০৩:০৬ পি.এম
সাতক্ষীরার তালায় শিক্ষার্থীদের মধ্যে সাধারণ জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখা। এই উদ্যোগের উদ্দেশ্য হলো মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টায় তালা সদর ইউনিয়নের জে এন এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. রেজাউল ইসলাম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার আলী আকঞ্জি।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয় ও কোডার্সট্রাস্টের সঙ্গে ইউপিসের সমঝোতা স্মারক স্বাক্ষর
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, অর্থ সম্পাদক একরামুল ইসলাম, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক ইকুব্বার বিশ্বাস, কার্যনির্বাহী সম্পাদক অর্ক মজুমদার ও সদস্য মুজাহিদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম রেজা বলেন, "শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল চিন্তাভাবনার চর্চাও করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সভাপতির বক্তব্যে সহকারী শিক্ষক জুলফিকার আলী আকঞ্জি বলেন, "শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কুইজ প্রতিযোগিতা একটি চমৎকার উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।"
বসুন্ধরা শুভসংঘ তালা উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত বলেন, "তরুণ প্রজন্মকে জ্ঞাননির্ভর, মানবিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই বসুন্ধরা শুভসংঘের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বই পড়া, সাধারণ জ্ঞান চর্চা এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
আরও পড়ুন: টাঙ্গাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
কুইজ প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ইব্রাহিম, দ্বিতীয় স্থান অর্জন করে জিহাদ এবং তৃতীয় স্থান অর্জন করে বর্ষা। বিজয়ীদের অভিনন্দন জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও আয়োজকরা।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলবে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন