১০:২০ পি.এম
মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর সংসদে বিল সময়মতো না আসায় ডেপুটি স্পিকার কায়সার কামাল উষ্মা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আইনসভাকে অবজ্ঞা নয়, শক্তিশালী করুন।’
সোমবার (৯ নভেম্বর) সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর বিলটি সংসদে তুলতে চার মাস সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে ডেপুটি স্পিকার এই মন্তব্য করেন। মন্ত্রণালয় থেকে বিল আসতে দেরি হওয়ায় এর আগে তিনি সংসদে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সার কামাল মন্ত্রীর উদ্দেশে বলেন, এটি গত ২৩ জুলাই মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল, যা প্রায় চার মাস আগে।
আরও পড়ুন: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান
কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারি বিল উত্থাপনের সাত দিন আগে নোটিশ দিতে হয় এবং বেসরকারি বিল উত্থাপনের ১৫ দিন আগে নোটিশ দিতে হয়। তবে স্পিকার চাইলে সময় বাড়াতে পারেন। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি গত ৪ নভেম্বর সংসদে আসে।
ডেপুটি স্পিকার মন্তব্য করেন, ‘এই চার মাসে, আপনার এক্সিকিউটিভের (নির্বাহী বিভাগ) পক্ষ থেকে এই বিলটা কেন এত দিন পরে আসল যে, আমাকে আমার প্রিরোগেটিভ ইউজ (বিশেষ ক্ষমতা ব্যবহার- কনডোনেশন অব টাইম) করতে হলো? আমি দিচ্ছি অনুমতি, বাট (কিন্তু) এটা বোধ হয় আগেও দুই-একবার সংসদে বলেছি, পর্যাপ্ত সময় থাকে, তারপরেও এক্সিকিউটিভ পার্ট থেকে লেজিসলেচারকে (আইন বিভাগ) আপনারা সময়মতো বিলটা পাঠান না। যে কারণে মাননীয় সদস্যরা বিলটা দেখতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘আপনাদের চার মাস আগে যে বিলটা অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদে, এই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংসদে আসতে তো তিন-চার মাস সময় লাগার কথা না।’ মন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি উত্থাপন করতে পারেন, পরবর্তীতে সতর্ক থাকবেন দয়া করে, প্লিজ। লেজিসলেচারকে এমপাওয়ারড করেন, ইগনোর না।’
পরে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলেন। বিলটি পরে পরীক্ষা করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আরও পড়ুন: ‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন : জামায়াত
বিলে উল্লেখ করা হয়েছে, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে সিটি করপোরেশন এলাকা সংলগ্ন যেসব এলাকা নির্ধারণ করবেন সেসব এলাকা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে এই কর্তৃপক্ষ। এ জন্য ভূমি জরিপ ও সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট সব তথ্য, উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ ও বাস্তবায়ন করতে পারবে। অপরিকল্পিত, অপ্রশস্ত সড়ক ও এলাকার ভূমি পুনউন্নয়ন ও ভূমি পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প নিতে পারবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সমৃদ্ধ গুরুত্বপূর্ণ বগুড়া শহর ও এর সন্নিহিত এলাকার পরিকল্পিত নগরায়ণ, সমন্বিত অবকাঠামো উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা সম্প্রসারণসহ দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাউক) ইতিমধ্যে গঠিত চারটি উন্নয়ন কর্তৃপক্ষের মতো ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ গঠন করা আবশ্যক।
তিন অধ্যাদেশ সংসদে
অধিবেশন শুরু হওয়ার আগে জারি করা তিনটি অধ্যাদেশ আজ চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হয়েছে। অধ্যাদেশগুলো হলো—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন।
আরও পড়ুন: আরেকটু হোমওয়ার্ক করে সংসদে আসলে ভালো হয়, কেন বললেন আইনমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন