বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৩৬ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শীঘ্রই ডিজেল সরবরাহ চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এই তথ্যটি জানিয়েছেন রুশ রাষ্ট্রপতির বিশেষ দূত এবং রাশিয়ার ডিরেক্টরি ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিভ।
সম্প্রতি ‘রাসিয়ান এনার্জি উইক’ ফোরামের সাইডলাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দিমিত্রিভ উল্লেখ করেন, ওয়াশিংটনের সঙ্গে ডিজেল সরবরাহ চুক্তির বিষয়ে বর্তমানে তারা অত্যন্ত সক্রিয় এবং ঘণ্টাব্যাপী যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দুই পক্ষই বিষয়টি নিয়ে দ্রুততার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, অতীতে জ্বালানি খাতের যে সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো পুনরায় জোড়া লাগাতে তারা এখন প্রতি মুহূর্তে সক্রিয় রয়েছেন এবং কার্যকরভাবে লজিস্টিকস বা সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করছেন। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই তথ্যটির প্রচারক ও তথ্য অংশীদার হিসেবে কাজ করছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারে একটি মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। দুপুরের সময় সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় অবস্থিত আয়েশা সিদ্দিকা রাযি, বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জানা যায়, ১১ অক্টোবর সাড়ে এগারোটায় ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হন। পরে, নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করতে পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় যান। আজ, নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা যখন মাদ্রাসায় যান, তখন মাদ্রাসার ছাত্ররা তাদের ওপর ব্যাপক হামলা চালায়।
ভিডিও ধারণ করার সময় সাংবাদিকসহ প্রায় ১০ জনকে পিটিয়ে আহত করে মাদ্রাসার শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর সাংবাদিকদের এবং নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যদের হেনস্থা করেন। নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম জানান, তার মেয়ে নিখোঁজ হওয়ার কারণে পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, সাংবাদিকদের ওপর হামলা করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে খেলাধুলায় জেন্ডার সমতা নিশ্চিতকরণ, শিশু ও তরুণ খেলোয়াড়দের সুরক্ষা এবং ক্রীড়াঙ্গনে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খেলোয়াড় ও কোচদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সমতা ও নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহীর হোটেল ওয়ারিসনে সচেতন সোসাইটির আয়োজনে এ প্রশিক্ষণের অর্থায়ন করেছে এডুকো বাংলাদেশ।
সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন সাফের হেড অব সেফগার্ডিং এ্যান্ড সোশ্যাল রেসপনসিবিলিটি ফাতিমা এশা এবং এডুকো বাংলাদেশের ম্যানেজার (চাইল্ড রাইটস, প্রোটেকশন অ্যান্ড অ্যাডভোকেসি) মোঃ শহিদুল ইসলাম। প্রশিক্ষণের আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন গেম চেঞ্জার প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম।
প্রশিক্ষণে আলোচনা করা হয় খেলাধুলায় নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ও সুযোগ নিশ্চিত করা, জেন্ডারভিত্তিক বৈষম্য প্রতিরোধ, শিশু ও কিশোর-কিশোরীদের অধিকার ও সুরক্ষা, খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে দায়িত্বশীল আচরণ ও জবাবদিহিতা প্রতিষ্ঠার গুরুত্ব। এছাড়াও খেলাধুলায় হয়রানি, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সচেতন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ হাসিনুল ইসলাম বলেন, "খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়; এটি বৈষম্যহীন, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।" তিনি আরও বলেন, "ক্রীড়াঙ্গনে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিশু ও তরুণ খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি।" তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রশিক্ষণ খেলোয়াড় ও কোচদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষকরা তাঁদের বক্তব্য ও সেশন পরিচালনার মাধ্যমে জোর দেন যে, ক্রীড়াঙ্গনে প্রত্যেক খেলোয়াড়ের মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। বিশেষ করে নারী, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য বৈষম্য, হয়রানি ও নির্যাতনমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর সুরক্ষাব্যবস্থা, সচেতনতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
এডুকো বাংলাদেশের অর্থায়নে সচেতন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ‘গেম চেঞ্জার’ প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো খেলোয়াড় ও কোচদের জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও নিরাপদ ক্রীড়াচর্চা সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগের মাধ্যমে রাজশাহীর ক্রীড়াঙ্গনে সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্তর্ভুক্তি ও নিরাপত্তার সংস্কৃতি আরও শক্তিশালী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে অস্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং তদবির দূর করতে আধুনিক অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। এই স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে প্রথম পর্যায়ে স্বাস্থ্য ক্যাডারের ৯৫ জন জুনিয়র কনসালটেন্টকে পদায়ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন জানান, পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ৫ বছরের বেশি বয়সীদের হামের টিকার আওতায় আনার বিষয়ে সরকার চিন্তা করছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, চিকিৎসকদের চাকরির মেয়াদ, ডিগ্রি, নিজ বাড়ি এবং ব্যক্তিগত চয়েসের ভিত্তিতে তৈরি ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে পদায়ন করা হয়েছে। এভাবে দীর্ঘদিন ধরে চলে আসা বদলি বাণিজ্য ও তদবির সংস্কৃতি বন্ধ হবে।
এছাড়া, তিনি অন্য বছরের তুলনায় ডেঙ্গুতে মৃত্যুর হার কমে আসার তথ্যও প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে দেশটির জনপ্রিয় অভিনেত্রী ভানিজা সাত্তারের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে এবার মুখ খুলেছেন ভানিজা।
তিনি তীব্র বিরক্তি প্রকাশ করে সকল জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভানিজা সাত্তার ও শোয়েব মালিকের বিয়ে হয়ে গেছে। বিষয়টি যখন ভানিজার নজরে আসে, তখন তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
ভানিজা লেখেন, ‘ও মাই গড গাইজ, আবার শুরু হলো!’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাবুন তো, বিশ্বে কথা বলার মতো কত বিষয় রয়েছে, আর মানুষ শুধু কিছু ভিউয়ের আশায় কারো নামে মিথ্যা খবর বানিয়ে প্রচার করছে!’
এটি প্রথমবার নয় যে এমন গুঞ্জন উঠেছে। এর আগে বিভিন্ন টিভি শোতে ভানিজা স্পষ্ট করেছেন যে, শোয়েব মালিকের সঙ্গে তার কখনো সামনাসামনি দেখা হয়নি। এই অদ্ভুত গুঞ্জন কোথা থেকে এসেছে, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন।
ভানিজা জানান, প্রথমে বিষয়টিকে তিনি নিছক একটি রসিকতা হিসেবে নিয়েছিলেন। কিন্তু যখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, বন্ধু ও আত্মীয়-স্বজনরা ফোন করে তার পরিবারের কাছে জানতে চাইল খবরটি সত্যি কিনা, তখন বিষয়টি তার জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়ে দাঁড়ায়।
এ কারণে বারবার এমন ভুয়া খবরে বিরক্ত হয়ে ভানিজা আবার মুখ খুললেন।
এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই না করে এ ধরনের ভিত্তিহীন তথ্য ছড়ানো বন্ধ করার জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ