মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫৭ পি.এম
বাংলাদেশ ব্যাংক দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একত্রিত করে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের নাম ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) এবং এটি আগামী বছরের জুলাইয়ে চালু করার পরিকল্পনা করা হয়েছে।
নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করে সহজেই অর্থ পাঠাতে এবং লেনদেন করতে পারবেন। ফলে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অর্থ স্থানান্তরের জন্য আলাদা নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হবে না।
এ উদ্যোগের ফলে আর্থিক সেবার পরিধি বৃদ্ধি পাবে, নগদ টাকার ব্যবহার কমবে এবং লেনদেনের প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে। একইসঙ্গে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগণও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসার সুযোগ পাবেন।
গেটস ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় এই প্ল্যাটফর্ম তৈরি করা হবে। ফাউন্ডেশনের ‘মোজালোফ’ উদ্যোগের আওতায় উন্মুক্ত সফটওয়্যার ব্যবহৃত হবে। এই সফটওয়্যারটি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ডিজিটাল লেনদেন নিশ্চিত করতে তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, "সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ব্যবস্থার আওতায় আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এতে পর্যায়ক্রমে নগদ টাকা উত্তোলন এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তরের প্রয়োজন কমে আসবে।"
তিনি আরও বলেন, "এ ব্যবস্থা চালু হলে গ্রাহকরা আর নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। বরং যেকোনো অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি লেনদেন করতে পারবেন।"
আইআইপিএস চালু হলে ব্যক্তি থেকে ব্যক্তিতে অর্থ পাঠানো, ব্যবসায়িক লেনদেন, দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য পরিশোধ এবং সরকারি অর্থ বিতরণসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। প্রয়োজনীয় পরিচালনাগত, অর্থ নিষ্পত্তি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর সম্ভব হবে।
দেশের বিদ্যমান ডিজিটাল লেনদেন অবকাঠামোর ওপর ভিত্তি করেই নতুন এ ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্তমানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ২০১২ সাল থেকে অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের সুযোগ দিয়ে আসছে।
তবে বিদ্যমান ব্যবস্থায় সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানকে একটি নেটওয়ার্কে যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোকে একই ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।
এর আগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃসংযোগের মাধ্যমে লেনদেন চালুর নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন মাশুল ব্যাংকের জন্য শূন্য দশমিক ১৫ শতাংশ, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য শূন্য দশমিক ২০ শতাংশ এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের জন্য শূন্য দশমিক ৮৫ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে অর্থ গ্রহণকারীর কাছ থেকে কোনো মাশুল আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে কয়েকটি বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এ ব্যবস্থায় যুক্ত না হওয়ায় উদ্যোগটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
সিরাজুল ইসলাম বলেন, "বিদ্যমান ব্যবস্থাটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর হয়নি। এ কারণে আর্থিক খাতের সব প্রতিষ্ঠানকে যুক্ত করতে আরও সমন্বিত প্রযুক্তিগত কাঠামো গড়ে তোলা প্রয়োজন।"
নতুন আইআইপিএসের মাধ্যমে এ সীমাবদ্ধতা কাটিয়ে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক সংযোগ স্থাপন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
শুধু দেশের অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিট্যান্স বিতরণেও নতুন এ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
গত জুলাইয়ে গেটস ফাউন্ডেশনের সহায়তায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ‘বাংলাদেশে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্সের ব্যবহার’ শীর্ষক একটি গবেষণা উদ্যোগ শুরু করে।
এ গবেষণায় নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, আর্থিক খাতের প্রতিনিধি ও গবেষকরা অংশ নেন। তারা আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, রেমিট্যান্স পাঠানোর খরচ কমানো এবং আনুষ্ঠানিক আর্থিক চ্যানেলে অর্থের প্রবাহ বাড়াতে আইআইপিএসের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
পিআরআই চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে বলেন, "দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। এ অর্থ আনুষ্ঠানিক আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে আনা এবং উৎপাদনশীল বিনিয়োগে ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন।"
গবেষকদের মতে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে দেশে রেমিট্যান্স বিতরণ আরও দ্রুত ও সহজ হবে। অনুমোদিত আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত এবং তুলনামূলক কম খরচে উপকারভোগীদের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে পৌঁছানো সম্ভব হবে।
তবে এ ধরনের আন্তঃসীমান্ত লেনদেন চালু করতে আন্তর্জাতিক অংশীদারত্ব, বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান, অর্থ নিষ্পত্তি ব্যবস্থা এবং অনুমোদিত বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সংযোগ নিশ্চিত করতে হবে।
নতুন এ ব্যবস্থার সুফল ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সরকারি কার্যক্রমেও পড়বে। সিরাজুল ইসলাম বলেন, "ডিজিটাল লেনদেন বাড়লে কাগুজে নোট ছাপানো, পরিবহন, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সরকারের ব্যয় কমবে।"
অন্যদিকে, ব্যবসায়ীরা নগদ অর্থ ব্যবস্থাপনার খরচ কমানো, হিসাব সংরক্ষণে স্বচ্ছতা এবং দ্রুত লেনদেনের সুবিধা পাবেন। সরকারও বেতন-ভাতা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ ডিজিটাল মাধ্যমে সহজে উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে পারবে।
সাম্প্রতিক বছরগুলোতে মোবাইল আর্থিক সেবা, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক অর্থ স্থানান্তর এবং কিউআর কোডভিত্তিক লেনদেনের প্রসারে দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারিত হয়েছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক না থাকায় নির্বিঘ্নে লেনদেনের ক্ষেত্রে এখনও সীমাবদ্ধতা রয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, একটি অভিন্ন প্ল্যাটফর্ম চালু হলে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও সহজ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
তবে আইআইপিএসের সফল বাস্তবায়ন নির্ভর করবে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, প্রযুক্তির নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা, সাশ্রয়ী লেনদেন মাশুল এবং ডিজিটাল আর্থিক সেবার প্রতি মানুষের আস্থার ওপর।
কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আইআইপিএস দেশের লেনদেন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হওয়ার পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা বাড়বে এবং আরও বেশি মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় আসবেন।
আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা দেশের ডিজিটাল আর্থিক খাতের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলায় করা আপিলের শুনানি ইসলামাবাদ হাইকোর্ট ১০ দিনের জন্য মুলতবি করেছেন। একই সঙ্গে কারাবন্দি ইমরানের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ দোগরের নেতৃত্বে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশটি প্রদান করে। আল-কাদির ট্রাস্ট মামলা হিসেবে পরিচিত এই দুর্নীতি মামলায় ইমরান ও বুশরা দুজনেই কারাদণ্ড ভোগ করছেন।
মামলায় ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল। ২০২৫ সালের ১৭ জানুয়ারি দেওয়া ওই রায়ের বিরুদ্ধে তারা ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেন।
মঙ্গলবার শুনানির শুরুতে প্রধান বিচারপতি জানান, ইমরান ও বুশরার আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। তিনি স্মরণ করিয়ে দেন, গত ২৯ জুন আদালত আইনজীবীদের আপিলের বিষয়ে যুক্তিতর্ক শুরু করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি শুনানি মুলতবির আবেদন না করার বিষয়ে তাদের কাছ থেকে অঙ্গীকারও নেওয়া হয়েছিল।
আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এর জবাবে বলেন, ওই অঙ্গীকার করেছিলেন আইনজীবী সরদার লতিফ খান খোসা। তাই এ বিষয়ে তার বক্তব্য শোনা উচিত। তিনি জানান, আপিলের পাশাপাশি বুশরার চিকিৎসার জন্য অনুমতি চেয়ে করা একটি দেওয়ানি আবেদন নিয়েও তিনি আদালতে উপস্থিত হয়েছেন।
প্রধান বিচারপতি বলেন, খোসার দেওয়া অঙ্গীকার অনুযায়ী মূল আপিলের শুনানির যুক্তিতর্ক শুরু হওয়া প্রয়োজন। এ সময় খোসা আদালতকে জানান, তাকে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
বিষয়টি আমলে নিয়ে প্রধান বিচারপতি ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল নাভিদ হায়াত মালিকের কাছে জানতে চান, আগামী কয়েক দিনের মধ্যে খোসার সঙ্গে ইমরানের সাক্ষাতের ব্যবস্থা করা সম্ভব কি না। জবাবে তিনি ইতিবাচক সম্মতি জানান।
এ সময় পিটিআইয়ের মহাসচিব ও আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে জানান, ইমরান খানের কাছ থেকে তিনি কিছু নির্দেশনা পেয়েছেন। প্রধান বিচারপতি বলেন, আদালতের দেওয়া নির্দেশনাগুলোও বিচারিক নথির অংশ।
শুনানিতে ব্যারিস্টার সালমান সাফদার জানান, গত সাত মাস ধরে তিনি ইমরান খানের সঙ্গে এবং ১১ মাস ধরে বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। এ কারণে মামলার প্রস্তুতি ও যুক্তিতর্ক উপস্থাপন করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, আপিলের প্রয়োজনীয় নথিপত্র বা পেপার বুক এখনো আদালত থেকে পাননি। মামলার নথি, সাক্ষ্য ও অন্যান্য কাগজপত্র মিলিয়ে প্রায় ৩ হাজার ৫০০ পৃষ্ঠা রয়েছে। পাশাপাশি সাক্ষ্য দিয়েছেন ৩৫ জন। ফলে যথাযথভাবে নথি পর্যালোচনা করে যুক্তিতর্ক প্রস্তুত করতে তার পর্যাপ্ত সময় প্রয়োজন।
সাফদার জানান, সম্প্রতি ইমরান ও বুশরার সঙ্গে সাক্ষাতের জন্য তাকে মাত্র ৪০ মিনিট সময় দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর এত অল্প সময়ের সাক্ষাতে মামলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি।
যে অভিযোগে কারাগারে ইমরান ও বুশরা
১৯ কোটি পাউন্ড দুর্নীতি মামলাটি মূলত আল-কাদির ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট একটি আর্থিক সমঝোতাকে কেন্দ্র করে। পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) অভিযোগ, ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের সময় যুক্তরাজ্যে শনাক্ত ও পাকিস্তানে ফেরত পাঠানো ৫০ বিলিয়ন রুপি বৈধ করার প্রক্রিয়ায় একটি আবাসন প্রতিষ্ঠানের কাছ থেকে ইমরান ও বুশরা বিপুল অর্থ এবং কয়েক শ একর জমি গ্রহণ করেছিলেন।
যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো ওই অর্থ একটি সমঝোতার অংশ হিসেবে পাকিস্তানের সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে জমা হয়েছিল। এনএবির অভিযোগ, ওই অর্থের ব্যবস্থাপনায় অনিয়মের মাধ্যমে আল-কাদির ট্রাস্টের জন্য সুবিধা নেওয়া হয়।
এ মামলায় ২০২৫ সালের ১৭ জানুয়ারি ইসলামাবাদের একটি জবাবদিহি আদালত ইমরান খানকে ১৪ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিল এখন ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন।
সূত্র: ডন
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক শিশুদের যৌন নিপীড়ন সংক্রান্ত কনটেন্ট এবং পেডোফাইল বা শিশুনিপীড়কদের দৌরাত্ম্য রোধে ব্যর্থতার অভিযোগে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। স্পেনের একটি স্বাধীন অ্যান্টি-ডিসইনফরমেশন ও ফ্যাক্ট-চেকিং ফাউন্ডেশন ‘মালডিটা ডট ইএস’ (Maldita.es)-এর সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, টিকটকে প্রায় ২০ হাজারেরও বেশি সন্দেহভাজন পেডোফাইল বা শিশুনিপীড়ক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে। এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশের পর স্পেন সরকার টিকটক নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ফাউন্ডেশনটির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৩৫ দিন ধরে প্ল্যাটফর্মটি মনিটরিং করার পর তারা দেখতে পায় যে, টিকটকে শিশু যৌন নিপীড়নের (CSAM) ভিডিও সম্বলিত ১,০০০-এর বেশি পাবলিক পোস্ট বা ভিডিও রয়েছে। এসব ভিডিও মোট ৪ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। অনুসন্ধানে আরও উঠে এসেছে যে, স্পেনের ভাষায় পরিচালিত অন্তত ৭ হাজার অ্যাকাউন্টসহ মোট ২০ হাজারেরও বেশি সন্দেহভাজন পেডোফাইল প্রোফাইল এই প্ল্যাটফর্মটি সক্রিয়ভাবে ব্যবহার করছিল।
গবেষকরা জানান, টিকটকের অ্যালগরিদম ও ফিচারগুলো শিশু নিপীড়কদের দ্বারা অপব্যালমিত হচ্ছে। এমনকি টিকটকের লাইভ সম্প্রচার এবং ভার্চুয়াল গিফটস ফিচারের সুযোগ নিয়ে অপ্রাপ্তবয়স্ক শিশুদের অর্থের লোভ দেখিয়ে যৌন আবেদনমূলক কাজ করতে বাধ্য করার ঘটনাও ১৭টি দেশের ৯১টি লাইভস্ট্রিম পর্যবেক্ষণে ধরা পড়েছে। অথচ ফ্ল্যাগ বা চিহ্নিত করার পরও টিকটক কর্তৃপক্ষ এর সামান্য অংশই মাত্র রিমুভ বা ব্লক করেছে।
এই ঘটনার পর স্পেনের যুব ও শিশু কল্যাণ মন্ত্রণালয় বিষয়টিকে “চরম মাত্রার গুরুতর” হিসেবে আখ্যায়িত করেছে। স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগো টিকটকের স্থানীয় নেতৃত্বকে এক জরুরি বৈঠকে তলব করেছেন এবং সাইবার ক্রাইম প্রসিকিউটরদের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও টিকটকের ক্ষতিকর রিকমেন্ডেশন সিস্টেম বা ফিড বদলানোর তাগিদ দেওয়া হয়েছে, অন্যথায় বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়, ১০ নভেম্বর ২০২৬ : জেলায় গত পাঁচ বছরের মধ্যে বিভিন্ন সময় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আহছানিয়া মিশন শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে আজ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জলাপাড়ায় অবস্থিত আহছানিয়া মিশন শিশু নগরীতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, ঢাকা আহছানিয়া মিশনের যুগ্ম-পরিচালক মনিরুজ্জামান, শিশু নগরীর সেন্টার ম্যানেজার দীপক কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিশু নগরীর ৪০ জন শিক্ষার্থীকে ক্রেস্টসহ উপহার প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা, ফরিদপুরে ঘুমন্ত বাস চালককে পুড়িয়ে হত্যা এবং সারাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে।
মিছিলটি মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলের পর অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত সমাবেশে নেতারা মন্তব্য করেন, "আওয়ামী লীগ প্রশ্নে ব্যর্থ হয়েছে সরকার। সন্ত্রাস ও আওয়ামী লীগকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি।" তারা আওয়ামী লীগকে নব্য রাজাকার আখ্যা দিয়ে দাবি করেন, "ডিসেম্বরে হাসিনা ফিরবেন না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ