ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি


যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনাকে বরখাস্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক অধ্যাদেশের মাধ্যমে এ সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। গত মাসে সরকারের রদবদলের পর এ পদক্ষেপটি অনেকটাই প্রত্যাশিতভাবে এসেছে।

স্টেফানিশিনার বরখাস্তের ঘটনা ঘটে যখন ইউক্রেন রাশিয়ার হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছে আরো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ফেসবুকে প্রকাশিত এক পোস্টের মধ্যে স্টেফানিশিনা জানান, ব্যক্তিগত কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার পদত্যাগপত্রও প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তার দাবি, ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি ইউক্রেনের জন্য কঠিন হলেও দেশটি যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখতে এবং সমর্থন ধরে রাখতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশের শক্তিশালী অবস্থানের আহ্বান জানালেন শামা

স্টেফানিশিনা পূর্বে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের জুলাইতে তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূতের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, কারণ রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন মার্কিন অস্ত্র, সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক অতীতে কিছুটা টানাপোড়েনপূর্ণ ছিল। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ইউক্রেনের প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থান নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটির দুর্নীতি দমন সংস্থা স্টেফানিশিনার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করছে।

তবে এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। গত মাসে সরকারে রদবদলের পরও জেলেনস্কি এখনও ঘোষণা করেননি, যুক্তরাষ্ট্রের জন্য ইউক্রেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন: লখনউয়ের মসজিদ ও মাদরাসায় নোটিশ জারি করেছে আদালত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করলেন আমীর হামজার স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


তীব্র যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করলেন আমীর হামজার স্ত্রী

 

হাসপাতালটির দূরত্ব ছিল মাত্র দুই মিনিটের পথ। তবে সেই পথই যেন হয়ে উঠেছিল এক অসহায় পরিবারের কাছে দীর্ঘ আতঙ্কের অপেক্ষা।

তীব্র যানজট, অবৈধ পার্কিং আর বিশৃঙ্খল যান চলাচলে আটকে পড়ে সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই সন্তান প্রসব করেছেন গৃহবধূ মোসা. রাজিয়া খাতুন (৩২)। পরে স্বামী আমীর হামজার আর্তনাদে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের কর্মীরা মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। বর্তমানে রাজিয়া খাতুন শঙ্কামুক্ত থাকলেও নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগেই জন্ম নেওয়ায় নবজাতককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোশাক শ্রমিক আমীর হামজা জানান, সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরো প্রায় দুই মাস বাকি থাকায় হঠাৎ এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না। এরমধ্যে রবিবার দুপুরে কর্মস্থলে থাকা অবস্থায় স্ত্রী কল করে প্রচণ্ড পেটব্যথার কথা জানান। ছুটি নিয়ে বাসায় ফিরতে কিছুটা দেরী হওয়ায় বিকেল ৫টার দিকে তিনি স্ত্রীকে নিয়ে রিকশাযোগে সাভারের শিমুলতলার একটি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে চিকিৎসকেরা রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু কাছের হাসপাতালের উদ্দেশে রওনা হওয়ার পরই সাভার বাস স্ট্যান্ড এলাকায় তীব্র যানজটে আটকে পড়ে তাদের রিকশা।

আমীর হামজা বলেন, ‘হাসপাতালটি মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল। কিন্তু যানজটের কারণে ১০ থেকে ১৫ মিনিট আটকে থাকতে হয়। স্ত্রীর অবস্থাও দ্রুত খারাপ হয়ে যাচ্ছিল। আশপাশের মানুষের কাছে সহযোগিতা চাইলেও তেমন কেউ এগিয়ে আসেনি।

উপায়ান্তর না দেখে স্ত্রীকে কাঁধে করে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে কয়েক কদম এগোতেই প্রচণ্ড প্রসববেদনার মধ্যে রাস্তার ওপরই সন্তান প্রসব করেন রাজিয়া।

তিনি আরো বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পরপরই তিনি অচেতন হয়ে পড়েন। এই অবস্থায় দৌড়ে স্থানীয় সুপার মেডিক্যাল হাসপাতালে গিয়ে বিষয়টি জানিয়ে সহযোগিতা চাইলে হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।’

হাসপাতালটির ব্যবস্থাপক মো. আসিফ হামজা জানান, হাসপাতালে আনার পর চিকিৎসকেরা রাজিয়ার প্লাসেন্টা অপসারণসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় বর্তমানে মা সুস্থ আছেন। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় নবজাতককে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

হাসপাতালটির আরেক ব্যবস্থাপক মো. হুমায়ন কবির বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে অবৈধ দোকানপাট, অবৈধ পার্কিং, উল্টোপথে যান চলাচল এবং নিয়ন্ত্রণহীন যানবাহনের কারণে দীর্ঘদিন ধরেই ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে জরুরী রোগী বহনকারী যানবাহনও প্রায়ই আটকে পড়ে। এতে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করতে অনেক সময় ১৫ থেকে ২০ মিনিট, কখনো তারও বেশি সময় লাগে। গতকালের ঘটনা ব্যতিক্রম হলেও এটি প্রতিদিনের দুর্ভোগের ভয়াবহ বাস্তবতাই সামনে এনেছে।’

সরেজমিনে ঘুরে দেখা যায়, সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার সার্ভিস লেন ও ফুটপাতের বড় অংশজুড়ে হকারদের অস্থায়ী দোকান বসানো হয়েছে। অনেক স্থানে দোকানপাট ফুটপাত ছাড়িয়ে সড়কের অংশও দখল করে রেখেছে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করছেন, এতে যানবাহনের গতি আরো ধীর হয়ে পড়ছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি শুনে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘সাভারের অবৈধ ফুটপাত উচ্ছেদ ও যানজট নিরসনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এরপরও যত্রতত্র অবৈধ পার্কিং এবং অটোরিকশার দাপটে পথচারীরা দুর্ভোগে পড়ছেন। এই কারণেই একজন প্রসূতি সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে রাস্তায় সন্তান প্রসব করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার খোঁজ খবর নিয়েছি। মা বর্তমানে সুস্থ থাকলেও নবজাতকটিকে এনআইসিউতে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিকভাবে তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে এবং যদি কোনো ধরনের আর্থিক সহায়তার প্রয়োজন হয় সে ক্ষেত্রেও আমরা তাদের পাশে থাকব।’

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগ নিয়মিত কাজ করছে এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সড়কে সন্তান প্রসবের ঘটনাটি জানার পর বিষয়টি ট্রাফিক বিভাগকে গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতি মামলার বিচার চলাকালীন কারামুক্ত থাকবেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


দুর্নীতি মামলার বিচার চলাকালীন কারামুক্ত থাকবেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

যুক্তরাষ্ট্রে মাদক পাচারের মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়া হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলাকালীন তিনি কারামুক্ত থাকতে পারবেন বলে রায় দিয়েছেন দেশটির এক বিচারক।

নিজের নামের আদ্যক্ষর ‘জেওএইচ’ নামে পরিচিত সাবেক এই প্রেসিডেন্ট গত ২৬ জুলাই দেশে ফেরেন। ট্রাম্প প্রায় আট মাস আগে তার ৪৫ বছরের কারাদণ্ড বাতিল করে ক্ষমা ঘোষণা করেন এবং এর পর তিনি দেশে ফিরে আসেন।

তেগুসিগালপা থেকে বার্তা সংস্থা এএফপি এই সংক্রান্ত খবর জানিয়েছে।

২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের জন্য অর্থায়নের উদ্দেশ্যে দুই মিলিয়ন ডলার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে জারি করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত হওয়ার পর হার্নান্দেজ হন্ডুরাসে ফিরে আসেন।

বিচার বিভাগের মুখপাত্র কার্লোস সিলভা সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার শুনানির সভাপতি বিচারক গ্রেফতারি পরোয়ানা স্থগিতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে সাবেক প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালাবেন না— এ বিষয়ে লিখিত অঙ্গীকার দিতে নির্দেশ দিয়েছেন।

সিলভা জানান, হার্নান্দেজের বিদেশ সফরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ আগস্ট।

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন আগে গত নভেম্বরে ট্রাম্প হার্নান্দেজকে ক্ষমা ঘোষণায় সুরাহা করেন।

ট্রাম্প অভিযোগ করেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে হার্নান্দেজ অন্যায় বিচারের শিকার হয়েছেন। এছাড়া, ফৌজদারি তদন্তের একটি অংশ ট্রাম্পের প্রথম মেয়াদে পরিচালিত হয়েছে বলেও তিনি জানান।

হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে হার্নান্দেজের রাজনৈতিক মিত্র ও রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা বিজয়ী না হলে, দেশটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করার হুমকি দেওয়ার পর ট্রাম্প এ ক্ষমা ঘোষণা করেন। বিরোধীদের জালিয়াতির অভিযোগের মধ্যে অল্প ব্যবধানে আসফুরা নির্বাচনে জয় লাভ করেন।

২০২৪ সালের জুনে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত মাদক ও অস্ত্র-সংক্রান্ত তিনটি অভিযোগে হার্নান্দেজকে দোষী সাব্যস্ত করে ৪৫ বছরের কারাদণ্ড প্রদান করেন।

প্রসিকিউটরদের অভিযোগ রয়েছে যে, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে তিনি যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন পাচারে সহায়তা করেছিলেন এবং এ কার্যক্রমে তিনি মাদক পাচারকারী হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের মতো ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা করেছেন।

হার্নান্দেজ যুক্তরাষ্ট্রের মামলাকে এবং হন্ডুরাসের বিচারিক কার্যক্রমকেও ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে উড়িয়ে দিয়েছেন। দেশে ফিরে আসার পর তিনি ঘোষণা দেন, তিনি ‘মাথা নত করবেন না’ এবং তার বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সোমবারের শুনানির আগে হার্নান্দেজ বলেন, ‘আজ আমরা পুনরায় এই আক্রমণের মুখে ন্যায়বিচারের সামনে দাঁড়িয়েছি।’

২০১৪ থেকে ২০২২ পর্যন্ত টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন হার্নান্দেজ। তার রাজনৈতিক জীবনজুড়ে দুর্নীতির অভিযোগ ওঠে।

হার্নান্দেজের দেশে ফেরার বিষয়টি হন্ডুরাসে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। দুর্নীতির মামলার অন্যান্য কয়েকজন আসামির বিরুদ্ধে অভিযোগ ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট পরফিরিও লোবো (২০১০-২০১৪), যার বিরুদ্ধে সরকারি অর্থ ব্যবহারের অনুমোদন দেওয়ার অভিযোগ ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়ার মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে রুবেল কয়েকজনকে সঙ্গে নিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের টহলদল তাদের উপর রাবার বুলেটে ছোঁড়ে। এতে রুবেল আহত হয়।

পরে তার সঙ্গে থাকা সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর পরে যশোর মেডিক্যালে ভর্তি করেন। সেখানে চিকিৎসার পর শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, ‘গুলিতে একজন আহত হয়েছে। তিনি বর্তমানে ঢাকায় আছে। তার পরিবারের সঙ্গে কথা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধ এবং কঠোর সুরক্ষানীতির দাবি নিয়ে লিগ্যাল নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


কক্সবাজারে অনিরাপদ প্যারাসেলিং বন্ধ এবং কঠোর সুরক্ষানীতির দাবি নিয়ে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে চলমান প্রাণঘাতী ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রমকে অবিলম্বে বন্ধ করার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে অননুমোদিত অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের সুরক্ষা নির্দেশিকা প্রণয়নের দাবি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের উদ্দেশ্যে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে দৃষ্টিপাত করা হয়েছে যে, গত ১ আগস্ট কক্সবাজারের হিমছড়ি এলাকার দরিয়ানগর সৈকতে প্যারাসেলিং করার সময় এক পর্যটক ওপর থেকে ছিটকে পড়ে, যা এক মর্মান্তিক মৃত্যু ঘটায়।

এ দুর্ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করা হয়েছে এবং এটি পর্যটন খাতের নিরাপত্তার জন্য বড় একটি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। নোটিশে স্পষ্ট করা হয় যে, অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ উপায়ে প্যারাসেলিং পরিচালনার কারণে প্রাণহানির পরিস্থিতি তৈরি হয়েছে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসন কোনোভাবেই দায় এড়াতে পারে না।

নোটিশের মধ্যে অভিযোগ করা হয়েছে যে, কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা, প্রশিক্ষিত অপারেটর এবং মানসম্মত যন্ত্রপাতি ছাড়া প্যারাসেলিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়ন্ত্রণ অভাব পরিলক্ষিত হয়েছে।

তবে নোটিশে আরো বলা হয়েছে যে, প্রশাসনের তদারকির দায়িত্ব থাকা সত্ত্বেও এ ধরনের অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ কার্যক্রম চলতে থাকা প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ। যা ভবিষ্যতের পর্যটকদের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলেছে।

লিগ্যাল নোটিশে আট দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—কক্সবাজারে পরিচালিত সব ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ করা, সংশ্লিষ্ট অপারেটরদের লাইসেন্স, অনুমোদন এবং নিরাপত্তার মান যাচাই করা, সাম্প্রতিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিটি গঠন করা, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিস্ট ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনে সতর্কতা নিশ্চিত করা, নিহত পর্যটকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং দরিয়ানগরের ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান’-এর বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা জনসম্মুখে তুলে ধরা।

এছাড়া ভবিষ্যতে প্যারাসেলিংসহ সব ধরনের অ্যাডভেঞ্চার পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা নির্দেশিকা (স্ট্যান্ডার্ড সেফটি গাইডলাইন) এবং একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো (রেগুলেটরি ফ্রেমওয়ার্ক) প্রণয়ন ও কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করার কথা উল্লেখ করেছেন নোটিশদাতা আইনজীবী নিশাত ফারজানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%