ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হান্নান মাসউদের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জকারী রিট খারিজ


হান্নান মাসউদের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জকারী রিট খারিজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ শূন্য ঘোষণা করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে এই আবেদন করা হয়েছিল।

বিচারপতি শিকদার মাহমুদ রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (৯ নভেম্বর) এই আদেশ প্রদান করেন।

আদেশের পর হান্নান মাসুদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের জানান, “আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। হলফনামায় সম্পদের বিবরণীতে তথ্যের গরমিলের বিষয়টি ‘তথ্যগত প্রশ্ন’ হওয়ায় রিটের মাধ্যমে তা নিষ্পত্তিযোগ্য নয় বলে হাইকোর্ট পর্যবেক্ষণ দিয়েছেন। এ ধরনের বিষয় নিষ্পত্তির জন্য যথাযথ কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু রিট আবেদনকারী সেই কর্তৃপক্ষের কাছে যাননি। সার্বিক বিষয় বিবেচনায় আদালত রিটটি খারিজ করেছেন।”

আরও পড়ুন: তরুণীর টয়লেটে যাওয়ার পথে ওঁত পেতে ছিলেন ইউনুছ, অতঃপর যাবজ্জীবন কারাদণ্ড

হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য ও নির্বাচনী অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত ৮ জুলাই সংসদ সচিবের দপ্তরে আবেদন করেন হাতিয়া উপজেলার বাসিন্দা এবং ওই আসনের ভোটার নাজমুল হোসেন। এই আবেদনের সাড়া না দেওয়ায় নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন নাজমুল। রিটের বিবাদী হিসেবে আইন সচিব, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব, রাষ্ট্রপতির সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক)’র চেয়ারম্যান, নোয়াখালীর জেলা প্রশাসক ও আবদুল হান্নান মাসউদসহ ১৩ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

রিট আবেদনে উল্লেখ করা হয়, গত ৮ জুন গ্লোবাল অনলাইন টিভির একটি টকশোতে উপস্থাপক নাজনীন মুন্নির প্রশ্নের জবাবে হান্নান মাসউদ নিজেই তার দাখিল করা হলফনামার তথ্য সঠিক ছিল না স্বীকার করেছেন। তিনি নির্বাচনকালীন বিভিন্ন অনিয়ম নিয়েও কথা বলেছেন। একজন সংসদ সদস্যের মধ্যে যদি স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা না থাকে, তাহলে তিনি ওই পদে থাকতে পারেন না। এই কারণে সংসদ সচিবের দপ্তরে দেওয়া আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়ার পাশাপাশি অবিলম্বে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা চাওয়া হয় রিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্পে দেড় লাখ মানুষের সুবিধা : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


দারিদ্র্য বিমোচনে তিন প্রকল্পে দেড় লাখ মানুষের সুবিধা : মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ড. আবদুল মঈন খান জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদে পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগণের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন করা হবে। এই প্রকল্পগুলির অধীনে মোট ১ হাজার ১৮০টি সমবায় সমিতি গঠন করা হবে এবং ১ লাখ ৪৫ হাজার ৫৫৬ জন উপকারভোগী সুবিধা লাভ করবেন।

এ তথ্য তিনি সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক লিখিত প্রশ্নের জবাবে প্রদান করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

প্রকল্প তিনটি হলো-

১. ‘দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সমবায়ের মাধ্যমে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণ’ শীর্ষক প্রকল্প।

২. ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ শীর্ষক প্রকল্প।

৩. ‘সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরিতে কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারাগারে অসুস্থ আ. লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের হাসপাতালে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


কারাগারে অসুস্থ আ. লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের হাসপাতালে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে (১) বন্দি অবস্থায় এক আওয়ামী লীগ নেতা, রঞ্জিত কুমার ঘোষ (৫০), মারা গেছেন। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এদিকে, গতকাল রবিবার স্থানীয় আদালত তার জামিন মঞ্জুর করেন। আজ তার মুক্তি পাওয়ার কথা ছিল।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই মাসের অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। আজ সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, ফলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের (১) জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য (সৈয়দ নজরুল ইসলাম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’

রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তার মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। আজ সোমবার কারামুক্ত হওয়ার কথা ছিল। অথচ তিনি সবাইকে মুক্তি দিয়ে গেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজলার দুই পারে তিন দিনের শ্যামাপূজার মেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


কাজলার দুই পারে তিন দিনের শ্যামাপূজার মেলা শুরু

শ্যামাপূজার উপলক্ষে কাজলা নদীর তীরে যে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে লোকজ পণ্যের বিস্তৃত সমাহার দেখা যাচ্ছে। শখের মাটির পুতুল, বাঁশি, কুলা, চালনা, বেতপণ্য, ফুলের সাজি, মুড়ি, মিষ্টি, চানাচুরসহ বিভিন্ন ধরনের খাবারও মেলায় পাওয়া যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের নাগরদোলা মেলায় এসেছে।

গতকাল রবিবার নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নে কাজলা নদীর তীরে এ মেলার আয়োজন করা হয়। আজ মেলার দ্বিতীয় দিন চলছে। তিন দিনের এই মেলা আগামীকাল মঙ্গলবার শেষ হবে।

স্থানীয়দের মতে, বহু বছর ধরে কালীপূজা শেষে কাজলা নদীর দুই পারে শত বছরের ঐতিহ্যবাহী এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

স্থানীয়রা জানাচ্ছেন, শ্যামাপূজা উপলক্ষে মূলত মুলিয়া ইউনিয়নের কোড়গ্রাম, মুলিয়া, পানতিতা গ্রামেই এই মেলা বসে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দর্শনার্থীরা এখানে আসেন।

মেলায় ভারতের রাজস্থান থেকে আসা বাদল সরকার জানান, তাদের পূর্ব পুরুষের বাড়ি বাংলাদেশে। তিনি বলেন, "নাড়ির টানে বাংলাদেশে আসা। আমাদের বাড়ি আগে এখানেই ছিল।" তিনি আরও জানান, এর আগেও কয়েকবার কালীপূজার মেলা দেখতে মুলিয়া এসেছেন।

মুলিয়ার কালীপূজার মেলা সম্পর্কে বাদল সরকার বলেন, "কালীমাতার পূজা, মেলা ও নদীতে যে ভাসান হয়, তা খুবই চমৎকার। এমন দৃশ্য কোথাও দেখা যায় না। ভালোলাগার জায়গা থেকেই কালীপূজার মেলায় আসি।"

পার্থ চক্রবর্তী (৬২) স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, "ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে এই মেলায় আসতাম। অনেক ভিড়ের মাঝে ঠাসাঠাসি করে ঢুকতাম, আবার বের হতাম। এখন নিজেই ছেলে-মেয়ে নিয়ে মেলায় আসি।"

মেলায় শিশুদের খেলনা, ঢোল, ছোট কুলা, ছোট ধামা, ছোট চালবা ও ফুলের সাজি নিয়ে দোকান বসিয়েছেন সীমা রানী। আউড়িয়া গ্রাম থেকে আসা এই নারীর ভাষ্য, "৩০ বছর ধরে এই মেলায় খেলনা বিক্রি করি। তিন দিনের মেলায় দুপুরের পর থেকে লোকসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা নামলে বেচাকেনা বেশি হয়।"

মেলায় একটি বড় আকর্ষণ হলো মিষ্টির দোকান। জামাই ও শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কেনার ধুম পড়ে দোকানগুলোতে।

বাহিরগ্রামের মিষ্টি ব্যবসায়ী গোবিন্দ কুণ্ডু বলেন, "মেলায় মিষ্টি বিক্রি ভালোই হয়। বেশি বিক্রি হয় পূজার সিঙ্গে। এই মিষ্টি কালীপূজার ঐতিহ্যের অংশ।"

এদিকে, দুপুর গড়াতেই মেলায় বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আসা শুরু হয়েছে। বিকেলের মধ্যেই পুরো প্রাঙ্গণ কানায় কানায় দর্শনার্থীতে ভরে যায়।

মেলার আয়োজন সম্পর্কে কোড়গ্রাম সর্বজনীন কালীপূজা মন্দির কমিটি ও কোড়গ্রাম মেলা কমিটির সভাপতি মিন্টু সরকার বলেন, "মুলিয়া ইউনিয়নে যুগ যুগ ধরে শ্যামাপূজা হয়ে আসছে। পূজা ঘিরে তিন দিন ধরে মেলা চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর মান্দায় চোলাইমদ পান করে মাতলামির অভিযোগে ১০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


নওগাঁর মান্দায় চোলাইমদ পান করে মাতলামির অভিযোগে ১০ জন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় অবৈধভাবে চোলাইমদ পান করে প্রকাশ্যে মাতলামি করার অভিযোগে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— চক উদয়নারায়ণ গ্রামের রেজাউল করিম (৩৮) এবং দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) ও পলাশ কুমার (৩৮)।

পুলিশের সূত্রে জানা যায়, রোববার রাতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্সসহ মান্দা থানা এলাকায় নিয়মিত টহল ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে মোবাইল ফোনে পুলিশ জানতে পারে যে, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের নিশীথ হাওলাদারের বসতবাড়ির একটি শয়নকক্ষে কয়েকজন ব্যক্তি অবৈধ চোলাইমদ সেবন করে হট্টগোল ও মাতলামি করছেন। খবরটি তাৎক্ষণিকভাবে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে ওসির নির্দেশনায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে পুলিশ অভিযান চালায়। এ সময় চোলাইমদ সেবনরত অবস্থায় ১০ জনকে হাতেনাতে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে মান্দা থানার ওসি মো. আফজাল হোসেন জানান, চোলাইমদ সেবন করে জনশান্তি বিঘ্নিত ও মাতলামি করার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে থানায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%