ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ


চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ঢাকার বুকে পরিকল্পিত বনায়ন প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে

পুলিশের তথ্যমতে, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি সড়ক থেকে উদ্ধার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া, জেনে নিন আবেদনের নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া, জেনে নিন আবেদনের নিয়ম

রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে চারটি রিটেইল শপ ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম মেনে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে পারবেন।

ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানগুলো অবস্থিত উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ থেকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো ভাড়া দেওয়া হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। উল্লেখ্য, এ অর্থ অফেরতযোগ্য।

যেভাবে সংগ্রহ করবেন আবেদনপত্র

সোমবার (২৩ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এজন্য আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।

ঠিকানা: মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।

আবেদনকারীদের জন্য ব্রিফিং ও সাইট ভিজিটের আয়োজন করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

একই দিনে সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনের সুযোগও থাকবে। এতে আগ্রহীরা দোকানের অবস্থান ও ভাড়াসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।

আবেদন জমা দেওয়ার শেষ সময়

আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা নেওয়া হবে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে।

আবেদন জমার সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে আবেদনপত্র খোলা হবে।

বিস্তারিত তথ্য কোথায় পাবেন

দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক শর্ত ও অন্যান্য বিস্তারিত নিয়ম জানতে ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া।

মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দেওয়ার বিষয়টি মনে রাখতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ এম


ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪, আহত ১০

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। এই তথ্য হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সময়ে দেশটির তাইজ প্রদেশে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে।

হুথিপন্থি সংবাদ সংস্থা সাবার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, সৌদি যুদ্ধবিমান হোদেইদা শহরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।

এদিকে, তাইজ প্রদেশে চারটি বিমান হামলা ঘটেছে। এর মধ্যে দুটি হামলা প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-জারবুব এলাকায় এবং বাকি দুটি আল-তাইজিয়াহ জেলায় সংঘটিত হয়েছে।

হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় দেশটির পাঁচটি প্রদেশে বিমান হামলায় তিন শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো ৪৭ জন।

তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলার খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হোদেইদা বন্দরে হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তাইজ ও সাদা প্রদেশে বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলা চেকপোস্টে পুলিশের ধাওয়া খেয়ে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ এম


নকলা চেকপোস্টে পুলিশের ধাওয়া খেয়ে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের ধাওয়া খেয়ে অবশেষে নকলায় পুলিশের চেকপোস্টে ভারতীয় মদসহ গ্রেপ্তার হয়েছেন শাহিন আলম (৩০) নামে এক যুবক। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন আলম ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

পুলিশ জানায়, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই ব্যাগ ভর্তি ভারতীয় মদ নিয়ে এক যুবক আসছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে নালিতাবাড়ী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই যুবককে ধাওয়া করে পুলিশ। একপর্যায়ে নালিতাবাড়ী উপজেলার সীমানা ছাড়িয়ে নকলা বাইপাস এলাকায় পৌঁছালে নালিতাবাড়ী থানা পুলিশ বিষয়টি নকলা থানা পুলিশকে জানায়।

পরে নকলা থানা পুলিশ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলযোগে আসা শাহিন আলমকে আটক করে তার কাছে থাকা দুই ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বুকে পরিকল্পিত বনায়ন প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ এম


ঢাকার বুকে পরিকল্পিত বনায়ন প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে

ইটপাথরের ঢাকা শহরে বনায়ন শুধুমাত্র একটি পরিবেশগত আকাঙ্ক্ষা নয়, এটি মেগাসিটি হিসেবে টিকে থাকার জন্য একটি অপরিহার্য উপাদান। অপরিকল্পিত নগরায়ণ, গাছপালা কেটে ফেলা এবং নদী ভরাট করে বহুতল ভবন নির্মাণের ফলে ঢাকা শহর বর্তমানে 'হিট আইল্যান্ডে' পরিণত হয়েছে। এর ফলে তীব্র বায়ুদূষণ, দাবদাহ ও অক্সিজেন সংকট নগরবাসীর স্বাস্থ্য ও জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। প্রতিদিন মানুষ দূষিত বায়ুবাহিত জটিল রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে অ্যাজমা। শিশু ও বৃদ্ধদের ওপর এর মারাত্মক প্রভাব পড়ছে। হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, জলবায়ুর ক্রমাগত পরিবর্তন ও পরিবেশের ভারসাম্যহীনতা মানবজাতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় ঢাকার বুকে যেসব খোলা ও পরিত্যক্ত জায়গায় ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়, সেগুলো জরুরি ভিত্তিতে পরিষ্কার করে বনায়নের উপযোগী করা প্রয়োজন। এর সঙ্গে পরিকল্পিত ছাদবাগান গড়ে তোলা এবং রাস্তার পাশে পরিকল্পিতভাবে গাছ লাগানোও অত্যন্ত জরুরি।

বাংলাদেশ বন অধিদপ্তর ও মার্কিন বন পরিষেবার যৌথ উদ্যোগে পরিচালিত 'আরবান ট্রি ইনভেন্টরি' পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা শহরের ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় গাছের সংখ্যা ১৩ লাখ (১.৩ মিলিয়ন)। ঢাকার জনসংখ্যার অনুপাতে এই সংখ্যা যথেষ্ট নয়। যেখানে একটি শহরের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এলাকা সবুজে ঘেরা থাকা প্রয়োজন, সেখানে বর্তমানে মাত্র ১১ শতাংশ বনায়ন বিদ্যমান। শহরকে বসবাসের উপযোগী করে রাখতে আরো লাখ লাখ গাছ লাগানো জরুরি।

পরিকল্পিত বনায়ন শুধুমাত্র তাপমাত্রা কমাবে না, বরং বিষাক্ত বাতাস পরিশোধন করে নির্মল ও শ্বাস নেওয়ার উপযোগী বাতাস নিশ্চিত করবে। এ কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও কলোনিতে গিয়ে বনায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে এবং মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে।

লেখক: শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইডেন মহিলা কলেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%