১১:৩৮ পি.এম
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মডেলিংয়ের কাজের প্রস্তাব লাভ করেছিলেন মারিয়াহ রিফ। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তাকে একটি হোটেলে ফটোশুটের জন্য ডেকে নেওয়া হয়। কিন্তু হোটেলে পৌঁছানোর পর তিনি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। সেখানে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়। সেই ঘটনার ভীতিকর স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়।
শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিয়াহ তার জীবনের সেই ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বর্তমানে ২৯ বছর বয়সী মারিয়াহ বলেন, ‘ওই হোটেল কক্ষে আমার মৃত্যু হয়েছিল। আমি তখন জীবন্ত লাশের মতো ছিলাম।’
মারিয়াহ জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বেড়ে ওঠা তার জীবন কৈশোর থেকেই নানা প্রতিকূলতায় ভরা ছিল। ১৮ বছর বয়সে বিয়ে হলেও সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। পরে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি জিমে কাজ শুরু করেন তিনি। আর্থিক সংকটের মধ্যে নতুন কাজের সন্ধান করতে গিয়ে ক্রেইগলিস্টে মডেলিংয়ের বিজ্ঞাপন দেখতে পান।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত
মডেল হওয়ার স্বপ্ন মারিয়াহর আগে থেকেই ছিল। তাই বিজ্ঞাপন দেখে তিনি আবেদন করেন। একপর্যায়ে এক ব্যক্তি ফোন করে সান দিয়েগোর একটি হিলটন হোটেলে ফটোশুটের প্রস্তাব দেন। কাজটি নিরাপদ বলে আশ্বস্ত করতে এক নারীর সঙ্গেও তার কথা বলানো হয়। ওই নারীও কাজটিকে বৈধ বলে দাবি করেন।
হোটেলে পৌঁছে প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল মারিয়াহর। কিন্তু তাকে একটি কক্ষে নিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যায়। সেখানে আগে থেকেই আরেক ব্যক্তি অপেক্ষা করছিলেন। বের হওয়ার পথ আটকে তাকে বলা হয়, নির্দেশনা মেনে চললেই তার জন্য ভালো হবে।
মারিয়াহ বুঝতে পারেন, সেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ তার নেই। নিজের নিরাপত্তার কথা ভেবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে তাকে জানানো হয়, একটি বিশেষ ভিডিওতে অভিনয় করতে হবে, যা কেবল অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। তার পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়।
কিন্তু বাস্তবে ঘটেছিল উল্টো। প্রায় আট ঘণ্টা ধরে তাকে পর্নোগ্রাফির ভিডিও ধারণে বাধ্য করা হয়। মারিয়াহ বলেন, ওই সময় তিনি যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। যন্ত্রের মতো একের পর এক নির্দেশ পালন করছিলেন। কাজ শেষে তাকে ৪ হাজার ৫০০ ডলার দেওয়া হয়।
আরও পড়ুন: ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম
ঘটনার প্রায় এক মাস পর ভিডিওটি ছড়িয়ে পড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতজনদের কাছে ভিডিওর লিংক ও স্ক্রিনশট পাঠানো হয়। এতে মারিয়াহ চরম সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণার মুখে পড়েন। এমনকি তার পরিচিতজনদের অনেকে তাকেই দোষারোপ করতে থাকেন।
মারিয়াহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর তার চারপাশের মানুষের কাছ থেকে সহানুভূতির বদলে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। একপর্যায়ে বেঁচে থাকার আগ্রহও হারিয়ে ফেলেছিলেন তিনি। ওই চক্রের শিকার হওয়া অন্তত ১৫ জন নারী পরে আত্মহত্যা করেছেন অথবা মাদকের অতিরিক্ত ব্যবহারে মারা গেছেন বলে তার জানা।
তবে নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মারিয়াহ। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার সঙ্গে যোগাযোগ করে। তখন তিনি জানতে পারেন, ওই পর্নোগ্রাফি নির্মাণকারী চক্রের বিরুদ্ধে তদন্ত চলছে।
তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভিডিও ধারণে যুক্ত থিওডোর জি ২০২২ সালে চার বছরের কারাদণ্ড পান। ভিডিওতে অংশ নেওয়া নারীদের ওপর নির্যাতনে যুক্ত রুবেন আন্দ্রে গার্সিয়া ২০ বছরের এবং চক্রটির মূল হোতা মাইকেল প্র্যাট ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
আরও পড়ুন: নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচন করছেন ঈশ্বরদীর ড. মাহমুদা সুলতানা
আদালতে অন্যান্য ভুক্তভোগীদের বক্তব্য শোনার পর মারিয়াহর অভিজ্ঞতা সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। এত দিন তিনি নিজেকেই দায়ী মনে করতেন। কিন্তু বুঝতে পারেন, তিনি মূলত প্রতারণা ও জবরদস্তির শিকার হয়েছিলেন।
বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করছেন। পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে পড়া অননুমোদিত ও আপত্তিকর ভিডিও সরানোর উদ্যোগেও যুক্ত হয়েছেন। ভুক্তভোগীদের সুরক্ষায় আইন পরিবর্তনের জন্যও কাজ করছেন তিনি।
মারিয়াহর মতে, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা কখনোই কাম্য ছিল না। তবে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য নারীদের এমন পরিস্থিতি থেকে রক্ষা করতে চান তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন: মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন