বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৬ পি.এম
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘ বছর ধরে স্থানীয়রা এই সরকারি মালিকানাধীন জমি দখল করে দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছিল। গণপূর্ত বিভাগ জানিয়েছে, এই জমি উদ্ধার করে পার্ক নির্মাণের ব্যবস্থা করা হবে।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারিসুর রহমান জানান, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন এবং সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
গণপূর্ত বিভাগ জানায়, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। পুরাতন কলেজ খেয়াঘাটের পাশাপাশি পর্যায়ক্রমে গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য জমিরও দখলমুক্ত করা হবে। শহরবাসীর দাবির প্রেক্ষিতে কলেজ খেয়াঘাটের উচ্ছেদ করা জায়গাটিতে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের রাজনীতিতে অস্থিরতার কোনো চিহ্ন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি। তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’
সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’
বিজয় মাস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্র্যান্ড র্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বেঙ্গালুরুতে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ সিরিয়ালের দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট কারণে সিরিয়ালটির প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ নভেম্বর ফ্রেজার টাউনের ‘শিশ কবাব’ রেস্তোরাঁয় সিরিয়ালটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পরিকল্পনা ছিল। এরপর ৫ ডিসেম্বর ‘দ্য স্টার ক্লাব’র উদ্যোগে একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে এটি প্রদর্শনের আয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে সিরিয়ালটির দুটি প্রদর্শনী বাতিল করেছে আয়োজকরা।
তথ্য অনুসন্ধান করে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ালটির প্রচারপত্র ও আমন্ত্রণে পাকিস্তানি পোশাকের ড্রেস কোড এবং থিমভিত্তিক খাবার ও আয়োজনের উল্লেখ ছিল। এসব বিষয় নিয়ে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়। ভারতবাসীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, কেন বেঙ্গালুরুতে পাকিস্তানি সিরিয়ালের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে?
ভারতীয় নেটিজেনদের তীব্র সমালোচনা ও ক্ষোভের বিষয়টি বেঙ্গালুরু পুলিশের নজরে আসলে তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানায়, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পাকিস্তানি কনটেন্ট নিয়ে ভারতবাসীদের সংবেদনশীলতা ও আপত্তি রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সিরিয়াল প্রদর্শন করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, এ বিষয়ে পুলিশ আয়োজকদের কাছে জানতে চায়। সবদিক বিবেচনায় নিয়ে আয়োজক সংস্থা স্বেচ্ছায় অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর হিতেন্দ্র বলেন, "আয়োজনটি নিয়ে একের পর ক্ষোভ আমাদের কাছে জমা হতে থাকলে বিষয়টি নিয়ে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করি। এমন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়া জরুরী জানতে চাই। তখন স্বেচ্ছায় আয়োজকরা প্রদর্শনী দুটি বাতিল করে।"
৫ ডিসেম্বরের প্রদর্শনী বাতিল প্রসঙ্গে আয়োজকরা সংবাদমাধ্যমে জানান, "আমরা পাকিস্তানের সিরিয়ালটির প্রদর্শনী বাতিল করেছি। যদিও এটি পরিবার এবং ঘনিষ্ঠ পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা ছিল, তবে বিষয়টি যখন বিতর্কের আকার নিয়েছে, তাই আমরা প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।"
গল্পের আবেগ, পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা এবং নাটকীয় মোড় সব মিলিয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের ধারাবাহিক ‘দার-এ-নিজাত’। সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার (আবু বকর আমান), দুরেফিশান সেলিম (জারিয়াব হাবিব) এবং নামীর নওয়াজ খান (জামিল হোসেন)।
উমেরা আহমেদের রচনায় ‘দার-এ-নিজাত’ সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান। এতে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রোমাইসা খান (হামনা), সাহার হাশমি (বেলা), সানিয়া সাঈদ (খুশবখত), সাবা হামিদ (কিশওয়ার জাহান), ফারান তাহির (হাবিব) এবং নাদিয়া আফগান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শশীভুষন থানা পুলিশ। গতকাল ২৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় শশীভূষন থানাধীন এওয়াজপুর ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার এএসআই খলিল হাসান ও এএসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল মৃধা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৭০০ গ্রাম গাঁজাসহ আবু কালামকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আবু কালাম ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন রাঢ়ীর ছেলে।
পুলিশের এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও একজনকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মাদকদ্রব্যের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি।
এবিষয়ে শশীভুষন থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী আবু কালাম কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে,জনস্বার্থে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) দাবি করেছে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ ভারতে নিষিদ্ধ করতে। এ বিষয়ে সংগঠনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দিয়েছে। তারা একই সঙ্গে পাকিস্তানি সিনেমা, সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্টের প্রচার বন্ধে কঠোর শাস্তির বিধানসহ একটি স্থায়ী আইন প্রণয়নের দাবি করেছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে পাঠানো চিঠিতে এআইসিডব্লিউএ বলেছে, "পাকিস্তানের কোনো মুখ, কণ্ঠ বা গল্পের জায়গা ভারতের পর্দায় নেই।" সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত চিঠিতে স্বাক্ষর করেছেন এবং এর অনুলিপি ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে প্রদান করা হয়েছে।
চিঠিতে সংগঠনটি চারটি দাবি উত্থাপন করেছে। প্রথমত, ৪ ডিসেম্বর বা পরবর্তী কোনো তারিখে সিরিজটি ভারতে প্রচার না করা। দ্বিতীয়ত, ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশনা কঠোরভাবে মানতে বাধ্য করা। তৃতীয়ত, টেলিভিশন, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহে পাকিস্তানি কনটেন্ট, শিল্পী ও প্রযোজনা নিষিদ্ধ করতে স্থায়ী আইন করা। চতুর্থত, এ বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়াসহ অন্যান্য প্ল্যাটফর্মের অবস্থান স্পষ্ট করা।
চিঠিতে ২০১৯ সালের পুলওয়ামা হামলা এবং ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। এআইসিডব্লিউএর বক্তব্য, সিরিজটি ভারতে প্রচার করা হলে তা ভারতের জাতীয় আবেগ ও সরকারি নির্দেশনার পরিপন্থী হবে। সংগঠনটি এক্সে একটি পোস্টে লিখেছে, "সন্ত্রাসের কোনো করতালি নেই, সবার আগে দেশ।"
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২৫ সালের ৮ মে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পাকিস্তানি উৎসের কনটেন্ট প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল। এআইসিডব্লিউএর দাবি, নেটফ্লিক্স সিরিজটি প্রচার করলে ওই নির্দেশনা লঙ্ঘিত হবে। রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কনটেন্ট ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হয় না; তবে ইউটিউবে দেশটির কয়েকটি সিরিজ পাওয়া যায়।
এদিকে, ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও নেটফ্লিক্সকে ২০২৫ সালের নির্দেশনা মেনে চলার কথা জানিয়েছে। ২৬ নভেম্বর প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি উৎসের কোনো কনটেন্ট ভারতে প্রচার না করার বিষয়টি নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্সের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘জো বাচে হ্যায় সাং সামেত লো’ সিরিজটির প্রথম পর্ব আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের একই নামের উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটি নেটফ্লিক্সের প্রথম উর্দু ভাষার সিরিজ। এতে ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, হানিয়া আমিরসহ একাধিক পাকিস্তানি অভিনেতা অভিনয় করেছেন। ছয়টি যুগলের প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে সিরিজটি নির্মিত হয়েছে।
ভারতে সিরিজটি প্রচার করা হবে কি না, সে বিষয়ে নেটফ্লিক্স এখনো প্রকাশ্যে কিছু জানায়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে নেটফ্লিক্স ও ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ