০৩:৩৩ পি.এম
ফরিদপুরে নিয়মনীতি না মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে, এবং এই বিষয়ে নজরদারির অভাব দেখা দিয়েছে। ফরিদপুর জেলার ৯টি উপজেলার সদর, উপশহর, ওয়ার্ডসহ প্রত্যন্ত অঞ্চলের অলিগলি এবং মেঠোপথের ছোট ছোট টং দোকানেও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বলছেন, "দেশে আইন আছে, আইনের শাসন নেই।" নিয়ম থাকলেও নিয়ম মানার বালাই নেই, এমনটাই বলছেন সচেতন মহল।
এলপিজি গ্যাস বিক্রির নিয়ম কী? এই গ্যাস বিক্রিতে আইনের ব্যাখ্যা কী? এ বিষয়ে ফরিদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি জানান, দেশে রান্নার গ্যাসের চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কোনো ধরনের নিয়মনীতি বা সুরক্ষা বিধি না মেনে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রি করে চলেছেন। আবাসিক এলাকার মুদি দোকান, স্টেশনারি দোকান, এমনকি ওষুধের ফার্মেসি কিংবা চায়ের দোকানেও ঝুঁকিপূর্ণভাবে এই সিলিন্ডারগুলো সাজানো হচ্ছে।
কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বৈধ লাইসেন্স ছাড়াই পরিচালিত এই অননুমোদিত ব্যবসা সাধারণ মানুষের জীবন ও সম্পত্তিকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্র্যাজেডির কারণ হতে পারে। তিনি আরও বলেন, আইনের দৃষ্টিতে এলপিজি সংরক্ষণ ও বিক্রির বিধান রয়েছে। আইনগতভাবে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস একটি অত্যন্ত দাহ্য ও বিপজ্জনক পদার্থ হিসেবে গণ্য হয়। এর উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণন কঠোর আইনি কাঠামোর আওতাধীন।
আরও পড়ুন: সিলেটে টিলা কাটার মহোৎসব, গত ২৫ বছরে ৩০ শতাংশ টিলা নিশ্চিহ্ন
বিস্ফোরক আইন, ১৮৮৪ (Explosives Act, 1884): এই আইনের অধীনে এলপিজিকে দাহ্য পদার্থ বা বিস্ফোরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। লাইসেন্স বা পূর্বানুমতি ছাড়া যেকোনো স্থানে নির্দিষ্ট সীমার বেশি দাহ্য পদার্থ মজুত বা বিক্রি করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।
এলপিজি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১৬ পর্যন্ত): বিস্ফোরক পরিদপ্তরের (Department of Explosives) নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে এলপিজি সিলিন্ডার মজুত ও বিক্রি করতে হলে অবশ্যই বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনাপত্তিপত্র (NOC) নেওয়া বাধ্যতামূলক। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দীন বলেন, নিয়মের বাইরে কেউ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
লাইসেন্স পাওয়ার জন্য দোকানে নিরাপদ দূরত্ব, পর্যাপ্ত বায়ু চলাচল, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর ব্যবস্থা এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র থাকা আবশ্যক। পাশাপাশি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, লাইসেন্সহীন অবৈধ ব্যবসা পরিচালনা এবং জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার বিধান কার্যকর করতে পারে।
ফরিদপুর টেপাখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আরমান আলী বলেন, আইনের সুস্পষ্ট বিধান থাকলেও মাঠপর্যায়ে তদারকির শিথিলতা এবং কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতার কারণে মুদি ও খুচরা দোকানে দেদারসে সিলিন্ডার বিক্রি হচ্ছে। তিনি বলেন, "এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের জরুরিভাবে ব্যবস্থা নেওয়া জরুরি।" যার যেখানে মন চাচ্ছে, তিনি এলপিজি গ্যাস বিক্রি শুরু করছেন। এতে আমরা আতঙ্কে আছি।
আরও পড়ুন: ‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নেই’ মানববন্ধনে জলবায়ু সংকট ও নদী রক্ষার দাবি
নিরাপত্তার বালাই নেই
খুচরা দোকানে সিলিন্ডার মজুতের ক্ষেত্রে কোনো ধরনের ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপক যন্ত্র থাকে না। বৈদ্যুতিক সুইচ বা চুলার কাছাকাছি সিলিন্ডার রাখায় সবসময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে।
নগরকান্দা স্কুলের শিক্ষক আহমেদ মিয়া বলেন, তালমা এলাকায় রয়েছে বিশাল অবৈধ রিফিলিং বা গ্যাস স্টেশন। অনেক অসাধু ব্যবসায়ী বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস স্থানান্তর করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হতে পারে। এগুলো চলমান বোমাসদৃশ পরিবেশ ধারণ করছে।
ঘনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে সিলিন্ডার মজুত করায় তা স্থানীয় বাসিন্দাদের জন্য একেকটি 'চলমান বোমা'র রূপ নিয়েছে।
আরও পড়ুন: সিলেটের পরিবহন সেক্টরে ধর্মঘটের অস্থিরতা, শ্রমিকদের তিন দফা দাবি
প্রশাসন ও সংশ্লিষ্টদের করণীয়
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে। লাইসেন্সহীন ও অবৈধ সিলিন্ডার বিক্রেতা ফরিদপুর সদর থানার মো. কামাল, আ. রশিদ, চানু মিয়া, নাদের- এদের সবার দোকানে অবৈধভাবে গ্যাস বিক্রি হচ্ছে। তাদের প্রশ্ন করা হলে, "আপনারা তো মুদি দোকানদার, এলপিজি গ্যাস বিক্রি করার অনুমতি আছে কি না?" তারা উত্তর দিলেন, "না। সবাই করছে, আমরাও করছি।"
একজন ভোক্তা নাজমা বেগম বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ তদারকি জোরদার করা এবং ডিলার পয়েন্ট ছাড়া যত্রতত্র খুচরা দোকানে সিলিন্ডার সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।
এ বিষয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, সাধারণ মানুষের সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগই কেবল এই মারাত্মক দুর্ঘটনা রোধ করতে পারে। তবে এলপিজি গ্যাস বিক্রিতে কেউ অনিয়ম করলে সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
আরও পড়ুন: ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আইন সবার জন্য সমান। এ বিষয়ে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি, তদন্তপূর্বক জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার।
এলপিজি সিলিন্ডার বিক্রি ও অনিয়ম নিয়ে ইনকিলাবের এই সংবাদ প্রতিবেদনে এলপিজি গ্যাসের বাজারের অনিয়ম, নানা অসঙ্গতি ও তদারকির চিত্র তুলে ধরা হয়েছে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন