ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু


ময়মনসিংহে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার আগে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজন রোগীর মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৯ জনে পৌঁছেছে। মৃতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৬৫ বছর বয়সি হারিছা বেগম নামের এক বৃদ্ধা রয়েছেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বসবাস করতেন। ৮ অক্টোবর ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন এবং ওইদিন সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় নিজ হাতে ড্রেন পরিষ্কার করলেন জেলা প্রশাসক

অন্য একজন ৪৫ বছর বয়সি মিনহাজ। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে। তিনি ৭ অক্টোবর বিকালে হাসপাতালে ভর্তি হন এবং ৮ অক্টোবর বিকালে আইসিইউতে তার মৃত্যু ঘটে।

মৃত্যুবরণকারী আরেকজন ৪৫ বছর বয়সি মরিয়ম। তিনি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ৮ অক্টোবর সকালে হাসপাতালে ভর্তি হন এবং রাতে আইসিইউতে তার মৃত্যু ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ডেঙ্গুর পাশাপাশি অন্যান্য জটিল রোগও ছিল।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫১ জন ভর্তি হয়েছেন। ৫৭ জন রোগী ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫১২ জন।

আরও পড়ুন: জামালপুরে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাবন্দী উমর খালিদ পেলেন আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


কারাবন্দী উমর খালিদ পেলেন আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার

ভারতের কারাবন্দি মানবাধিকারকর্মী উমর খালিদ ২০২৬ সালের ‘অ্যাওয়ার্ড ফর হিউম্যান রাইটস ডিফেন্ডার্স অ্যাট রিস্ক’ পুরস্কার লাভ করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়ারল্যান্ডভিত্তিক মানবাধিকার সংগঠন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স এ বছরের পুরস্কারপ্রাপকদের নাম প্রকাশ করে। কারাগারে থাকার কারণে খালিদ ডাবলিনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

দিল্লি দাঙ্গার ষড়যন্ত্রের মামলায় ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মামলাটির বিচার এখনও শুরু হয়নি।

এ বছরের পুরস্কারে খালিদের সঙ্গে সম্মানিত হয়েছেন ইরানের মৃত্যুদণ্ডবিরোধী কর্মী আহমাদরেজা হায়েরি, অ্যাঙ্গোলার নারীবাদী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের অধিকারকর্মী লরিন্ডা ম্যানুয়েল গুভেইয়া, ব্রাজিলের কৃষ্ণাঙ্গ ট্রান্স নারী অধিকারকর্মী আদ্দা ভিক্টোরিয়া কায়েতানো এবং সার্বিয়ার নারীবাদী শান্তি প্রতিষ্ঠার কর্মী লিলিয়ানা নেশিচ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ৫৩ জন নিহত এবং শত শত মানুষ আহত হন, যাদের অধিকাংশই মুসলিম।

উমর খালিদ, শারজিল ইমামসহ কয়েকজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন প্রতিরোধ আইন, অস্ত্র আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়। পুলিশের দাবি, সহিংসতা ছিল নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। আন্দোলনকারীরা এই পরিকল্পনা করেছিলেন বলেও পুলিশের দাবি।

তবে ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স উল্লেখ করেছে যে, খালিদের দীর্ঘদিনের কারাবাস ভারতে ভিন্নমতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ক্রমবর্ধমান প্রয়োগের একটি উদাহরণ। সংগঠনটির মতে, জনমত গঠনে অনুগত গণমাধ্যমের ভূমিকা এবং দোষী সাব্যস্ত হওয়ার আগেই কঠোর জামিন-সংক্রান্ত বিধানকে শাস্তির মতো ব্যবহারের প্রবণতাও উদ্বেগজনক।

সংস্থাটি আরও জানিয়েছে, এ ধরনের প্রবণতায় মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা চর্চাকারী শিক্ষার্থীরা অসমভাবে বেশি ক্ষতিগ্রস্ত হন।

ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের মতে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের আমরাবতীতে দেওয়া খালিদের ভাষণকে প্রসিকিউশন পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখালেও বক্তব্যটি উসকানিমূলক ছিল না। ওই ভাষণে খালিদ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের প্রশংসা করেন। তিনি ‘ইনকিলাবি সালাম’ ও ‘ক্রান্তিকারি ইস্তিকবাল’ শব্দবন্ধ ব্যবহার করেন। পাশাপাশি মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালের ফেব্রুয়ারির ভারত সফরের সময় অহিংস প্রতিবাদের আহ্বান জানান।

গত ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট তৃতীয়বারের মতো উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবেদন নাকচ করে। আদালত জানায়, সুপ্রিম কোর্টের ৫ জানুয়ারির আদেশে নির্ধারিত শর্ত পরিবর্তন করার সুযোগ তাদের নেই। বিচারিক শৃঙ্খলার বাধ্যবাধকতার কারণে ওই আদেশ অনুসরণ করতে হচ্ছে বলেও জানায় হাইকোর্ট।

এর আগে ২০২৬ সালের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট খালিদ ও ইমামের জামিন আবেদন নাকচ করলেও গালফিশা ফাতিমা, মীরা হায়দার, শিফা-উর-রহমান, মুহাম্মদ সেলিম খান ও শাদাব আহমেদকে জামিন দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সুরক্ষিত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ আগে শেষ হলে খালিদ ও ইমাম তখনই আবার জামিনের আবেদন করতে পারবেন। আর সাক্ষ্যগ্রহণ শেষ না হলে ২০২৭ সালের ৫ জানুয়ারি এক বছর পূর্ণ হওয়ার পর তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। তথ্যসূত্র: স্ক্রল ডটইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই কালো রাতে যেমন ছিল স্কুলছাত্রী তাজমিনের গতিবিধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


সেই কালো রাতে যেমন ছিল স্কুলছাত্রী তাজমিনের গতিবিধি

কুমিল্লার লালমাইয়ে নৃশংস হত্যার শিকার হয়েছেন জান্নাতুল তাজমিন (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী। হত্যাকাণ্ডের পর থেকে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। বুধবার (৭ অক্টোবর) রাতে, তাজমিন তার বাবার মোবাইলে লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু এরপর কী ঘটেছিল এবং কিভাবে সে নির্জন ধানক্ষেতে পৌঁছাল, এসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে, উপজেলার জগতপুর গ্রামের যে ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়, সেখানেই একটি সিএনজিচালিত অটোরিকশা পাওয়া গেছে। অটোরিকশার ভেতরে একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া যায়। জব্দ করা অটোরিকশাটির নিবন্ধন রয়েছে। এই গাড়ির সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের কন্যা। কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। তার বাবা আবদুল আলীম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারটি নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত।

চার দিন আগে, তাজমিন বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরবর্তীতে জানা যায়, সে কক্সবাজারে গিয়েছিল। ফেরার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমেছিল সে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ১১টা ৪০ মিনিটে কক্সবাজার থেকে ফিরে আসা বাস থেকে নেমে, কুমিল্লার পদুয়ার বাজারে নূরজাহান হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল তাজমিন। তার পরনে গোলাপি কামিজ ও জিন্স প্যান্ট ছিল। হাতে মুঠোফোন এবং বাঁ হাতে ঝোলানো ভ্যানিটি ব্যাগ ছিল। সেখানে একটি কনফেকশনারির দোকানদারের সঙ্গে কথা বলার পর, সে দোকান থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগিয়ে যায়।

নৃশংস ঘটনার শিকার হওয়ার আগে, হোটেল নূরজাহানের সামনে জীবিত অবস্থায় তাজমিনকে শেষবারের মতো সিসিটিভিতে ধারণ করা হয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, পুলিশ জানায়, চারদিন আগে বাড়ি থেকে বের হয়ে তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যায়। পরদিন কুমিল্লায় ফিরে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশে রওনা হয় তাজমিন। রাতে পদুয়ার বাজারে পৌঁছে নূরজাহান হোটেলের সামনে নামে সে। সিসিটিভি ফুটেজে ওই এলাকায় তার অবস্থান ও দোকানদারের সঙ্গে কথা বলার দৃশ্য দেখা যায়, কিন্তু সেখান থেকে চলে যাওয়ার পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।

তাজমিনের বাবা আবদুল আলীম জানান, বুধবার গভীর রাতে মেয়ের কাছ থেকে একটি বার্তা ও লাইভ লোকেশন পান তিনি। তাজমিন তাকে সেখানে গিয়ে নিয়ে আসতে বলেছিল। তবে তখন ঘুমিয়ে থাকায় তিনি সঙ্গে সঙ্গে বার্তাটি দেখতে পারেননি। পরে লোকেশন দেখে সেখানে গিয়ে দেখতে পান তাজমিনের নিথর মরদেহ।

ঘটনাস্থলের কাছে পাওয়া যাওয়া সিএনজিচালিত অটোরিকশা, ভেতরে থাকা ভ্যানিটি ব্যাগ ও শার্ট তাজমিনের বলে শনাক্ত করেছেন তার বাবা।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, তাজমিনের মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজে তাজমিনের গতিবিধির একটি অংশ পাওয়া গেছে। বিভিন্ন তথ্য ও আলামত যাচাই করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমাইয়ে কিশোরকে হত্যার সাথে জড়িত সিএনজি চালকের পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


লালমাইয়ে কিশোরকে হত্যার সাথে জড়িত সিএনজি চালকের পরিচয় শনাক্ত

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকালে মরদেহের পাশ থেকে একটি সিএনজি অটোরিকশা আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সিএনজি চালক সুমনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকায়। গতকাল ভোরবেলা স্থানীয়রা ধানক্ষেতে ওই কিশোরীর মরদেহ এবং পাশে পরিত্যক্ত সিএনজিটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে লালমাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঘটনাস্থলের আলামত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, জীবন বাঁচাতে কিশোরী জান্নাতুল শেষ মুহূর্ত পর্যন্ত দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেছিল। ধস্তাধস্তির একপর্যায়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে যায়।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ান তলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে সে কুমিল্লাতেই বড় হচ্ছিল এবং কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে তাজমিন বাসা থেকে বের হয়। পরবর্তীতে সে বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণে যায় এবং বুধবার রাতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় পৌনে ১২টায় কুমিল্লা হোটেল নূরজাহানে প্রবেশ করার পর সে তার বাবার মোবাইলে লাইভ লোকেশন পাঠায়। রাত সোয়া ১২টার দিকে সে হোটেল থেকে বের হয়। কিছুক্ষণ পর বাবার ফোনে একটি আকুতি ভরা বার্তা পাঠায়—"বাবা আমাকে নিয়ে যাও, আমি ভয় পাচ্ছি।"

পরদিন ভোরবেলা তাজমিনের বাবা আবদুল আলীম মেয়েকে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাননি। মেয়ের পাঠানো লাইভ লোকেশন অনুসরণ করে তিনি লালমাইয়ের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। শেষ পর্যন্ত লালমাই থানায় পৌঁছে তিনি মেয়ের লাশের সন্ধান পান।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে সিএনজি চালক সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনসঙ্গী হতে হলে ভালো বন্ধু হতে হবে: মিমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


জীবনসঙ্গী হতে হলে ভালো বন্ধু হতে হবে: মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন সবসময় ভক্তদের কৌতূহল সৃষ্টি করে। বিশেষ করে, বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে তার চিন্তাভাবনা জানার জন্য অনুরাগীরা সবসময় আগ্রহী। এবার তিনি নিজের পছন্দের পাত্র সম্পর্কে খোলামেলা মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ জীবনসঙ্গীর মধ্যে কোন কোন গুণ থাকা উচিত।

দুর্গাপূজা উপলক্ষে নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মিমি। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারের পাশাপাশি, তিনি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা করেছেন।

বিয়ের জন্য কেমন মানুষ পছন্দ, এমন প্রশ্নের উত্তরে মিমি জানান, তার জীবনসঙ্গীকে শুধু ভালো মানুষ হতে হবে না, বরং তার ভালো বন্ধুও হতে হবে। সেই মানুষটির আনন্দপ্রিয় হওয়া এবং তার মতো ভ্রমণ ভালোবাসা জরুরি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে তার সন্তানদেরও যেন মন থেকে ভালোবাসেন সেই মানুষটি।

নিজের বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মজার ছলে মিমি বলেন, অন্যদের বিয়ের অনুষ্ঠানে যেতে তিনি বেশ আনন্দ পান। বিশেষ করে, বিয়ের খাবারের আয়োজনে যদি নিরামিষ পদ বেশি থাকে, তাহলে তিনি আরও খুশি হন। তবে, নিজের বিয়ে নিয়ে এখনই কোনো বিশেষ পরিকল্পনা করতে চান না। তার কথায়, "বিয়ে যখন হবে, তখনই তা নিয়ে ভাববেন।"

এদিকে, নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ সুমিত্রা চরিত্রে অভিনয় করছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটি তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতির জন্য পরিচালক তাকে তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’র পুপে চরিত্রের কথা মনে করিয়ে দিয়েছিলেন। নতুন এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%