত করে ইয়াবাসহ মাদক পাচার ও ভারতীয় অবৈধ মালামাল পাচার করে। তাহার অভিযোগ পত্রে বিবাদীরা হলেন, নিজাম উদ্দিন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক সিলেট বুলেটিন, মোবাইল :০১৭৮০-১৫৮৭৯৬, ০১৭৮১-১১২৩৯৩, আইয়ুব আলী, নির্বাহী সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, মোঃ নাইম হোসেন, বার্তা সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, এমদাদুর রহমান জিয়া, প্রধান সম্পাদক, দৈনিক সিলেট বুলেটিন, মোবাইল : ০১৭৭৬ ৭৫২৭৮৪। ঠিকানা : অফিস: খান কমপ্লেক্স ৪র্থ তলা, উপশহর রোড, সোনারপাড়া, সিলেট-৩১০০, মোবাইল : ০১৭৩৭ ৩০৪৭৫১।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, বিবাদীগণ একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। তারা সাংবাদিকতার নামে প্রতারণা, জালিয়াতি ও অবৈধ বুঙ্গার ব্যবসার সাথে জড়িত। বিবাদীরা দৈনিক সিলেট বুলেটিন নামক অনলাইন পোর্টাল চালু করে প্রিন্ট পত্রিকা পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি, প্রতারণা করে আসছে। সাধারণ জনগণ দৈনিক সিলেট বুলেটিনকে বাস্তবের প্রিন্ট পত্রিকা মনে করে। নিজাম উদ্দিন গত ০১ নভেম্বর ২০২৬ ইং গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সড়ক যোগাযোগের দূর্ভোগ নিয়ে একটি স্বচিত্র প্রতিবেদন করার কথা বলে আমার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা নিয়েছেন। এরপর উক্ত বিবাদী বিভিন্ন সময় তাহার সম্পাদিত ও প্রকাশিত পত্রিকায় সংবাদ প্রকাশ করবে বলে প্রতারণা করতে থাকেন। আমি কিছু দিন পর তাহার প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তাহার অনলাইন পোর্টালে দেওয়া ঠিকানায় গিয়ে দৈনিক সিলেট বুলেটিন নামক কোন পত্রিকার অফিস খুজে পাই নাই। এমতাবস্থায় নিজাম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাহার পত্রিকা সিলেট জেলা প্রশাসক অফিসে নিবন্ধিত আছে। অফিসের কাজ চলমান আছে। এখনো পুরোপুরি শেষ না হওয়ায় উদ্বোধন করতে পারেন নাই। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় আমি আপনার অফিসে খোঁজ নিয়ে জানতে পারি দৈনিক সিলেট বুলেটিন নামক কোন পত্রিকা সিলেট থেকে প্রকাশিত হয় না। এমনকি এই নামে কোন পত্রিকার নিবন্ধনও নেই। আমি প্রতারিত হওয়ায় খোঁজ নিয়ে জানতে পারি যে, নিজাম উদ্দিনের বাড়ি গোয়াইনঘাটের জাফলং এলাকায়। সে পূর্বে জাফলং এর পাথর শ্রমিক ছিল। এলাকায় সে ডাইল নিজাম নামে পরিচিত। এরপর এক পর্যায়ে চুরাকারবারী, মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসার কারণে এলাকার লোকজন তাকে গণ পিঠুনি দিয়ে বাড়ি ছাড়া করলে সে সিলেট শহরে এসে সাংবাদিকতা শুরু করে। দৈনিক সিলেট বুলেটিন অনলাইন পোর্টাল খুলে তাহার মাদক ব্যবসা ও চুরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে থাকে। সিলেট শহরের কাস্টঘরের মাদকের মূল সাপ্লাইয়ার হিসেবে সে কাজ করছে বলে জানাযায়। তাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে ফয়ছল আহমদ বলেন, বিবাদীদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার সুরক্ষা আইনে মামলার প্রস্তুতি চলছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে তিনি দাবী করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মালদ্বীপের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদার, পর্যটন শিল্পের বিকাশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়ের বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার উল্লেখ করেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এই দ্বিপক্ষীয় বন্ধনকে এগিয়ে নিয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধের বন্ধন রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দ্বিপক্ষীয় সংসদীয় সফর বিনিময় এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ সদস্যরা আগের তুলনায় বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন বিদ্যমান। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে সক্ষম।
সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্প নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্পিকার মালদ্বীপের হাইকমিশনারকে জাতীয় সংসদের আগামী অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনার, দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতের রুকন ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা আজিজুর রহমান, যিনি ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ার বাসিন্দা, শারমিন হাসনিন তানিয়া নামের এক বিধবার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই বিধবার অভিযোগ খণ্ডন করে বলেন, বিয়ে না করায় তানিয়া তাঁর বাড়িতে এসে ফেসবুক সাংবাদিকদের এনে মব সৃষ্টি করে এই মিথ্যা অভিযোগ তোলেন।
আজিজুর রহমান লিখিত বক্তব্যে জানান, গত ৭ অক্টোবর আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়ার সঙ্গে বিয়ের প্রস্তাব পান। এরপর ১০ অক্টোবর শহরের মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে তাঁর সরাসরি দেখা হয়, যেখানে তানিয়ার ছেলে উপস্থিত ছিল।
পরবর্তীতে ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি এবং উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ উপলক্ষে তিনি কিছু কেনাকাটাও করেছিলেন। পরে, আজিজুর রহমানের সন্তানরা ঢাকা থেকে বাড়িতে এলে বিয়ের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয় এবং পরিবার থেকে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি তিনি ওই নারীর মামাকেও অবহিত করেন।
আজিজুর রহমান অভিযোগ করেন, বিয়ে দেরি হওয়ার কারণে শারমিন তানিয়া তাঁকে মোবাইলে নানা ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন। তিনি দাবি করেন, বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তাঁর ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ পরিস্থিতিতে, গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় শারমিন তানিয়ার বিরুদ্ধে আজিজুর রহমান একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে শারমিন তানিয়া ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে তাঁর বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পাশাপাশি, উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও শারীরিক সম্পর্কের মিথ্যা অপবাদ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে জড়িয়ে মানহানিকর সংবাদ ও মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে, যা তাঁর সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করছে। সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান, শাহির উল্লাহ, আশরাফুল ইলম ও মেহেদী হাসানসহ এলাকার পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ১৯ নভেম্বর থেকে ঘোষিত লকডাউন কর্মসূচির প্রেক্ষিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বুধবার সন্ধ্যা থেকেই মাঠে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও জনবহুল এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খানের নেতৃত্বে রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের একাধিক টিম নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন এবং সলঙ্গা থানার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রীকালীন চেকপোস্ট স্থাপন করা হয়। রাতভর যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং টহল কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দাইকোনা মহাসড়ক এলাকায় চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান নিজে উপস্থিত থেকে নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।
চান্দাইকোনা, ধানগড়া, ভূঁইয়াগাতী, সলঙ্গা ও হাটিকুমরুলসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ‘সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুধু আজ নয়, প্রতিদিনই কাজ করে যাচ্ছি। পুলিশের কাজই হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। দেশে যেন নতুন করে কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নিজে মাঠে উপস্থিত থেকে কাজ করছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এরপরও কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য আমাদের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’
পুলিশের এমন তৎপরতায় রায়গঞ্জ ও সলঙ্গার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি জোরদার হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ