ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর


জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় বাংলা বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন তারা।

সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে আটক করা হয়। এ সময় নেতাকর্মীদের ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আটক পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

আরও পড়ুন: সিমিন রহমান আদালতে হাজির হননি, সেভেন-আপের বিক্রি অব্যাহত

ছাত্রদল ও ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দপ্তরগুলোতে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন সংগঠন দুটির নেতাকর্মীরা।

এ বিষয়ে ছাত্র শক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, এখানে আওয়ামী লীগের যে কর্মকর্তা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালায় যাইতেছে, তাদের সাথে আসলে কোনো ধরনের কোনো আপস নাই। সেটা হোক আমরাই হই আর যেই হোক, যেই এটা করবে আমরা তাদের পক্ষে থাকবো আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে আজকে যে অভিযানটা করা হয়েছে, বিভিন্ন লিডার যারা ছিল তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।

অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘১ হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন: শেরপুরে ৮৮ দিন গুম ও ৮০৮ দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি

আটক কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন হিমেল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক ড নাসির আহমাদ জানান, দেশে এমন অবস্থায় এ ধরনের অপতৎপরতা যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। যে অভিযোগগুলো আসছে সেগুলো যাচাই বাছাই করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


সংসদে খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু। তিনি সোমবার জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেওয়া এক নোটিশে এই দাবি উত্থাপন করেন।

সংসদে বক্তব্য রাখার সময় ইকরামুল বারী টিপু বলেন, "১৯৮২ সালে স্বৈরাচারী এরশাদ যখন এ দেশের গণতন্ত্র হরণ করেছিলেন, তখন দীর্ঘ ৯ বছরের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।" তিনি উল্লেখ করেন, "পরবর্তীতেও যখনই দেশের গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে তিনি নেতৃত্ব দিয়েছেন।"

১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বেগম খালেদা জিয়াই দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।"

বিগত সরকারের সময়ের প্রসঙ্গ উল্লেখ করে নওগাঁ-৪ আসনের এই সংসদ সদস্য আরো বলেন, "দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রায় ছয় বছর জেল-জুলুম, নির্যাতন ও বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও তিনি গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম চালিয়ে গেছেন।"

বক্তব্যের শেষে ইকরামুল বারী টিপু বলেন, "বিগত সময়ে ইতিহাস বিকৃত করা হয়েছিল। তাই নতুন প্রজন্ম ও জাতির সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে বেগম খালেদা জিয়ার এসব অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান উত্তরের মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


আর আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান উত্তরের মানুষ

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার চূড়ান্ত সিদ্ধান্তের দাবি জানাচ্ছে তিস্তাপারের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে প্রকল্পের অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং বাস্তবায়নের সময়সূচি ঘোষণা করার দাবি করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

সোমবার (১৬ নভেম্বর) সকালে রংপুর নগরীর ইসলামবাগে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী ছয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত একনেকে প্রকল্পের অনুমোদন, ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর তারিখ ঘোষণা, জাতীয় বাজেটে পৃথক বরাদ্দ, তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং নদী ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা।

এছাড়াও, তিস্তা বন্ড চালু করার পাশাপাশি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের পুনর্বাসনের দাবি জানান তারা।

নজরুল ইসলাম হক্কানী বলেন, "তিস্তা শুধু উত্তরাঞ্চলের সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়ন, কৃষি, খাদ্যনিরাপত্তা ও মানুষের জীবন-জীবিকার বিষয়।" তিনি আরও বলেন, সরকারের ঘোষিত সাত থেকে আট বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে হলে এখনই অনুমোদন ও অর্থায়নের রূপরেখা ঘোষণা করা আবশ্যক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ নভেম্বরের গণসমাবেশ থেকে ঘোষণার অপেক্ষায় থাকলেও দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ২৯ নভেম্বর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে লিফলেট বিতরণ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


ইরান কি ইউরোপকেও নতুন রণক্ষেত্র বানাবে?

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পরিবর্তিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর সক্ষমতা রয়েছে তেহরানের। এসব সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিও অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, ইউরোপজুড়ে ইরান-সমর্থিত ড্রোন হামলার পরিকল্পনা, অগ্নিসংযোগ এবং সাইবার হামলার অভিযোগের কারণে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ কি না ক্রমেই ইউরোপে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সরাসরি যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে। উল্লেখ্য, মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছিল।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা যতটুকু তারা দেখেছে, তার মধ্যেই সীমাবদ্ধ নয়।’ খোররামশাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে পরিবর্তন এনে এর পাল্লা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব বলেও দাবি করা হয়েছে।

২০২৩ সালে উন্মোচিত খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রের ঘোষিত পাল্লা ২ হাজার কিলোমিটার। এটি ১ হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওয়ারহেডের ওজন কমিয়ে ক্ষেপণাস্ত্রটির পাল্লা কয়েক গুণ বাড়ানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হচ্ছে দুই জোড়া কমিউটার ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


চট্টগ্রাম-নাজিরহাট রুটে চালু হচ্ছে দুই জোড়া কমিউটার ট্রেন

চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে দুই জোড়া কমিউটার ট্রেন চালুর অনুমোদন দিয়েছে। এই উদ্দেশ্যে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন ট্রেনগুলোর নামকরণ করা হয়েছে ‘নাজিরহাট কমিউটার - ১, ২, ৩ ও ৪’। প্রতিটি ট্রেনে থাকবে সাতটি করে কোচ।

চট্টগ্রাম-নাজিরহাট রুটে নিয়মিত ট্রেন চলাচলের দাবি দীর্ঘদিনের। গত ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানান। একই সঙ্গে তিনি নাজিরহাট থেকে ফটিকছড়ির ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা, হেঁয়াকো ও বাগানবাজার হয়ে সীমান্তবর্তী রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবিও উত্থাপন করেন।

আজ সোমবার (১৬ নভেম্বর) রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পূর্ব) কার্যালয় থেকে জানানো হয়েছে যে, এই রুটে ট্রেনের ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের মতে, এতে যাত্রী সেবা ও আয় বৃদ্ধি পাবে।

এর আগে রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত পত্রে কমিউটার ট্রেন পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছিল।

রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী দুই জোড়া লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে রূপান্তরের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেছে। এ জন্য সাতটি কোচের একটি রেক গঠন করে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, সাত কোচের এই ট্রেনে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার ও একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ থাকবে। শোভন শ্রেণির পাঁচটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন থাকবে। এসএলআর কোচে থাকবে আরও ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে আসনসংখ্যা ৩৩৪টি। ২২২ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। ২২১ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। ২২৪ নম্বর ট্রেন নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। আর ২২৩ নম্বর ট্রেন চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান মন্তব্য করেছেন, ‘লোকাল থেকে কমিউটার হওয়ায় যাত্রীসেবার মান বাড়বে। এই রেকে পাওয়ার কার যুক্ত হবে। ফলে লাইট-ফ্যান চলবে। শৌচাগারের সুবিধা থাকবে। কোচগুলোও উন্নত হবে।’

জাতীয় সংসদের স্পিকার বরাবর দেওয়া এক নোটিশে সরোয়ার আলমগীর উল্লেখ করেন, চট্টগ্রাম-নাজিরহাট রেলপথ ফটিকছড়ি অঞ্চলের মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ট্রেন চলাচল না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীদের সড়কপথের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে যাতায়াতে সময় ও খরচ দুটোই বাড়ছে।

নোটিশে তিনি আরও বলেন, ফটিকছড়ির কৃষি, চা ও রাবার শিল্পের উৎপাদিত পণ্য কম খরচে পরিবহনে কার্যকর রেল যোগাযোগ প্রয়োজন। অন্যদিকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে সীমান্ত বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

এদিকে, বর্তমান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফটিকছড়ির ভূজপুর এলাকার বাসিন্দা মো. বখতিয়ার মন্তব্য করেন, নাজিরহাট পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল চালু হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। সড়কপথে যাতায়াতে সময় ও খরচ দুটোই বেশি। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ যাত্রীদের জন্য ট্রেন অনেক বেশি সুবিধাজনক হবে।

তিনি আরও বলেন, রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে ফটিকছড়ির কৃষিপণ্য, চা ও অন্যান্য পণ্য সহজে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো যাবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি আরও গতিশীল হবে।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, আমি সংসদে এ দাবি জানিয়েছিলাম। এখন রেলওয়ে অনুমোদন দিয়েছে। আশা করছি, ভবিষ্যতে রামগড় পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। নাজিরহাট থেকে রামগড় পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করা গেলে স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%