প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের বিভিন্ন সুপারশপের ফ্রিজ এবং হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) দায়ী করেছে ফরাসি সরকার। গত মাসে সংঘটিত ওই হামলায় দেশের প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ইরানের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে প্যারিস।
সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ তথ্য জানান। তিনি হামলাটিকে নজিরবিহীন উল্লেখ করে বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ঘটনায় প্যারিসে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফ্রান্স।
বারো বলেন, ফ্রান্সের ভূখণ্ডে নাশকতার উদ্দেশ্যে চালানো এ ধরনের বড় সাইবার হামলা দেশের স্বার্থ ও জনগণের নিরাপত্তার ওপর গুরুতর আঘাত। হামলার জবাবে প্রয়োজনীয় ও আনুপাতিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, আইআরজিসির ইলেকট্রনিক ও সাইবার সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট আক্রমণাত্মক সাইবার ইউনিট ‘শহিদ কাভে’র প্রধান এবং তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগও নেওয়া হয়েছে।
ফরাসি তদন্তকারীদের দাবি, হামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত অবকাঠামো, ফারসি ভাষার ব্যবহার এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইন্টারনেট ঠিকানার সূত্র ধরে ওই সাইবার ইউনিটের সম্পৃক্ততা শনাক্ত করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত ১১ ও ১২ অক্টোবর ফ্রান্সের বিভিন্ন সুপারশপে ব্যবহৃত হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণকারী ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়। হ্যাকাররা দূর থেকে এসব যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে প্রায় ৭০০টি বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ক্ষেত্রে ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। ফলে বিপুল পরিমাণ খাবার ফেলে দিতে হয়।
ক্যারফুর, মনোপ্রি, ইন্টারমার্শে ও কোপেরাতিভ ইউর মতো বড় সুপারশপগুলোও এ হামলার শিকার হয়। এসব প্রতিষ্ঠানের অনেক শীতলীকরণ যন্ত্রে ডেনমার্কের প্রকৌশল প্রতিষ্ঠান ড্যানফসের তৈরি প্রযুক্তি ব্যবহার করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে দূর থেকেই ফ্রিজ ও হিমায়িত খাবার সংরক্ষণের যন্ত্রগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
এদিকে চলতি মাসের শুরুতে ইউরোপের আরও কয়েকটি দেশে সুপারশপের ফ্রিজ ও শীতলীকরণ ব্যবস্থায় একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটে। বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের কয়েকটি প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এসব হামলার সঙ্গে ফ্রান্সের ঘটনার একই গোষ্ঠীর সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত করা হয়নি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন