মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০৪ পি.এম
মলয় কুমার দত্ত
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘জার্নাল অফ ফুড কম্পোজিশন অ্যান্ড অ্যানালাইসিস’-এ প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে দুধ ও দুগ্ধজাত পণ্য জনস্বাস্থ্যের জন্য একটি গুরুতর ঝুঁকি সৃষ্টি করতে পারে।
গবেষণায় দেখা গেছে, এসব পণ্যে বিষাক্ত ভারী ধাতু এবং রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে।
‘ডুয়াল বার্ডেন অফ কেমিক্যাল অ্যান্ড মাইক্রোবিয়াল হ্যাজার্ডস ইন ডেইরি প্রোডাক্টস ফ্রম ঢাকা, বাংলাদেশ: আ কম্প্রিহেনসিভ ফুড সেফটি রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাক্রস মার্কেট সিস্টেমস’ শীর্ষক গবেষণাটি আগস্ট মাসে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, বিভিন্ন দুগ্ধজাত পণ্যে, বিশেষ করে পনির ও দইয়ে, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও পারদের মাত্রা অত্যন্ত বেশি।
কাঁচা দুধে ‘এশেরিকিয়া কোলাই’ (ই. কোলাই) ও ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা দুগ্ধ সরবরাহ ব্যবস্থায় স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তার দুর্বলতা নির্দেশ করে।
২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এই গবেষণাটি পরিচালিত হয়েছে, যেখানে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন বাজার ও উৎস থেকে ৮৪টি দুগ্ধজাত পণ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।
গবেষকরা উন্নত গবেষণাগার প্রযুক্তি যেমন ‘ইনডাক্টিভলি কাপলড প্লাজমা মাস স্পেকট্রোমেট্রি’ (আইসিপি-এমএস) এবং ‘পলিমারেজ চেইন রিঅ্যাকশন’ (পিসিআর) ব্যবহার করে রাসায়নিক ও অণুজীবজনিত দূষণ পরীক্ষা করেছেন।
পনির ও দইয়ে ভারী ধাতুর উদ্বেগজনক মাত্রা
গবেষণার প্রধান ফলাফলের মধ্যে পনিরে সীসার গড় মাত্রা ০.৭৮৪ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে, যা গবেষণায় উল্লেখিত অনুমোদিত সীমা (০.০২ মিলিগ্রাম/লিটার)-এর প্রায় ৩৯ গুণ বেশি।
আর্সেনিকের উপস্থিতি পনিরে গড় ৬২.৮৬৪ মাইক্রোগ্রাম প্রতি কেজি এবং দইয়ে ২১.৪৩৮ মাইক্রোগ্রাম প্রতি কেজি ছিল।
পনিরে ক্যাডমিয়ামের মাত্রা ০.০১৯ মিলিগ্রাম/লিটার পাওয়া গেছে, যা নির্দেশিত মানদণ্ড (০.০১ মিলিগ্রাম/লিটার)-এর চেয়ে বেশি। পনিরে পারদের মাত্রা ০.১৫৭ মিগ্রা/লিটার এবং ঘীতে ০.০৪৬ মিগ্রা/লিটার পাওয়া গেছে, যা উভয়ই গবেষকদের উল্লিখিত ০.০১ মিগ্রা/লিটারের মানদণ্ডের চেয়ে অনেক বেশি।
পনিরে নিকেলের এবং দইয়ে তামার উচ্চ মাত্রাও শনাক্ত হয়েছে।
গবেষকরা ভারী ধাতুর দূষণের সম্ভাব্য উৎস হিসেবে দূষিত পশুখাদ্য, দূষিত পানি, শিল্পকারখানার নিঃসরণ, প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম এবং অস্বাস্থ্যকর ব্যবস্থাপনাকে চিহ্নিত করেছেন।
অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা দূষণ বাড়ায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা মন্তব্য করেছেন যে, দুধ দোয়ানো, সংগ্রহ, প্যাকেজিং এবং পরিবহনের সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করলে অণুজীবজনিত দূষণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।
তিনি বলেন, ক্ষুদ্র খামারি এবং স্বতন্ত্র দুধ সরবরাহকারীরা সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলেন না। পুরো সরবরাহ ব্যবস্থায় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. গোলাম মোস্তফা আরও বলেন, দুধ রাখার পাত্রগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে, খামারিদের দুধ দোয়ানোর আগে হাত ধোয়ার প্রয়োজন রয়েছে এবং দুধ স্থানান্তর, প্যাকেজিং ও পরিবহনের সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আবশ্যক।
তিনি জোর দিয়ে বলেন, খামার থেকে দুধ সংগ্রহ করা থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াই খাদ্য নিরাপত্তা নজরদারির আওতায় থাকা উচিত।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে, এই গবেষণায় বিভিন্ন বাজার ও উৎস থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়েছে, কোনো নির্দিষ্ট কোম্পানি বা দুগ্ধ ব্র্যান্ডকে লক্ষ্য করে এটি করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, সরকারি নজরদারি জোরদার করা প্রয়োজন
গবেষণা দলের সদস্য বিসিএসআইআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া দুধ ও দুগ্ধজাত পণ্যের ওপর সরকারি নজরদারি, বিশেষ করে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের মাধ্যমে তদারকি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, গবেষণার এই ফলাফল দেখে কর্তৃপক্ষের উচিত নজরদারি বাড়ানো এবং রাসায়নিক ও অণুজীবজনিত দূষণ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
তবে, তিনি এই গবেষণার ফলাফলকে সারা দেশের চিত্র হিসেবে গণ্য না করার পরামর্শ দেন, কারণ গবেষণাটি কেবল ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে সংগৃহীত নমুনার ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে।
তিনি বলেন, ঢাকা অনেক বড় এলাকা হওয়ায় দুগ্ধ পণ্যের নিরাপত্তার সামগ্রিক চিত্র পেতে আরও বেশি নমুনা নিয়ে বড় পরিসরে গবেষণা প্রয়োজন।
শিশুদের জন্য নিরাপদ দুধের গুরুত্বের ওপর জোর দিয়ে ড. ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্যের স্বার্থে দুগ্ধজাত পণ্যের গুণমান নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
তিনি বলেন, ‘শিশুদের জন্য দুধ প্রয়োজন, আর তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আমাদের ৯৯.৯৯ শতাংশ নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত নয়, বরং দুধকে পুরোপুরি নিরাপদ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা উচিত। এছাড়া, পশু খাদ্য ও কর্মীদের প্রশিক্ষণের দিকেও নজর দেওয়া প্রয়োজন।’
ড. ভূঁইয়া বাণিজ্যিকভাবে উৎপাদিত পশু খাদ্যের ওপর কঠোর নজরদারির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
তিনি সতর্ক করে বলেন, দূষিত পশু খাদ্যের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে ভারী ধাতু প্রবেশ করতে পারে, যা শেষ পর্যন্ত দুধ ও দুগ্ধজাত পণ্যেও চলে আসতে পারে।
তিনি গবাদি পশুর খাদ্য যেন যথাযথ নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়গুলোর সমন্বিত তদারকির আহ্বান জানান।
অণুজীবের দূষণ প্রসঙ্গে তিনি বলেন, দুধ দোয়ানোর সময়, সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের পর্যায়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মল থেকে আসা ব্যাকটেরিয়া দুধে মিশে যেতে পারে।
তিনি দুগ্ধ খামারের কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের সুপারিশ করেন, যাতে পরিচ্ছন্নতা বজায় রাখা, দুধ নাড়াচাড়া ও প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি উন্নত হয়।
পাশাপাশি, দূষণের সম্ভাব্য উৎসগুলো সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি জোর দেন।
ড. মোস্তফা দুধ রাখার পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং দুধ সংগ্রহ ও বিতরণের পুরো প্রক্রিয়ায় হাত পরিষ্কার রাখার (হ্যান্ড হাইজিন) ওপর গুরুত্বারোপ করেন।
কাঁচা দুধ ক্ষতিকারক ব্যাকটেরিয়ার ঝুঁকিতে বেশি থাকে
গবেষণায় দেখা গেছে, পরীক্ষিত কাঁচা দুধের নমুনার ৮০ শতাংশে ই. কোলাই (ঊ. পড়ষর) ব্যাকটেরিয়া পাওয়া গেছে এবং ২০ শতাংশে সালমোনেলা শনাক্ত হয়েছে।
পনির, দই ও মাঠা, যা এক ধরনের ঐতিহ্যবাহী গাঁজন করা ঘোল— সেগুলোতেও ব্যাকটেরিয়াজনিত দূষণ পাওয়া গেছে। এই ফলাফলগুলো দুধ দোয়ানোর সময় পরিচ্ছন্নতার অভাব, পানির নিম্নমান, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও পরিবহনে ত্রুটির ইঙ্গিত দেয়।
মাখন ও ঘিয়ে ই. কোলাই বা সালমোনেলার উপস্থিতি পাওয়া না গেলেও, গবেষকরা সতর্ক করেছেন যে প্রক্রিয়াজাতকরণ বা গাঁজন প্রক্রিয়া মানেই যে তা অণুজীবের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, তা নিশ্চিতভাবে বলা যায় না।
ড. মোস্তফা বাড়িতে দুধ পানের আগে তা ফুটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে, যথাযথভাবে নিয়ন্ত্রিত পাস্তুরায়ন পদ্ধতি খাদ্য নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
দীর্ঘমেয়াদী সংস্পর্শ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে
গবেষকরা ‘এস্টিমেটেড ডেইলি ইনটেক’ (ইডিআই), ‘হ্যাজার্ড কোশেন্ট’ (এইচকিউ) এবং ‘কার্সিনোজেনিক রিস্ক’ (সিআর)-এর মতো সূচক ব্যবহার করে দূষিত দুগ্ধজাত পণ্য গ্রহণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন করেছেন।
পনিরে সিসার ক্ষেত্রে ‘হ্যাজার্ড কোশেন্ট’ ছিল ১.২৮ এবং আর্সেনিকের ক্ষেত্রে ছিল ১.৩০। উভয় মানই ১-এর সীমা অতিক্রম করেছে, যা গবেষণার ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দেয়।
পনিরে থাকা আর্সেনিকের কারণে আজীবন ক্যান্সার হওয়ার সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত বেশি।
গবেষকরা সতর্ক করেছেন যে দূষিত খাবারের সংস্পর্শে দীর্ঘসময় থাকলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে।
তারা কাঁচা দুধের গুণমান নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ, পরিচ্ছন্নতা বৃদ্ধি, সাশ্রয়ী পাস্তুরায়ন প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা এবং দুগ্ধজাত পণ্যের ওপর নিয়মিত নজরদারি চালানোর সুপারিশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশগ্রহণের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। সোমবার (৯ নভেম্বর) তিনি একটি ভিডিও বার্তায় এই তথ্য প্রকাশ করেছেন।
ভিডিও বার্তায় খলিলুর রহমান সম্মেলনে তার তিনটি প্রধান অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, "আমি তিনটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নিয়ে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১-এ যাচ্ছি।" প্রথম অগ্রাধিকার হিসেবে তিনি উল্লেখ করেন, প্যারিস চুক্তির আওতায় আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করা। পরিচ্ছন্ন জ্বালানি, সার্বিক বিদ্যুতায়ন এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাসের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে।
দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে তিনি ‘জলবায়ু অর্থায়ন’ এর গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো, সহনশীলতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো এবং নিয়মিত অর্থায়ন নিশ্চিত করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করবেন।
তৃতীয় অগ্রাধিকার হিসেবে মানবসম্পদ ও লোকালয় সুরক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমাদের শেষ অগ্রাধিকার হলো মানুষের জীবন রক্ষা করা।" তিনি জানান, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলা, দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা এবং স্থানীয় কমিউনিটি সুরক্ষায় বিনিয়োগের মাধ্যমে মানুষের জীবন সুরক্ষিত করাই তাদের মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। এই প্রস্তাবিত তালিকার ভিত্তিতে, আগামী বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে।
খসড়া তালিকার তথ্য অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি থাকবে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন দিন এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরো দুই দিন রাখা হয়েছে।
ছুটির খসড়া তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২৭ শিক্ষাবর্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ রাখা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে, যেখানে সাপ্তাহিক ছুটি বাদে মোট ২৪ দিন ছুটি থাকবে।
দীর্ঘ এই ছুটির মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবেকদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ) অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এই সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিন ছুটি উপভোগ করতে পারবেন; যার মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমার দিনটিও অন্তর্ভুক্ত রয়েছে।
বছরের শেষের দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই সময় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।
মোট ৭০ দিন ছুটি রাখা হয়েছে ২০২৭ শিক্ষাবর্ষের খসড়া তালিকায়। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে।
এছাড়া, তালিকাটি খসড়া হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবির মাঠে পাওয়া যাবে না, এ বিষয়ে প্রমাণ আপনারা পেয়ে গেছেন। তবে, এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি, যদিও ছোট, তাও মাঠে রয়েছে। তাদের এ জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে তিনি উল্লেখ করেন। আজ মঙ্গলবার সকালে তিনি নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
রাশেদ খান আরও জানান, গণভবন দখলের কথিত নকশাকাররা প্রমাণ করে দিয়েছে, কিভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয় এবং সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।
তিনি বলেন, বাংলাদেশপন্থী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। এজন্য ছাত্রদল সারা রাত রাজপথ পাহারা দিয়েছে এবং বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। আজও তারা সারা দিন রাজপথে থাকবে।
তিনি সতর্ক করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ এবং হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করেছে ফরাসি সরকার। গত মাসে সংঘটিত ওই হামলায় দেশের প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস।
সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ তথ্য জানান। তিনি হামলাটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ঘটনায় প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স।
বারো বলেন, ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এ ধরনের বড় সাইবার হামলা দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত। হামলার জবাবে প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহিদ কাভে’র প্রধান এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগও নেওয়া হয়েছে।
ফরাসি তদন্তকারীদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামো, ফারসি ভাষার ব্যবহার এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইন্টারনেট ঠিকানার সূত্র ধরে ওই সাইবার ইউনিটের সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারশপে ব্যবহৃত হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা দূর থেকে এসব যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। ফলে বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয়।
ক্যারফুর, মনোপ্রি, ইন্টারমার্শে ও কোপেরাতিভ ইউর মতো বড় সুপারশপগুলোও এ হামলার শিকার হয়। এসব প্রতিষ্ঠানের অনেক শীতলীকরণ যন্ত্রে ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি প্রযুক্তি ব্যবহার করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
এদিকে চলতি মাসের শুরুতে ইউরোপের আরও কয়েকটি দেশে সুপারশপের ফ্রিজ ও শীতলীকরণ ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব হামলার সঙ্গে ফ্রান্সের ঘটনার একই গোষ্ঠীর সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করা হয়নি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ