ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আশা


নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আশা

নড়াইল, ২৮ নভেম্বর, ২০২৬ : কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা বিদ্যমান। এ জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছে। বর্তমানে পাকা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের দিকে রয়েছে। মোট চাষ করা ৭৫ শতাংশ জমির পাকা আমন ধান কাটা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মওসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে। কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহের কারণে রোপা আমন চাষাবাদ ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে সম্পন্ন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার বাসস’কে জানান, সদর উপজেলায় চলতি মওসুমে ২০ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে।

আরও পড়ুন: মৌসুমের শুরুতেই ধানের দাম সিন্ডিকেটের কব্জায়

লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে। কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ার ফলে প্রতিবছর রোপা আমন চাষাবাদে তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। রোপা আমন কাটা শেষে কৃষকরা বোরো ধান, সরিষাসহ রবি শস্য চাষাবাদ করবেন। ডিডি মুহাম্মদ আরিফুর রহমান জানান, চলতি মওসুমে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যস্ফীতি কমায় আগামীতে সুদহার কমতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


মূল্যস্ফীতি কমায় আগামীতে সুদহার কমতে পারে: বাংলাদেশ ব্যাংক গভর্নর

মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে আগামীতে সুদহার কমানোর বিষয়ে চিন্তা করা হতে পারে, এমন তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি উল্লেখ করেন, ‘ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এখন যেহেতু মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে সুদহার আরো কমানোর চিন্তা করতেই পারি।’

শনিবার সকালে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গভর্নর বলেন, ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানে নতুন ব্যবস্থা চালু হলো। এটি দেশের আর্থিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য ছিল ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানো। সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসা পরিচালনার ব্যয় কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংক নয়, দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবে। তারা কম দামে পণ্য ও সেবা পাবে।’

তিনি আরো বলেন, ‘কোনো ব্যবসায়ীর সুদহার বেড়ে গেলে সেই বাড়তি খরচ তিনি নিজের পকেট থেকে বহন করেন না। পণ্যের দামের সঙ্গে তা যুক্ত করতে হয়। অন্যথায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। আমাদের উদ্দেশ্য হলো, এসব খরচ কমিয়ে জনগণের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।’

গভর্নর আরও জানান, ‘এলসির ক্ষেত্রে আগে বেঞ্চমার্ক ৪ শতাংশের বেশি ছিল। সেটি এখন ৩ শতাংশ করা হয়েছে। এতে অনেক ব্যাংকের মুনাফা কমলেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে। আমরা অর্থায়ন ব্যয় কমানোর চেষ্টা করছি।’

লেনদেনের খরচ কমানোর উদ্দেশ্যে বাংলা কিউআর চালুর বিষয়টিও তুলে ধরেন গভর্নর। তিনি বলেন, ‘আগে ১০০ টাকা পেমেন্ট করলে মার্চেন্ট ৯৮ টাকা ৫০ পয়সা পেতেন। এখন বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে পুরো ১০০ টাকাই পাবেন। এর ফলে লেনদেনের খরচ কমবে, যার সুফল শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।’

উচ্চ সুদহারের চাপ মোকাবিলায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্যাকেজে সুদ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে ব্যবসা-বাণিজ্য সচল থাকে এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত না হয়। এর সুফলও যেন সাধারণ মানুষ পায়, সেটিই আমাদের লক্ষ্য।’

বৈদেশিক বাণিজ্যের খরচ কমানোর বিষয়ে গভর্নর বলেন, ‘বিদেশের সঙ্গে এলসি লেনদেনে সুইফটের মাধ্যমে যোগাযোগ করতে হয়। এতে খরচ অনেক বেড়ে যায়। এ ব্যয় কমাতে টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে কাঁচামাল আমদানির সুযোগ সহজ করা হয়েছে। বর্তমানে সাধারণ টিটির মাধ্যমে ২৫ হাজার ডলার এবং ইআরকিউ থেকে ৫০ হাজার ডলার আনার সুযোগ রয়েছে। এর বেশি প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক ৪৮ ঘণ্টার মধ্যে অনুমতি দিচ্ছে। ব্যবসায়ীরা এসব সুযোগ ব্যবহার করলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।’

ডলারের বিনিময় হার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাজারভিত্তিক বিনিময় হারে বিশ্বাস করি। এ জন্য একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে ডলারের লেনদেন পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে। এখানে কে বিক্রেতা আর কে ক্রেতা, তা কেউ দেখতে পারবেন না। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে।’

আগামী এক মাসের মধ্যে সফটওয়্যারটি চালু করা হবে জানিয়ে গভর্নর বলেন, ‘এর মাধ্যমে ডলারের প্রকৃত বাজারভিত্তিক বিনিময় হার পাওয়া যাবে বলে আশা করছি।’

এ ছাড়া এলসির কাগজপত্র পাঠাতে কুরিয়ার খরচ অনেক বেশি হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ প্রক্রিয়াটিও স্বয়ংক্রিয় করার চিন্তা করা হচ্ছে। কাগজপত্র ই-মেইলের মাধ্যমে আদান-প্রদানের ব্যবস্থা করা গেলে সময় ও খরচ—দুটিই কমবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির সীমান্তে আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনের দাবি কর্নেল ফয়সলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১০ পি.এম


বিজিবির সীমান্তে আত্মত্যাগের মাধ্যমে দায়িত্ব পালনের দাবি কর্নেল ফয়সলের

সীমান্তে নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি উল্লেখ করেন, সীমান্তে নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে নারকোটিকস ডগের ব্যবহারসহ সব ধরনের তল্লাশি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, বিভিন্ন গুজব এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে।

কর্নেল ফয়সল হাসান খান আরও বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে কাজ করে যাচ্ছেন। এ কাজে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। সীমান্তের নিরাপত্তা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সহায়ক হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সীমান্ত দিয়ে কেউ নাশকতামূলক উদ্দেশ্যে অনুপ্রবেশ কিংবা কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে বিজিবি কঠোরভাবে তা প্রতিহত করবে। এ বিষয়ে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন এবং কেউ এমন অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জন নিহত

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : পেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি নদী উপত্যকায়, যা কোকা চাষের জন্য পরিচিত, দেশটির বিমানবাহিনীর একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন এবং পাইলট গুরুতর আহত অবস্থায় রয়েছেন। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

কর্তৃপক্ষের দেওয়া তথ্যে জানা গেছে, আপুরিমাক, এনে ও মানতারো নদীর অববাহিকা নিয়ে গঠিত প্রত্যন্ত উপত্যকা অঞ্চলে একটি টহল দলের সদস্যদের উদ্ধারের জন্য হেলিকপ্টারটি অভিযানে বের হয়েছিল। স্থানীয়ভাবে স্প্যানিশ ভাষায় এই অঞ্চলটি ‘ভ্রায়েম’ নামে পরিচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটি এবং এতে থাকা নয়জন সামরিক সদস্যকে উদ্ধার করেছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘হেলিকপ্টারের পাইলট এনজো এসপিনোজা রোকে একমাত্র জীবিত ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য লিমায় স্থানান্তরিত করা হয়েছে।’

ভ্রায়েম পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদনকারী উপত্যকা হিসেবে পরিচিত। মাদক পাচার এবং শাইনিং পাথ নামের গেরিলা গোষ্ঠীর অবশিষ্ট সদস্যদের উপস্থিতির কারণে এখানে সামরিক কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।

বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর আসে। এর আগে আয়াকুচো অঞ্চলের প্রত্যন্ত সানাবাম্বা এলাকায় তিনজন সেনাসদস্যকে উদ্ধার করার জন্য এটি ব্যবহৃত হয়েছিল।

কিন্তু কী কারণে ওই সেনাসদস্যদের উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে উদ্ধার হওয়া তিন সেনাসদস্যও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে আরেকটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় হেলিকপ্টারে থাকা ১৫ জনের সবাই নিহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু বিশ্বের কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষস্থানীয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতের আহ্বান আল গ্রিনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১২ পি.এম


গাজায় নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতের আহ্বান আল গ্রিনের

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান আল গ্রিন গাজায় পরিবেশগত দূষণ নিয়ে স্বাধীনভাবে পরীক্ষা-নিরীক্ষা, নিরাপদ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবরুদ্ধ উপত্যকায় আন্তর্জাতিক সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।

টেক্সাসের এই প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘কোনো শিশুরই দূষিত মাটি ও অনিরাপদ পানির উত্তরাধিকার বহন করা উচিত নয়।’ তিনি অক্সফামের সাম্প্রতিক একটি প্রতিবেদনের বিষয়েও কথা বলেন।

সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ৯৯ শতাংশেরও বেশি এলাকায় বিষাক্ত দূষণের সম্ভাব্য উৎস শনাক্ত করা হয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ইসরাইলের সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনিরা বিভিন্ন পরিবেশগত ঝুঁকির মুখে পড়েছেন। এসব দূষণ ও স্বাস্থ্যঝুঁকির দীর্ঘমেয়াদি প্রভাব আগামী কয়েক দশক ধরে তাদের ভোগাতে পারে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%