১০:২৭ এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : মধ্যপ্রাচ্য সংকট ও আঞ্চলিক বিরোধপূর্ণ বিষয়গুলো মোকাবিলা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যযুদ্ধ নিয়ে একটি অভিন্ন অবস্থান খুঁজে বের করার প্রচেষ্টার মধ্য দিয়ে রোববার ম্যানিলায় গুরুত্বপূর্ণ আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশগ্রহণ করছেন।
ম্যানিলা থেকে এএফপি জানায়, সম্মেলনের শেষ পর্যায়ের কাছাকাছি সময়ে মঙ্গলবার ট্রাম্পের ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে। এই সফরে তিনি কোয়াডের অন্য তিন সদস্য দেশ ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করবেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি চার দেশের নেতাদের প্রথম সম্মিলিত বৈঠক হবে।
তবে রোববার ম্যানিলায় ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যাপক শুল্ক আরোপের বিষয়টি।
আরও পড়ুন: দাবানলের ধোঁয়ার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
১১ সদস্যের অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, তখন ব্রাজিল অসাধারণ এক শিক্ষা পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে কাঁদাকাটি করা বা তাদের কাছে করুণা ভিক্ষা করার পরিবর্তে আমরা আমাদের পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বিকল্প অংশীদার খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় তিনি উল্লেখ করেন, আঞ্চলিক দেশ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে ব্রাজিলের বাণিজ্য যথাক্রমে ১৫ ও ১৩ শতাংশ বেড়েছে।
এর আগের দিন সম্মেলনে একই ধরনের বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ফিলিপাইনের সঙ্গে নতুন মুক্তবাণিজ্য চুক্তি এবং আসিয়ানের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘উল্লেখযোগ্যভাবে সম্পন্ন’ হওয়ার কথা তুলে ধরেন।
কার্নি বলেন, এ দুটি চুক্তি ‘নির্ভরযোগ্য অংশীদারদের একটি ঘনিষ্ঠ নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে আরও সুযোগ সৃষ্টি এবং যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আপেক্ষিক নির্ভরতা কমানোর কৌশলের অংশ’।
আরও পড়ুন: ফুকেটে পর্যটনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ১১ জন
লুলা সাংবাদিকদের জানান, সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। তিনি কানাডার প্রধানমন্ত্রীকে ব্রাজিল সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন এবং কানাডার সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করার আশা প্রকাশ করেছেন।
সম্মেলনকে কেন্দ্র করে মেট্রো ম্যানিলাজুড়ে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রগতিশীল বিভিন্ন সংগঠন মঙ্গলবার সম্মেলনস্থলে ট্রাম্পবিরোধী মিছিলে হাজারো মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছে।
বিক্ষোভের বড় একটি অংশের লক্ষ্য যুক্তরাষ্ট্রের ‘প্যাক্স সিলিকা’ কর্মসূচি। সেমিকন্ডাক্টর ও বিরল মৃত্তিকা খনিজের ক্ষেত্রে চীনের আধিপত্য মোকাবিলায় সরবরাহব্যবস্থা গড়ে তোলার এ উদ্যোগের আওতায় ম্যানিলার উত্তরে ১ হাজার ৬২০ হেক্টর জমিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উৎপাদনকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে এ প্রকল্পের কারণে আদিবাসী পরিবারগুলো উচ্ছেদের ঝুঁকিতে পড়তে পারে।
‘বিক্রির জন্য নয়’
আরও পড়ুন: প্রিন্স হ্যারি: ইউক্রেনে যুদ্ধে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী
রোববার প্রায় ২০০ বিক্ষোভকারী ‘ফিলিপাইন বিক্রির জন্য নয়’ এবং ‘ট্রাম্পকে নিষিদ্ধ করো’ লেখা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।
এএফপির সাংবাদিকেরা অন্তত তিনজন বিক্ষোভকারীকে পুলিশ ধরে নিয়ে যেতে দেখেছেন।
দীর্ঘদিন ধরে আসিয়ান নেতাদের উদ্বেগের কারণ হয়ে থাকা দুটি বিষয়—বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে আচরণবিধি প্রণয়নের অগ্রগতি না হওয়া এবং যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে সম্পর্ক—২০২৭ সালে জোটটির ঘূর্ণায়মান সভাপতিত্ব সিঙ্গাপুরের কাছে হস্তান্তরের পর দেশটির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেওয়া হচ্ছে না। ওই অভ্যুত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ চলছে।
আরও পড়ুন: থাইল্যান্ডের ফুকেটে ভয়াবহ আগুন, ১১ জন নিহত
মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগে নেতৃত্ব দেওয়া দেশটির প্রতিবেশী থাইল্যান্ড গত সপ্তাহে নেপিদোর পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের বৈঠকে ফের অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানায়।
রোববার প্রকাশিত আসিয়ানের এক যৌথ বিবৃতিতে মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিমিত ও পর্যায়ক্রমিক যোগাযোগ’ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এতে কয়েক মাস ধরে থাইল্যান্ড যে ভাষা ব্যবহার করে আসছে, তারই প্রতিফলন ঘটেছে।
তবে বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘সুনির্দিষ্ট অগ্রগতির’ ওপর নির্ভর করবে।
ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এর আগে স্বীকার করেছেন, ওই পরিকল্পনায় কোনো অগ্রগতি হয়নি।
আরও পড়ুন: হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের নতুন বহর ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে
অসমাপ্ত কাজ
এদিকে, আসিয়ানের সদস্যদেশগুলোর সঙ্গে চীনের বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর নিয়ে কথিত আচরণবিধি প্রণয়নের আশা ফিলিপাইনের সভাপতিত্বের বছরেই শেষ হয়ে গেছে।
ফিলিপিন্সের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো এর আগে আলোচনাকে ‘৮০ শতাংশ সম্পন্ন’ বলে উল্লেখ করেছিলেন। তবে রোববার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী বছর সিঙ্গাপুর আলোচনা শেষ করতে পারবে।’
আন্তর্জাতিক আদালতের এক রায়ে দক্ষিণ চীন সাগরের অধিকাংশ অংশের ওপর বেইজিংয়ের দাবির কোনো আইনি ভিত্তি নেই বলা হলেও চীন ওই সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। এ নিয়ে চীন ও ফিলিপিন্সের কোস্টগার্ডের মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে।
আরও পড়ুন: ফুকেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬
আসিয়ানের সভাপতি হিসেবে ফিলিপিন্সের দায়িত্ব পালনের বছরজুড়ে এ বিরোধ বিভিন্ন সময়ে সামনে এসেছে। গত জুলাইয়ে দুই দেশের নাবিকদের মধ্যে সংঘর্ষের এক দিনেরও কম সময় পর পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল।
সোমবার আসিয়ানের চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন