মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১০:০৩ পি.এম
যিনি নীরবে-নিভৃতে, প্রচারের আড়ালে থেকে প্রতিনিয়ত অসহায় ও সামর্থ্যহীন রোগীদের পাশে দাঁড়ান, তিনি ভৈরবের অতি সুপরিচিত ও মানবিক গুণাবলী সম্পন্ন গরীবের বন্ধু খ্যাত ডাক্তার মুহাম্মদ মিজানুর রহমান কবির। সম্প্রতি এক দরিদ্র ও অসহায় রোগীর চিকিৎসায় তাঁর বাড়িয়ে দেওয়া মানবিক হাত ভৈরব জুড়ে প্রশংসিত হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে।
ঘটনাটি শেয়ার করে ভৈরবের স্থানীয় সামাজিক কর্মী রাসেল জানান, বেশ কিছুদিন আগে জটিল একটি সমস্যা নিয়ে ভৈরবের একজন অত্যন্ত দরিদ্র ও সামর্থ্যহীন রোগী চন্ডিবের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছু ব্যয়বহুল পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। কিন্তু এতো টাকা ব্যয় করে পরীক্ষা-নিরীক্ষা ও উন্নত চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য ওই অসহায় রোগীর ছিল না।
কোনো উপায় না পেয়ে নিরুপায় রোগী সামাজিক কর্মী রাসেলের সাথে যোগাযোগ করেন। রাসেল তাৎক্ষণিকভাবে বিষয়টি গরীবের বন্ধু খ্যাত ডাক্তার মুহাম্মদ মিজানুর রহমান কবির-কে ফোনে জানান। ফোনের ওপাশ থেকে ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির যে উদারতা দেখান, তা সত্যিই বিরল। তিনি রাসেলকে বলেন- "রাসেল, তোমরা তো সামাজিক কাজ করো। এই ভালো কাজে মাঝেমধ্যে আমাদেরও তোমাদের পাশে রেখো। কোনো সমস্যা নেই, রোগীকে এখনই আমার চেম্বারে পাঠিয়ে দাও। পরীক্ষা-নিরীক্ষাসহ যাবতীয় যা চিকিৎসা লাগে, আমি করে দিচ্ছি।"
পরবর্তীতে রোগীকে ডাক্তার মিজানুর রহমান কবিরের চেম্বারে পাঠানো হলে, তিনি কোনো ফি ছাড়াই রোগীকে দেখেন। শুধু তাই নয়, রোগীর প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা মূল্যের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করেন।
মানবিকতার এখানেই শেষ নয়। পরদিন ডাক্তার মিজানুর রহমান কবির নিজে সামাজিক কর্মী রাসেলকে ফোন করে বলেন- "রাসেল, এইরকম দরিদ্র, অসহায় ও সামর্থ্যহীন কোনো রোগী যদি টাকার অভাবে চিকিৎসা করাতে না পারে, তবে নিঃসংকোচে আমার কাছে পাঠিয়ে দিও। কোনো সমস্যা নাই, আমি সাধ্যমতো ফ্রিতে চিকিৎসা করে দিবো।"
ডা. কবিরের এমন নিঃস্বার্থ ও হৃদয়স্পর্শী কথা শুনে তাঁর প্রতি ভৈরববাসীর সম্মান ও ভালোবাসা আরও বহুগুণ বেড়ে গেছে। বর্তমান সময়ে যেখানে চিকিৎসা সেবা বাণিজ্যিকীকরণের অভিযোগে বিদ্ধ, সেখানে ডাক্তার মিজানুর রহমান কবিরের মতো মানবিক চিকিৎসকেরা সমাজের জন্য এক একটি আলোকবর্তিকা।
এব্যাপারে ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি মানব সেবার অঙ্গীকার নিয়ে একজন চিকিৎসক হয়েছি। শুধু অর্থের বিনিময়েই নয়, বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার মাঝে যে মানসিক শান্তি পাওয়া যায়, অন্য কোনো কাজে ততটা শান্তি পাওয়া যায় না। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি।"
ভৈরবের সর্বস্তরের মানুষ এই গুণী ও মানবিক চিকিৎসকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহিম শেখ (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত মাহিম শেখ ওই গ্রামের মো. নয়ন শেখের ছেলে এবং পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল সমর্থক মাহিম বাড়ির উঠানে একটি আমগাছে কাঁচা বাঁশের সাহায্যে ব্রাজিলের পতাকা টাঙিয়েছিল। পরবর্তীতে বাতাসের কারণে বাঁশটি হেলে পড়লে শুক্রবার বিকেলে সে গাছে উঠে বাঁশটি সোজা করার চেষ্টা করে।
এসময় বাঁশটি পাশ দিয়ে যাওয়া ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে মাহিম বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তার স্বজনরা প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় যুবক শুভ বলেন, 'ছেলেটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুদ্ধবিরতির মাঝেও বিভিন্ন এলাকার মধ্যে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৭ জন, খবর আল জাজিরার।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেবাননে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইলের ‘অব্যাহত যুদ্ধবাজ নীতি’ গুরুতর ও তাৎক্ষণিক পরিণতি ডেকে আনতে পারে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার দেশে ইসরাইলের হামলাকে ‘একটি বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে নিন্দা জানিয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা ‘যুদ্ধবিরতি সুসংহত করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে চলমান সমস্ত প্রচেষ্টাকে কার্যকরভাবে দুর্বল করে দিচ্ছে’।
গত বুধবার (১৭ জুন) কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতায় ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা ওয়াশিংটন-তেহরান চুক্তিকে হুমকির মুখে ফেলেছে।
লেবাননে সংঘাত তীব্র হয়ে পড়ায় আজ শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা বাতিল করা হয়েছে। এটি হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া নিশ্চিত করার অত্যাবশ্যকীয় আলোচনার সময়সূচী নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, যুদ্ধ শেষ করার চুক্তির অংশ হিসেবে সুইজারল্যান্ডে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পিত বৈঠক স্থগিত করা হয়েছে। দুই পক্ষ ‘আগামী দিনগুলোতে’ বৈঠকে বসতে পারে।
গত রাতে দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়। এই লড়াই শুক্রবার সকাল পর্যন্ত চলেছে। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরাইলের সেনাবাহিনী (আইডিএফ) জানায়, লেবাননে তাদের চার সেনা নিহত হয়েছে। এছাড়া পাঁচ সেনা আহত হয়েছে, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফের দাবি, হামলাগুলো হিজবুল্লাহর ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের‘ জবাবে চালানো হয়েছে।
দক্ষিণ লেবাননে চার সেনা নিহতের খবরে ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ‘পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে’। সাম্প্রতিক একাধিক উস্কানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় বেন-গভির বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে, ‘প্রতিটি ইসরাইলি মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে এক হাজার লেবানিজ মাকে কাঁদতে হবে’।
অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত দক্ষিণ লেবানন ও বেকা উপত্যকায় ইসরাইলের তীব্র বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ৯৭ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যমতে, সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে হারুফ এলাকায়। সেখানে তিন নারীসহ ৯ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
এছাড়া আল-দুয়াইরে এক শিশু ও এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। হাব্বুশ এলাকায় নিহত হয়েছেন ৭ জন। আরব সালিমে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন এবং বালবেকের কাছে তাল আবিয়াদে আরও ৩ জন নিহত হয়েছেন।
আল-শারকিয়াহ, কাফারসির, আল-কাত্রানি, নাবাতিয়েহ, দেইর আল-জাহরানি, কাফার রুম্মান, কাফার জৌজ, জেবশিত, কাকাইয়াত আল-জিসর, আদশিত, আল-রাইহান, আব্বা, আল-আব্বাসিয়া ও আইন বোরদাই এলাকাতেও হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননের ওপর ইসরাইলি হামলায় মোট ৩,৯৮০ জন নিহত এবং ১২,০১ জন আহত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের ৮টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর। এক্ষেত্রে এসব এলাকাতে বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় উল্লিখিত তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা তথ্য রয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণের শঙ্কাও বিদ্যমান রয়েছে। এই ধরনের আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে জিআর চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য এবং জনগণের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করেই চলেছেন। ইতোমধ্যে, তিনি নির্বাচনী প্রতিশ্রতি অনুযায়ী নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ডসহ দেশের বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন।
নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জিআর চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো তুলে ধরেন।
প্রতিমন্ত্রী আরও মন্তব্য করেন, বর্তমান সরকার স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। তিনি জানান নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত। এখানে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ৩০ জন হতদরিদ্রকে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ১৫টি প্রতিষ্ঠানে জিআর চাল বিতরণ করেন।
এর আগে, প্রতিমন্ত্রী ক্লাইমেট স্মার্ট প্রকল্পের কৃষি প্রযুক্তি ও ৩ দিনব্যাপী ফল মেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা অনুষ্ঠান উদ্বোধন করেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আমোদাবাদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনও করেন।
এসময় তিনি বলেন, "বৃক্ষরোপণকে সামাজিক রূপ দিতে পারলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য দেশ উপহার দিতে সক্ষম হব।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ