১০:৩০ পি.এম
ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ করার জন্য পোল্ট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর পাশাপাশি পাঁচ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং ডিম ভেঙে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন প্রান্তিক পোল্ট্রি খামারিরা।
রবিবার (৫ জুলাই) দুপুরে ঈশ্বরদী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলার মুলাডুলি বাজার এলাকায় ঈশ্বরদী-নাটোর মহাসড়কে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদে অংশ নেন এলাকার অর্ধশতাধিক প্রান্তিক খামারি।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে খামারিরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাস্তায় ডিম ভেঙে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ডিমের সঠিক দাম চাই, ন্যায্য অধিকার চাই’, ‘খাদ্যের দাম কমাও, খামারিদের বাঁচাও’ এবং ‘আমদানি নয়, দেশীয় খামার বাঁচাও’।
খামারিদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ করা, করপোরেট কোম্পানির একচেটিয়া ব্যবসা বন্ধ করে প্রান্তিক খামারিদের জন্য স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান করা, পোল্ট্রি খাদ্যের দাম কমানো, ভেটেরিনারি ওষুধের ওপর শুল্ক কমিয়ে বাজারমূল্য হ্রাস করা এবং করপোরেট সিন্ডিকেট ভেঙে ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের ব্যবসায়িক অগ্রাধিকার নিশ্চিত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন