০৩:২৭ পি.এম
হৃদরোগ শনাক্তে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতদিন হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যক্রম পরীক্ষা করার জন্য ব্যবহৃত সাধারণ ইসিজি এখন এআইয়ের সহায়তায় আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে সক্ষম হয়েছে। পরীক্ষার ফল স্বাভাবিক দেখালেও, হৃদরোগের গোপন ঝুঁকি শনাক্ত করতে পারে এই প্রযুক্তি।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর ২৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এআই প্রযুক্তি ইসিজির এমন কিছু সূক্ষ্ম সংকেত ও ধরন বিশ্লেষণ করতে পারছে, যা চিকিৎসকের খালি চোখে ধরা পড়া কঠিন। এর মাধ্যমে সম্ভাব্য হার্ট অ্যাটাক, হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যাওয়া, হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যা এবং বয়সের তুলনায় হৃদ্যন্ত্রের দ্রুত বুড়িয়ে যাওয়ার লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে।
যুক্তরাষ্ট্রের ইউসিএলএর ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের শিক্ষক ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আফশিন এমরানি মন্তব্য করেছেন, ইসিজি এখন হৃদ্রোগ নির্ণয়ের নতুন সম্ভাবনাময় একটি হাতিয়ার হয়ে উঠেছে। এই পরীক্ষা তুলনামূলকভাবে কম খরচে এবং সহজে করা যায়। প্রতিবছর বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের ইসিজি করা হয়। এআই যুক্ত হওয়ায় পরীক্ষার ফল থেকে আরও বেশি তথ্য বের করা সম্ভব হচ্ছে।
আরও পড়ুন: শীতে এক দিন গোসল না করলে ত্বকে হতে পারে ক্ষতি
প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, শুধু নিয়মিত হৃদযন্ত্র পরীক্ষা নয়, বড় ধরনের হার্ট অ্যাটাকের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্র ও ভারতে হৃদ্রোগ শনাক্ত এবং চিকিৎসার পদ্ধতিতে এই প্রযুক্তি পরিবর্তন আনছে।
বিশেষ করে ইসিজির মাধ্যমে হৃদযন্ত্রের বয়স, পেশির কার্যক্ষমতা এবং সম্ভাব্য জটিলতার ইঙ্গিত পাওয়ার সুযোগ চিকিৎসকদের জন্য আগাম সতর্কতা তৈরিতে সহায়ক হতে পারে।
তবে এআইনির্ভর ইসিজি প্রচলিত চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসকের মূল্যায়নের বিকল্প নয়। বরং এটি রোগের ঝুঁকি আগেভাগে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসার সিদ্ধান্ত নিতে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে।
আরও পড়ুন: যক্ষ্মা চিকিৎসাসেবা প্রকল্প জটিলতা ও জনবল সংকটে হুমকির মুখে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন