০৪:৩৮ পি.এম
ফরিদপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৮ যুবকের জন্য আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৮ যুবক আদালতে উপস্থিত ছিলেন, পরে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তারা ফরিদপুর জেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে
আদালত সূত্রে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক তরুণের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। এক পর্যায়ে গত ২০১৯ সালের ২৫ ডিসেম্বর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য শহরতলীর ধলার মোড়ে অপেক্ষা করতে থাকে ওই তরুণী। প্রেমিকের আসতে দেরি হওয়ায় নৌকায় পার হয়ে পালডাঙ্গী কাশবনে ঘুরতে থাকে তরুণী। এ সময় অজ্ঞাত যুবকরা তাকে জোরপূর্বক ধরে নিয়ে কাশবনের নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং একজন ভিডিও ধারণ করে রাখে। এরপর ঘটনাটি ধামাচাপা পড়ে যায়।
২০২০ সালের আগস্ট মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ৬ আগস্ট শাহিন শেখকে প্রথমে শনাক্ত করে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার স্বীকারোক্তিতে জড়িত আরও ৬ জনকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণীকে শনাক্ত করতে না পেরে ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন ও পর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকালে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
এ মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আইয়ুব আলী। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে দীর্ঘদিন সাক্ষ্য গ্রহণ ও শুনানির মাধ্যমে ৮ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন আদালতের বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। এরপর পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা দায়ের করেন এবং তদন্ত করে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনেন। পরবর্তীতে আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং নিজেদের দোষ স্বীকার করেন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু, আহত ২৫
তিনি আরো জানান, ভিডিওটি ফরেনসিক করে আসল বলে প্রমাণিত হয় এবং ভিডিওতে থাকা আসামিদের পরিহিত কাপড়েরও ফরেনসিকের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়। আদালত যথাযথ ডকুমেন্ট ও স্বীকারোক্তির মাধ্যমে সন্দেহতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। এ রায় সমাজে একটি বড় বার্তা বহন করে যে এ ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন