০৩:৩৪ পি.এম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে সরকারের পক্ষ থেকে। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা আদেশের মাধ্যমে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবেও পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর থাকবে।
আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্ট: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন চেয়ারম্যানের অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। এছাড়া, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক থাকতে পারবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীকে তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিযোগাযোগ খাতের নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রণয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিন বছরের জন্য নিয়োগ পেলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বের অবসান ঘটল।
নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান এর আগে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সামরিক ও প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: পার্শ্ববর্তী দেশ আমাদের ডাটা হ্যাক করেছে, নতুন আইন জরুরি: রিজভী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন